প্রচারণায় কাদা ছোড়াছুড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ১১ জুন। সাড়ে সাত হাজার ভোটার ওই দিন ভোটাধিকার প্রয়োগ করে নতুন কমিটি নির্বাচন করবেন। গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানের আগামী দিনের কার্যক্রম কীভাবে চলবে, তা অনেকটাই নির্ভর করছে নতুন কমিটির ওপর। এ জন্য শুধু হাসপাতালসংশ্লিষ্ট লোকজনই নন, মহানগরের বেশির ভাগ মানুষের নজর এখন সেই দিকেই।বিভিন্ন প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষের দান-দক্ষিণায় গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটি বেসরকারি উদ্যোগের সফলতার এক অনন্য উদাহরণ। ছোট একটি ক্লিনিক থেকে যাত্রা শুরু করে ৩২ বছরের ব্যবধানে এটি এখন পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিণত হয়েছে। আগের সেই শিশু হাসপাতালের নাম সংশোধিত হয়ে এখন পরিপূর্ণ ‘মা ও শিশু জেনারেল হাসপাতাল’। এ হাসপাতাল ক্যাম্পাসে একে একে প্রতিষ্ঠিত হয়েছে মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ সেন্টার।সংশ্লিষ্ট লোকজন বলছেন, এ প্রতিষ্ঠানের কর্মকাণ্ড বিস্তৃত হওয়ার সঙ্গে এর পরিচালনায়ও সৃষ্টি হয়েছে নানা জটিলতা। আগের পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে অনেকে নির্মাণকাজসহ নানা বাণিজ্যিক কর্মকাণ্ডে নিজেদের পরোক্ষভাবে জড়ানোর চেষ্টা করেছেন। এ নিয়ে পরিচালনা কমিটির মধ্যে অন্তর্বিরোধ ও পারস্পরিক অবিশ্বাস দিনে দিনে দানা বেঁধেছে। ফলে সমঝোতার মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠনের পরিবর্তে আলাদা দুটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পারস্পরিক হীনস্বার্থের কারণে যাতে একটি বড় প্রতিষ্ঠানের অগ্রযাত্রা ব্যাহত না হয়, সে জন্যই এ নির্বাচনকে নিয়ে চট্টগ্রামবাসীর অনেক প্রত্যাশা।আর তাই তিন বছর মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের প্রচারণাও চলছে বেশ জোরেশোরে। ২০১১-১৪ মেয়াদের এ নির্বাচন অনুষ্ঠিত হবে ১১ জুন। তবে প্রচারণায়ও পরস্পরের কাদা ছোড়াছুড়ি চলছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ পাওয়া গেছে। এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম ও আর্থিক দুর্নীতির শ্বেতপত্রও প্রকাশ করেছে। তবে অন্যপক্ষ অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা কোনো ব্যবসায়ী গোষ্ঠীকে এই হাসপাতালের কর্তৃত্ব দিয়ে দিতে চায় না। এক পক্ষ বলছে, তারা হাসপাতালটিকে তিলে তিলে বিন্দু থেকে সিন্ধুতে পরিণত করেছে। অন্য পক্ষ বলছে, ভোটাররা পুরোনোদের বাদ দিয়ে নতুনদের চায়। নাম প্রকাশ না করার শর্তে একজন ভোটারের অভিমত, একটি বড় প্রতিষ্ঠানের নির্বাচনে প্রতিপক্ষের বিরুদ্ধে এ রকম বিরূপ প্রচার গণতান্ত্রিক মানসিকতার পরিপন্থী। ভোটারদের সবাই সচেতন ও শিক্ষিত। তাঁরাই চূড়ান্ত রায় দেবেন, কারা প্রতিষ্ঠানটি পরিচালনার ভার নেবেন।নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। এক প্যানেলে সভাপতি পদপ্রার্থী এ এস এম ফজলুল করিম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আঞ্জুমান আরা ইসলাম ও কোষাধ্যক্ষ পদপ্রার্থী মোহাম্মদ সানাউল্লাহ। অন্য প্যানেলে সভাপতি পদপ্রার্থী এম আমিনুজ্জামান ভূঁইয়া, সাধারণ সম্পাদক পদপ্রার্থী শফিউল আজম ও কোষাধ্যক্ষ পদপ্রার্থী আবদুল মান্নান।