
কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি মানছে না কোনো প্রার্থী। নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা হচ্ছে শিশু-কিশোরদের। দুপুর দুইটার পর থেকে গভীর রাত পর্যন্ত চলছে একাধিক মাইকে প্রচারণা। ফলে মাইকের শব্দে কান ঝালাপালা হয়ে যাচ্ছে এলাকাবাসীর। বিপাকে পড়েছে এসএসসিসহ বিভিন্ন স্তরের পরীক্ষার্থীরা।
৩১ মার্চ এই উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ছয়জন চেয়ারম্যান, ১২ জন ভাইস চেয়ারম্যান ও চারজন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সরেজমিনে দেখা গেছে, ঘড়ির কাঁটা বেলা দুইটার ঘরে আসার সঙ্গে সঙ্গে টেকনাফ পৌর শহরসহ বিভিন্ন স্থানে নেমে পড়ে প্রার্থীদের শতাধিক গাড়ি। জিপ (চাঁদের গাড়ি), অটোরিকশা, ইজিবাইক ও রিকশায় মাইক বেঁধে চলে রিরামহীন প্রচারণা। এর মধ্যে জিপ, ইজিবাইক ও অটোরিকশায় বাঁধা হচ্ছে একাধিক মাইক। এসব গাড়িতে প্রচারণার কাজে ব্যবহার করা হচ্ছে শিশু-কিশোরদের। গাড়িতে ছোটদের কেউ গানবাজনা করে, কেউ স্লোগান দেয়, কেউবা মাইকিং করে প্রার্থীদের পক্ষে ভোট চায়।
অনেক সময় মাইক বাঁধা ১০ থেকে ১২টি গাড়ি দিয়ে একই স্থানে একসঙ্গে প্রচারণা চালানো হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর এই প্রবণতা দেখা যাচ্ছে বেশি। এ ছাড়া দেয়ালে পোস্টার সাঁটানো তো রয়েছেই। ওই কাজেও ব্যবহার করা হচ্ছে শিশুদের।
উপজেলা পরিষদ নির্বাচনী আচরণ বিধিমালার ২১ (১) ধারায় উল্লেখ আছে, ‘কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী একই সঙ্গে পথসভার জন্য একটি এবং নির্বাচনী প্রচারণার জন্য একটির অধিক মাইক্রোফোন বা শব্দের মাত্রা বর্ধনকারী অন্যবিধ যন্ত্র ব্যবহার করিতে পারিবেন না।’ দেয়ালে পোস্টার লাগানো এবং অতিরিক্ত নির্বাচনী কার্যালয় স্থাপনের ব্যাপারেও রয়েছে নিষেধাজ্ঞা।
এই উপজেলায় চেয়ারম্যান প্রার্থীরা হলেন বিএনপি-সমর্থিত একক প্রার্থী সরোয়ার কামাল চৌধুরী (ঘোড়া), বিএনপির ‘বিদ্রোহী’ মোহাম্মদ আব্দুল্লাহ (টেলিফোন), আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলী (দোয়াত কলম) ও জাফর আহমদ (আনারস), জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থী নুর আহমদ আনোয়ারী (মোটরসাইকেল) এবং স্বতন্ত্র মোস্তাক আহমদ (চিংড়ি মাছ)। মোস্তাক আরেক প্রার্থী জাফর আহমদের ছেলে।
একাধিক মাইক ব্যবহার প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘নির্বাচনী প্রচারণায় কয়টি মাইক ব্যবহার করা যাবে-সেটা জানানো হয়নি। দুয়ের বেশি মাইক ব্যবহারে বিধি-নিষেধ থাকলে ঠিক করে নেব।’
জাফর আহমদের পক্ষে তাঁর প্রধান সমন্বয়কারী দিদার হোসেন বলেন, ‘ভোটের প্রচারণায় মাইক ব্যবহারের সুস্পষ্ট ধারণা নেই আমাদের। সবাই যেভাবে ব্যবহার করছে, আমরাও তাই করছি। তবে দেয়ালে পোস্টার তুলে নেওয়া হবে।’ মোহাম্মদ আলীর পক্ষে তাঁর প্রধান সমন্বয়কারী মাহবুব মোরশেদ বলেন, ‘নির্বাচনে সকল প্রার্থী প্রচারণায় দুটি করে মাইক ব্যবহার করছেন-তাই আমরাও করছি।’
পৌরসভার বাস স্টেশন এলাকার ব্যবসায়ী আবদুর রহমান বলেন, ‘সড়কের দুই পাশে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান। কিন্তু সড়কের ওপর অসংখ্য গাড়ির নির্বাচনী প্রচারণায় ব্যবসা করা দায় হয়ে পড়েছে। মাইকের শব্দে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। অথচ এসব দেখার যেন কেউ নেই। টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী নজরুল ইসলাম জানায়, শব্দ দূষণের কারণে কোনো লেখাপড়াই হচ্ছে না।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া বলেন, ‘প্রার্থীরা কেউ কেউ আচরণবিধি লঙ্ঘন করছেন বলে আমরা খবর পাচ্ছি। নির্বাচন কার্যালয় চাইলে পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।’
এ প্রসঙ্গে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. মোজাহিদ উদ্দিন বলেন, আচরণবিধি লঙ্ঘন বন্ধ করতে দ্রুত ভ্রাম্যমাণ আদালত মাঠে নামনো হচ্ছে।