প্রচারণায় নেই বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রচারণার মাঠে নেই বিএনপি-সমর্থিত প্রার্থীরা। মামলা দিয়ে পুলিশি হয়রানি ও ক্ষমতাসীন দলের সমর্থকদের হুমকিতে তাঁরা মাঠে নামতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। মরিয়মনগর ইউনিয়নে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মো. হোসেন জানান, ১৩ ইউনিয়নে বিএনপি-সমর্থিত ১৩ জন চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন। আইনজীবীর মাধ্যমে তাঁরা মনোনয়নপত্র জমা ও বাছাইপর্ব সারলেও মাঠে নামতে পারছেন না। মনোয়নপত্র জমা দেওয়ার আগে থেকেই প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল কাউকে কাউকে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর শুরু হয় একের পর এক মামলা। এ পর্যন্ত দুটি গাড়ি ভাঙচুর মামলায় ১৩ জন চেয়ারম্যান পদপ্রার্থী সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন থেকে জামিন নিয়েছেন। আরও একটি মামলায় জামিন নেওয়ার জন্য চেষ্টায় আছেন। রাজানগরের বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দিন চৌধুরী বলেন, ‘মামলায় জামিনে থাকলেও পুলিশের ভয়ে মাঠে প্রচারণা চালানো সম্ভব হচ্ছে না। ৬ জুন বগাবিলি এলাকায় গণসংযোগ করতে গিয়ে পুলিশি বাধার সম্মুখীন হই।’ একই কথা বলেছেন পোমরা ইউপির বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম আলী চৌধুরী। এ প্রসঙ্গে উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত বলেন, ‘পুলিশ বিএনপি-সমর্থিত ১৩ চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে একাধিকবার হানা দিয়ে তল্লাশি চালানোর নামে ভীতি প্রদর্শন করেছে। এতে তাঁরা গ্রেপ্তারের আতঙ্কে ভুগছেন। ফলে নির্বাচনী প্রচারণায় কোনো প্রার্থী মাঠে নামতে পারছেন না। অবস্থা দেখে মনে হচ্ছে, নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের প্রতিদ্বন্দ্বী পুলিশ।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের প্রধান সমন্বয়কারী তানভীর আজম সিদ্দিকী বলেন, ‘তাঁরা নিজেদের মামলা নিয়ে ব্যস্ত থাকার কারণে হয়তো প্রচারণায় নামতে পারছেন না। কেউ বাধা দিচ্ছেন না।’থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, ‘পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে। এতে কোনো রকম প্রভাব নেই।’শুধু বিএনপি-সমর্থিত প্রার্থী নয়, আওয়ামী লীগ-সমর্থিত অনেক প্রার্থীও মামলা ও পুলিশি হয়রানির কথা জানান। নাম প্রকাশ না করার শর্তে শিলক ইউপি নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত এক চেয়ারম্যান পদপ্রার্থী বলেন, ‘শিলকের মতো কয়েকটি ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত কয়েকজন চেয়ারম্যান পদপ্রার্থী পুলিশ দিয়ে অপর প্রার্থীকে ঘায়েল করে ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছেন। আওয়ামী লীগ-সমর্থিত হয়েও অনুসারী নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশি হয়রানি করাচ্ছেন তাঁরা।’ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের নেতারা দলের প্রার্থীদের সমন্বয়ের চেষ্টা করেছিলেন। কিন্তু তা না মেনে অনেকেই প্রার্থী হয়েছেন। তবুও এতে নেতারা কোনো রকম প্রভাব খাটাচ্ছেন না।’ উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম জানান, ২১ জুন উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হবে। গত ১৭-২৬ মে পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র নেওয়া হয়। ২৮ ও ২৯ মে মনোনয়নপত্র বাছাই করা হয়। ৫ জুন মনোনয়নপত্র প্রত্যাহার ও ৬ জুন প্রতীক বরাদ্দ দেওয়া হয়।