রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মূলত পাহাড়ের তিনটি আঞ্চলিক রাজনৈতিক দলের মধ্যে। এ কারণে নির্বাচনী প্রচারণায় আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর সংঘাতের ছায়াও পড়েছে। এই দলগুলোর সমর্থক চেয়ারম্যান প্রার্থীরা প্রতিপক্ষের এলাকায় গিয়ে প্রচারণা চালাতে ভয় পাচ্ছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ১৫ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। এদের মধ্যে জনসংহতি সমিতি(জেএসএস) সন্তু লারমা পক্ষের সমর্থন নিয়ে নির্বাচন করছেন দলটির স্থানীয় নেতা বড়ঋষি চাকমা, জনসংহতি সমিতি এমএন লারমা পক্ষের সমর্থন নিয়ে ভোটে দাঁড়িয়েছেন দলটির নেতা ও বর্তমান চেয়ারম্যান সুদর্শন চাকমা এবং স্বতন্ত্র প্রার্থী বিশ্বজিৎ চাকমা। এই উপজেলায় ইউপিডিএফ কোনো প্রার্থী না দিলেও স্বতন্ত্র প্রার্থী বিশ্বজিৎ চাকমাকে সমর্থন জানিয়েছে। এর ফলে উপজেলার ভোটের লড়াই কার্যত পাহাড়ের আঞ্চলিক দলগুলোর আধিপত্য বিস্তারের লড়াইয়ে পরিণত হয়েছে।
নির্বাচনে জিততে তিন প্রার্থিই মরিয়া হলেও তাঁরা কেবল নিজ দলের শক্ত অবস্থান আছে এমন এলাকাতেই প্রচারণা চালাচ্ছেন। তবে বাঙালি অধ্যূসিত এলাকাগুলোতে নির্বিঘ্নে প্রচারণা চালাচ্ছেন তিন প্রার্থী।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে তিন পাহাড়িআঞ্চলিক দলের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। তিন দলের কর্মীরা দখল বজায় রাখতে নিজ এলাকায় মহড়া দিচ্ছেন। এসব কারণে আদিবাসীদের মধ্যে ভোটের আমেজ তেমন নেই।
ইউপিডিএফের বাঘাইছড়ি ইউনিট প্রধান জুয়েল চাকমা বলেন, ‘আমরা কোনো প্রার্থী দিইনি। পরে এলাকাবাসীর সমর্থন দেখে বিশ্বজিৎ চাকমাকে সমর্থন দিয়েছি। তাঁর এলাকার গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি ভোটের দৌড়ে এগিয়ে আছেন।’
জেএসএস সন্তু লারমা পক্ষের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি সুরেশ কান্তি চাকমা বলেন, ‘আমাদের প্রার্থীর গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি আদিবাসী-বাঙালি উভয়ের কথাই ভাবেন। তাই নির্বাচনে তাঁর জয় সুনিশ্চিত।’
জেএসএস সন্তু লারমা পক্ষের প্রার্থীর সমন্বয়কারী তন্টুমনি চাকমা বলেন, ‘সাধারণ জনগণের আস্থা রয়েছে আমাদের প্রতি। ফলে, আমাদের প্রার্থী ভোটে জিতবে বলে আশা করছি।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন বলেন, দলের কোনো প্রার্থী নেই। এই তিন প্রার্থীর মধ্যে যাঁকে ভালো লাগে, বাঙালি ভোটাররা তাঁকেই ভোট দেবেন। তবে বাঙালিদের মধ্যে উৎসাহ থাকলেও ভোট নিয়ে আদিবাসীদের মধ্যে কোনো উচ্ছ্বাস নেই।