প্রচারণায় পিছিয়ে প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গত মঙ্গলবার কোনো প্রার্থীর প্রচারণা তেমন চোখে পড়েনি। এ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী কারা তা-ও জানতেন না অনেক ভোটার। বুধবার প্রতীক বরাদ্দের পরও প্রায় একই চিত্র। পাঁচ কাউন্সিলর প্রার্থীর মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত দু-একজন গণসংযোগ শুরু করেছেন। ওইদিন কয়েকজন প্রার্থীর পোস্টার দেখা গেছে। তবে শুক্রবারে প্রায় সবাই নির্বাচনী কার্যালয় খুলে প্রচারণায় নেমে পড়েছেন। দিনে দিনে প্রচারণার মাত্রা ও ধরন বদলে যাবে বলে মন্তব্য স্থানীয় লোকজনের।৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েছেন জালাল উদ্দিন ইকবাল (আপেল), মো. ইসমাইল (হাতি), দেবাশীষ গুহ (পদ্মফুল), আবু মোহাম্মদ রাশেদ চৌধুরী (সিংহ) ও আশফাক আহমদ (বৈদ্যুতিক পাখা)। এরমধ্যে মো. ইসমাঈল বিএনপি সমর্থক (হাতি), বাকি চারজনই আওয়ামী লীগ সমর্থক। ওয়ার্ডের মোট ভোটার প্রায় সাড়ে ২১ হাজার। গত নির্বাচনে বর্তমান ওয়ার্ড কাউন্সিলর জালাল উদ্দিন ইকবাল ও মো. ইসমাইলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। তৃতীয় অবস্থানে ছিলেন আশফাক আহমেদ। ভোটারদের মতে, এবার প্রতিদ্বন্দ্বিতা হবে ত্রিমুখী—জালাল উদ্দিন ইকবাল, মো. ইসমাইল ও দেবাশীষ গুহের মধ্যে।‘ভোট হচ্ছে একটা উৎসবের মতো। এত দিন যাঁদের দেখি নি, তাঁরাই এখন জনগণের বন্ধু সেজে সবার সঙ্গে হাত মেলাচ্ছেন, কোলাকুলি করছেন, দুদিন পর তাঁদের আর দেখা যাবে না। কাউন্সিলর যে-ই হোক এলাকার কোনো উন্নয়ন হবে না, এটাই হলো বাস্তবতা।’ পাথরঘাটা কলাবাগিচার মোড়ের এক দোকান থেকে ওষুধ কেনার সময় কথাগুলো বলেন আসলাম উদ্দিন। তিনি বলেন ‘দিতে হয় বলে ভোট দেব।’ তবে তরুণদের মধ্যে বিশেষ করে যাঁরা নতুন ভোটার তাঁদের ভাবনাটা একটু ভিন্ন। কথা হয় পাথরঘাটা এলাকার নতুন ভোটার সুমন দাশের সঙ্গে। তিনি বলেন, ‘প্রার্থীর পরিবার, অতীত কর্মকাণ্ড, সমাজের প্রতি দায়বদ্ধতা, শিক্ষাগত যোগ্যতা, পরিশ্রম করার মানসিকতা দেখে ভোট দেব।’ জালাল উদ্দিন ইকবাল তিনবারের নির্বাচিত কাউন্সিলর। নতুন প্রার্থী আবু মো. রাশেদ চৌধুরী বলেন, ‘আজকাল সব জায়গাতেই লেগেছে পরিবর্তনের হাওয়া। এ পরিস্থিতিতে এলাকাবাসীও চান কাউন্সিলর পদে পরিবর্তন। আসলে কিছু ভালো কাজ করার মানসিকতা নিয়ে আমি মনোনয়নপত্র দাখিল করি।’ তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁরাও নিজ নিজ জায়গা থেকে ভালো।’ ‘১৯৭১ সালে দেশকে হানাদারমুক্ত করতে হাতে তুলে নিয়েছিলাম অস্ত্র, স্বাধীন দেশে নিজ এলাকার জন্য কিছু করার চিন্তা থেকে এবার কাউন্সিলর প্রার্থী হয়েছি।’ বললেন দেবাশীষ গুহ। তিনি বলেন, ‘জয়ী না হলেও আমি এলাকায় থাকব, মাঠপর্যায়ে কাজ চালিয়ে যাব।’মো. ইসমাইল বলেন, ‘২০০৫ সালের নির্বাচনে আমি দ্বিতীয় হয়েছিলাম। কাউন্সিলর না হয়েও জনগণের জন্য অনেক কাজ করেছি। এবার নির্বাচিত হলেও জনগণের পাশে থাকব। জনগণ আমাকে রায় দেবেন বলে আশা রাখি।’