প্রজনন মৌসুমেও কাঁকড়া আহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত কাঁকড়ার প্রজনন মৌসুম। এই তিন মাস কাঁকড়া আহরণ নিষিদ্ধ। কিন্তু এসব মানছেন না টেকনাফ ও সেন্ট মার্টিনের আহরণকারীরা। প্রতিদিন কাঁকড়া আহরণ করে বিক্রি করছেন তাঁরা।
উপকূলের প্যারাবন, সমুদ্র উপকূল, নাফ নদী ও প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন থেকে নিষিদ্ধ জালে বিপুল পরিমাণে কাঁকড়া আহরণ করা হচ্ছে। কাঁকড়ার উল্লেখযোগ্য অংশ সেন্ট মার্টিন সৈকতে চড়া দামে পর্যটকদের কাছে বিক্রি করা হচ্ছে। অবশিষ্ট কাঁকড়া যাচ্ছে কক্সবাজার ও চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয়। সরেজমিন ঘুরে ও আহরণকারীদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. শাহ আলম বলেন, প্রজনন মৌসুমে কাঁকড়া নষ্ট করা হলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। বংশবিস্তার লোপ পাবে কাঁকড়ার।
কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, বঙ্গোপসাগরে গিয়ে মাছ ধরার মতো এই জেলায় ট্রলার আছে ছোট–বড় প্রায় ছয় হাজার। এসব ট্রলারে জেলে আছে প্রায় ১ লাখ ২০ হাজার। ৯০ শতাংশ জেলে প্রজনন মৌসুমে কাঁকড়া নিধনের বিষয়ে সরকারি নিষেধাজ্ঞা সম্পর্কে সচেতন নন। এর ফলে কাঁকড়া নিধন চলছেই। হোটেল-রেস্তোরাঁয় কাঁকড়ার চাহিদা বাড়ছে। কক্সবাজার ভ্রমণে আসা লোকজনের আকর্ষণ ও চাহিদা আছে কাঁকড়ার প্রতি।
৪ মার্চ টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাটমোরাপাড়া উপকূলে গিয়ে দেখা গেছে, কয়েকজন লোক লোহার শিক দিয়ে প্যারাবন থেকে কাঁকড়া ধরছেন। আমির হোসেন নামের এক ব্যক্তি কাঁকড়া ধরেছেন ৪৫টির মতো।
আমির হোসেন (৩২) বলেন, কয়েক বছর ধরে সাগরে তেমন মাছ ধরা পড়ছে না, অভাব-অনটনে কাটছিল সংসার। পেশা বদল করে তিনি কাঁকড়া আহরণে নেমে পড়েন। কারণ কাঁকড়ার চাহিদা বেশি। দামও ভালো পাওয়া যায়। এখন প্রতিদিন কাঁকড়া বিক্রি করে ৮০০ থেকে ১ হাজার টাকা পাওয়া যাচ্ছে।
সেন্ট মার্টিন দ্বীপেও একইভাবে কাঁকড়া আহরণ করতে দেখা যায়। এখানেও অনেক জেলে এখন মাছ না ধরে কাঁকড়া আহরণ করে জীবিকা নির্বাহ করছেন। কথা হয় কালী দাশ, গৌতম রায় সরকার, সিরাজ মিয়া, নুরুল আমিন, নজরুল ইসলাম, সুলতান আহমদ, হুমায়ুন রশিদ ও বাবুল মিয়ার সঙ্গে। একসময় তাঁরা টেকনাফের নাফ নদীতে মাছ ধরতেন। এখন পেশা বদল করে কাঁকড়া ধরতে আসেন সেন্ট মার্টিন। গৌতম রায় বলেন, সেন্ট মার্টিনে দৈনিক পাঁচ হাজার পর্যটক আসছেন। অন্তত এক হাজার পর্যটকের পছন্দের খাবার কাঁকড়া। কিন্তু চাহিদা অনুযায়ী কাঁকড়া আহরণ করা সম্ভব হচ্ছে না। দ্বীপের চারদিকে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে কাঁকড়া ধরার পাশাপাশি নাফ নদী, প্যারাবন ও সাগর উপকূলীয় এলাকায় লোহার শিক দিয়েও গর্তে লুকিয়ে থাকা কাঁকড়া ধরা হচ্ছে। জানতে চাইলে টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী বলেন, জানুয়ারি থেকে মার্চ এই তিন মাস সমুদ্র উপকূলে কাঁকড়ার প্রজনন মৌসুম চলাকালে কাঁকড়া নিধন, আহরণ ও বিপণন নিষিদ্ধ। কিন্তু তারপরও উপকূলজুড়ে কাঁকড়া নিধন চলছে। এসব দেখাশোনার দায়িত্ব উপকূলীয় বন বিভাগের।
উপকূলীয় বন বিভাগ টেকনাফের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ও টেকনাফ সদর বিট কর্মকর্তা মো. নাছির আহমদ বলেন, উপকূলের সংরক্ষিত বন এলাকায় প্রজনন মৌসুমে কাঁকড়া ধরা নিষিদ্ধ রয়েছে। আগে নাফ নদীর প্যারাবনের ভেতর থেকে কাঁকড়া আহরণ করা হতো। কড়াকড়ির কারণে এখন নাফ নদীর উপকূল থেকে (প্যারাবনের বাইরে) কাঁকড়া ধরা হচ্ছে। এ ক্ষেত্রে বন বিভাগের করার কিছু থাকে না। তা ছাড়া বিশাল উপকূল রাতদিন পাহারা দেওয়ার মতো জনবল বন বিভাগের নেই।