প্রচারণায় ঝাঁপিয়ে পড়েছেন মঞ্জুর
দলীয় কোন্দল সামাল দিয়ে বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মঞ্জুর আলম এবার নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়েছেন। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীর সঙ্গে মতবিনিময় করার নামে প্রচারণা চালাচ্ছেন তিনি। ইতিমধ্যে দলের ভেতরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যাঁরা তাঁর বিরোধিতা করতে পারেন বলে সংশয়ে আছেন তাঁদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা-সাক্ষাৎ করছেন। দলীয় সূত্র জানায়, তিনি বিএনপির বিতর্কিত নেতা ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করে চলেছেন। এর আগে তিনি দলের কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমান এবং তারও আগে দলের নগর কমিটির সহসভাপতি দস্তগীর চৌধুরীর কদমতলির বাসায় গিয়ে ব্যক্তিগতভাবে দেখা করেন এবং নির্বাচনে এঁদের সহায়তা চান। গত বৃহস্পতিবার বিকেলে নগরের জামালখানের একটি সামাজিককেন্দ্রে (কমিউনিটি সেন্টার) মঞ্জুর বিএনপি ও এর অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন। এ বৈঠকের পর থেকেই তিনি মূলত তাঁর মনোনয়ন নিয়ে দলীয় কোন্দল অনেকখানি কমিয়ে আনতে সক্ষম হন বলে জানা গেছে।এ প্রসঙ্গে এম মঞ্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘আশা করি কোনো কোন্দল আর থাকবে না। বিএনপির সব থানা-ওয়ার্ড কমিটির নেতা-কর্মী আমার জন্য মাঠ নেমেছেন। তাঁদের সহায়তায় কম সময়ের মধ্যে নির্বাচনী প্রচারণা শেষ করা সম্ভব হবে।’ মঞ্জুর ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন ঘুম থেকে উঠেই নগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাচ্ছেন মঞ্জুর আলম। রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মী ছাড়াও পেশাজীবী, শ্রমিক, দিনমজুরের সঙ্গে মতবিনিময়ের আড়ালে ভোট চাচ্ছেন তিনি। কেউ তাঁকে নিরাশ করছেন না। এদিকে, আগামী দিনের বাংলাদেশের রাজনীতি কোন পথে যাবে ১৭ জুন অনুষ্ঠেয় চট্টগ্রাম নির্বাচনের ফলাফলে তা নির্ধারিত হবে বলে বিএনপির নেতারা বিভিন্ন অনুষ্ঠানে বলছেন। তাঁদের মতে, এটা কোনো সাধারণ নির্বাচন নয়। তাই দলীয় নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা।গত বৃহস্পতিবারের প্রতিনিধি সভায় নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, মেয়র প্রার্থী এম মঞ্জুর আলম, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বক্তব্য দেন। অনুষ্ঠানে নগরের ১১ থানা ও ৪১ ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। আগামী সিটি নির্বাচনে স্থানীয় বিএনপির তৃণমূল নেতাদের করণীয় সম্পর্কে জানাতে এ প্রতিনিধি সভার আয়োজন করা হয়।আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ভোলার নির্বাচন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ওই নির্বাচনে কিছু এজেন্ট কেন্দ্রে যাননি। আর যাঁরা গেছেন তাঁরা কাজ করতে পারেননি। চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোটকেন্দ্রে এমন এজেন্ট দিতে হবে যাঁদের গায়ে বিএনপির রক্ত বইছে এবং শত বাধার মুখে রক্ত দিতে তাঁরা প্রস্তুত থাকবে।’দলীয় নেতাদের সতর্ক করে দিয়ে খসরু বলেন, ‘ভোটে কারচুপি কীভাবে করতে হয় তা আওয়ামী লীগ জানে। তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপব্যবহার করতে চাইবে। ভোট বাক্সে ভুয়া ব্যালট ঢুকিয়ে দেবে। এ ব্যাপারে এজেন্টদের সতর্ক থাকতে হবে।’ মেয়র প্রার্থী এম মঞ্জুর আলম ১৭ জুনের নির্বাচনকে বাঁচামরার নির্বাচন অভিহিত করে বলেন, ‘১৬-১৭ বছর আগে যে পথ আমরা হারিয়েছি তা পুনরুদ্ধার করতে হবে। তাই এ নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে নিয়ে ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে।’ সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম ১৭ জুনের নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘কেউ মুনাফেকি করলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। মঞ্জুরকে বিএনপি সমর্থন দিয়েছে। তাই দলীয় নেতাদের ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে।’সভায় নগর বিএনপির ৪১ ওয়ার্ড ও ১১ থানার নেতারা উপস্থিত ছিলেন। তবে নোমান সমর্থিত পাল্টা কমিটির নেতা-কর্মীদের এ অনুষ্ঠানে দেখা যায়নি। উল্লেখ্য, চট্টগ্রাম নগরের ৩৩ ওয়ার্ড ও ১১ থানায় নোমান সমর্থিতদের পাল্টা কমিটি আছে, যাঁরা নির্বাচনে প্রভাব ফেলতে ভূমিকা রাখতে সক্ষম বলে জানা গেছে।নোমান সমর্থিত এক নেতা নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, ‘পাল্টাপাল্টি কমিটির নেতাদের সমন্বয় না করে নির্বাচনী প্রচারণা চালালে ফলাফল কোনোভাবে ইতিবাচক হবে না। মঞ্জুর সাহেবকে আমরা সে কথা জানিয়ে দিয়েছি। কীভাবে সমন্বয় করে কাজ করা যায় তা মঞ্জুর সাহেবকে চিন্তা করতে হবে। খসরুর লোকজন নিয়ে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালিত হলে কোন্দল আরও বাড়বে।’