প্রচারণায় সংস্কার ইস্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে শেষ সময়ের প্রচারণা চালিয়ে যাচ্ছে দুটি প্যানেল। প্রার্থীদের এমন প্রচারণায় ঠাঁই করে নিয়েছে ভোটার তালিকা সংস্কারের বিষয়টি। এ ব্যাপারে নিজেদের অবস্থান তুলে ধরে ভোট চাইছে এক পক্ষ। আরেক পক্ষ বলছে, সংস্কারের বিষয়টি নির্বাচন বোর্ডের হাতে। তারা ব্যবসায়ীদের যোগ্য নেতা নির্বাচনে ভোট চাইছে। এমন পরিস্থিতির মধ্যে কাল সোমবার অনুষ্ঠিত হচ্ছে চেম্বারের নির্বাচন।নির্বাচন বোর্ড সূত্রে জানা গেছে, চেম্বারের ২৪ পরিচালক পদের নির্বাচনে ইতিমধ্যে তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ কারণে নির্বাচন হচ্ছে ২১ পরিচালক পদে। নির্বাচনে ২৪ পরিচালক পদে মাহবুবুল আলম ও নুরুন নেওয়াজ সেলিম প্যানেলের প্রার্থী ২৮ জন। এর মধ্যে ট্রেড গ্রুপে এই প্যানেল থেকে তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোরশেদ মুরাদ ও এম এ ছালাম প্যানেলের প্রার্থী আছেন ১৭ জন। প্রার্থীরা যখন প্রচারণা চালাচ্ছেন তখন চেম্বারের নির্বাচনী বোর্ডে চলছে শেষ মুহূর্তের নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা। গতকাল শনিবার দুপুরে মুঠোফোনে জানতে চাইলে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জামালউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বৈঠকে ভোটার তালিকায় বিকল্প প্রতিনিধি না রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্তের কারণে এই নির্বাচনে মূল ভোটারকে ভোট দিতে হবে। বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে সদস্যদের জানিয়ে দেওয়া হচ্ছে।’জানা গেছে, শতবর্ষী এই চেম্বারের নির্বাচনে সংস্কারের দাবি তুলে আইনের আশ্রয় নিয়েছিল একটি পক্ষ। আদালতের নির্দেশনা অনুসারে কিছু সংস্কারও করতে বাধ্য হয় নির্বাচনী বোর্ড। ভোটার তালিকা থেকে ভুয়া কর শনাক্তকরণ নম্বরধারী এবং ট্রেড লাইসেন্সধারীদের বাদও দেওয়া হয়। তবে তখন থেকে সংস্কারপন্থীদের মূল দাবি ছিল, ভোটার তালিকা থেকে বিকল্প প্রতিনিধির নাম বাদ দেওয়া হোক। জানা গেছে, নির্বাচনে সংস্কারের পক্ষে আইনি লড়াই চালিয়ে আসছে চট্টগ্রাম শিল্প ও বণিক পর্ষদ। এই পর্ষদের নেতৃস্থানীয় ব্যক্তিরা নির্বাচনে অংশ নেননি। তবে এই পর্ষদকে সমর্থন দিচ্ছে বর্তমান সভাপতি মোরশেদ মুরাদ-এম এ ছালাম প্যানেল। জানতে চাইলে পর্ষদের আহ্বায়ক এস এম নুরুল হক প্রথম আলোকে বলেন, ‘ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী এই সংগঠনে যাতে প্রকৃত ব্যবসায়ীরা প্রতিনিধিত্ব করতে পারেন, সে জন্য আমরা ভোটার তালিকা সংস্কারের জন্য আইনের আশ্রয় নিয়েছি। কোনো গোষ্ঠীর কাছে চট্টগ্রাম চেম্বার যাতে জিম্মি না হয়, সে জন্য আমাদের এই প্রচেষ্টা।’তবে সংস্কার নিয়ে চিন্তাভাবনা করছে না মাহবুবুল আলম ও নুরুন নেওয়াজ সেলিম প্যানেল। জানতে চাইলে মাহবুবুল আলম গতকাল সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি এখন আগ্রাবাদে প্রচারণার কাজে ব্যস্ত। নির্বাচন বোর্ড কী সিদ্ধান্ত নিল, না নিল সেটি আমাদের কাছে মুখ্য নয়। আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি, ব্যবসায়ীদের যোগ্য নেতা নির্বাচন করতে হলে এ প্যানেলের বিকল্প নেই।’ নির্বাচনে অপর প্যানেল মোরশেদ মুরাদ-এম এ ছালাম প্যানেল চায় ভোটার তালিকা পুরোপুরি সংস্কার করে নির্বাচন হোক। নির্বাচনী প্রচারণায়ও তারা ভোটারদের কাছে বিষয়টি তুলে ধরছে। এ প্রসঙ্গে মোরশেদ মুরাদ প্রথম আলোকে বলেন, ‘সংস্কার হলে ব্যবসায়ীদের যোগ্য প্রতিনিধি নির্বাচিত হবেন। সে জন্য শুরু থেকে আমরা ভোটার তালিকার সংস্কার সমর্থন করেছি।’