প্রচারণায় মুখর ফটিকছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো ফটিকছড়ি পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে আগামী শনিবার। চলছে শেষ মুহূর্তের প্রচারণা। প্রার্থীরা ভোটারদের ঘরে-ঘরে গিয়ে চাইছেন কাঙ্ক্ষিত ভোট। পৌরসভার ২৫ হাজার ৪৪৪ জন ভোটার ১৭টি ভোটকেন্দ্রে শনিবার সকাল আটটা থেকে একটানা বিকেল চারটা পর্যন্ত ভোট দেবেন।এই পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী হয়েছেন পাঁচজন। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও রাঙ্গামাটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম সিরাজুল ইসলাম (তালা মার্কা), উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. ইসমাইল হোসেন (চশমা), উপজেলা বিএনপির নেতা মোবারক হোসেন ওরফে কাঞ্চন (দোয়াত-কলম), বিএনপি নেতা মো. ইদ্রিস রায়হান (আনারস) এবং নাগরিক কমিটির প্রার্থী মো. করিম উল্লাহ চৌধুরী (দেয়ালঘড়ি)। তবে, মোবারক হোসেন ছাড়া অন্য প্রার্থীরা কেউ দলের সমর্থন নিয়ে নির্বাচন করছেন না বলে স্বীকার করেছেন প্রথম আলোর কাছে।উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এস এম সোলাইমান বলেন, দুজন মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগের সমর্থক। তবে, দলের পক্ষ থেকে কাউকে সমর্থন জানানো হয়নি।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মো. ওমর ফারুক বলেন, ‘একক প্রার্থী হিসেবে মোবারক হোসেনকে বিএনপির পক্ষ থেকে সমর্থন জানানো হয়েছে। দলীয় প্রার্থীর জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।’ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনে আওয়ামী লীগের সমর্থক দুই প্রার্থী এম সিরাজুল ইসলামের সঙ্গে মো. ইসমাইল হোসেনের প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। এ দুই প্রার্থীর যেকোনো একজন নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। বিএনপি সমর্থিত প্রার্থী মোবারক হোসেন মাঠ চষে বেড়ালেও ইতিপূর্বে পৌরসভা গঠনের বিপক্ষে অবস্থান নেওয়ায় বর্তমানে তিনি বেশ বেকায়দায় রয়েছেন। বিএনপির সমর্থক অপর প্রার্থী মো. ইদ্রিস রায়হান নির্বাচনের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করে একপ্রকার জনবিচ্ছিন্ন।মেয়র পদপ্রার্থী এম সিরাজুল ইসলাম বলেন, ‘রাঙ্গামাটিয়া ইউনিয়নে দুবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। সে সময় আমি যা উন্নয়ন করেছি এখন পর্যন্ত অন্য কারও পক্ষে তা সম্ভব হয়নি। তাই ভোটাররা এবারও আমার পক্ষে রায় দেবেন।’ মেয়র প্রার্থী মো. ইসমাইল হোসেন বলেন, ‘দীর্ঘ ১০ বছর ধরে এলাকার মসজিদ-মন্দির, স্কুল-কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে আমি যুক্ত। এলাকাবাসীর মৌলিক অধিকার, বিদ্যুতের ন্যায্য দাবি নিয়ে আমি সোচ্চার ছিলাম। এ কারণে ভোটাররা আমাকে ভোট দেবেন।’ মেয়র পদপ্রার্থী করিম উল্লাহ চৌধুরী বলেন, ‘সাধারণ ভোটাররা শিক্ষিত ও মার্জিত লোকের হাতে মেয়রের দায়িত্ব তুলে দিতে চান। নির্বাচিত হলে পৌরসভাকে রক্ষায় বেড়িবাঁধ নির্মাণ, বিদ্যুৎ সমস্যা দূরীকরণ ও রাস্তাঘাটের উন্নয়নে ভূমিকা রাখব।’মেয়র পদপ্রার্থী মোবারক হোসেন বলেন, ‘এর আগে ধুরুং ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। সে সময় এলাকার যথেষ্ট উন্নয়ন হয়েছে। অন্যদিকে, দলের আমি একক প্রার্থী। এ কারণে নির্বাচিত হওয়ার ব্যাপারে আমি আশাবাদী।’মেয়র পদপ্রার্থী মো. ইদ্রিস রায়হান বলেন, ‘নির্বাচিত হলে এলাকার তরুণদের স্বার্থ সংরক্ষণ, ন্যায়বিচার ও দুর্নীতি প্রতিরোধে আমার ভূমিকা অব্যাহত থাকবে।’ সরেজমিনে দেখা গেছে, মেয়র পদপ্রার্থী ছাড়াও তিনটি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের ১১ জন এবং নয়টি সাধারণ ওয়ার্ডে ৫৯ জন কাউন্সিলর প্রার্থীও ঘরে-ঘরে গিয়ে ভোট চাইছেন।