প্রচারণায় সরগরম ফটিকছড়ি

প্রচারণায় সরগরম ফটিকছড়ি উপজেলা। সকাল থেকে রাত অবধি ফুরসত মিলছে না প্রার্থীদের। ভোটারদের বাড়ি বাড়ি ঢুঁ মারছেন তাঁরা। ভোটাররাও উপভোগ করছেন নির্বাচনী আমেজ। এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ মার্চ।
সরেজমিনে দেখা গেছে, পাড়া-মহল্লার চায়ের দোকান, বাজার—সবখানেই এখন আলোচনার বিষয় নির্বাচন। কোন প্রার্থীকে ভোট দিলে উন্নয়ন হবে, কিংবা কার অতীত কী রকম—এ ধরনের হিসাব-নিকাশে ব্যস্ত ভোটাররা।
হেঁয়াকো এলাকার ভোটার আবু কালাম সিদ্দিক (৩৩) বলেন, এখানে সংসদ নির্বাচন হলেও তা জমেনি। উপজেলা পরিষদের নির্বাচনে সব দলের প্রার্থীরা অংশ নেওয়ায় সত্যিকারের নির্বাচনী আমেজ পাওয়া যাচ্ছে। নাজিরহাট এলাকার ভোটার সাইফুর রহমান (২২) বলেন, ‘এলাকার উন্নয়ন ও শিক্ষার প্রসারে যে প্রার্থী ভূমিকা রাখবেন, তাঁকেই আমরা ভোট দেব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম জানান, নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে ছয় ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার তিন লাখ ২৬ হাজার ৬৮৪। ভোটকেন্দ্র ১৩৩টি।
চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন আওয়ামী লীগের একক প্রার্থী এম. তৌহিদুল আলম (আনারস), বিএনপির মো. সরোয়ার আলমগীর (মোটরসাইকেল), মো. ছালাহ উদ্দিন (কাপ-পিরিচ) ও জামায়াতে ইসলামীর একক প্রার্থী হাবিব আহমদ (দোয়াত-কলম)।
ভাইস চেয়ারম্যান পদে আছেন আওয়ামী লীগের একক প্রার্থী উত্তম কুমার মহাজন (তালা), বিএনপির এইচ এম নাসির উদ্দিন (চশমা), খোরশেদুল আলম (টিউবওয়েল), জামায়াতের একক প্রার্থী আলমগীর মো. ইউনুস (উড়োজাহাজ), ইসলামী ঐক্যজোটের আবু তালেব (মাইক) ও আশরাফ বিন এয়াকুব (বৈদ্যুতিক বাল্ব)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী জেবুন নাহার (প্রজাপতি), বিএনপির তামান্না হাসনাত (ফুটবল), তসলিমা আকতার (কলস) ও জামায়াতের একক প্রার্থী সাজিয়া সুলতানা (হাঁস)।
এম তৌহিদুল আলম জানান, দলের আশীর্বাদ ও উপজেলাবাসীর অনুগ্রহে তিনি এ পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচিত হয়ে উপজেলাবাসীর সেবা করতে চান।
মো. সরওয়ার আলমগীর বলেন, ‘ফটিকছড়িবাসী দীর্ঘদিন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বিভিন্ন হামলা-মামলার শিকার হয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে ন্যায্য অধিকার আদায়ের চেষ্টা করব।’