প্রজননস্বাস্থ্য সম্পর্কে সবাইকে জানাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশের কিশোর-কিশোরীরা যৌনস্বাস্থ্য ও প্রজননস্বাস্থ্য সম্পর্কে সচেতন নয়। এ কারণে তাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে অজ্ঞানতার কারণে কিশোর-কিশোরীদের জীবন হুমকির মুখেও পড়ছে। এ ব্যাপারে প্রথম আলো কথা বলেছে মুহাম্মদ মুনীর হোসেনের সঙ্গে। তিনি বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কৈশোরকালীন যৌন ও প্রজননস্বাস্থ্য বিভাগের প্রকল্প ব্যবস্থাপক।

মুহাম্মদ মুনীর হোসেন
মুহাম্মদ মুনীর হোসেন

প্রথম আলো: কিশোর-কিশোরীদের যৌনস্বাস্থ্য ও প্রজননস্বাস্থ্যের পরিচর্যা কেন প্রয়োজন?
মুহাম্মদ মুনীর হোসেন:  ১০ থেকে ১৯ বছর পর্যন্ত বয়সকে কৈশোরকাল ধরা হয়। এই সময়ে কিশোর-কিশোরীদের মধ্যে শরীর ও মন ধারাবাহিক পরিবর্তনের মধ্য দিয়ে যায়। এই পরিবর্তনের কারণে তাদের শারীরিক ও মানসিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। ভবিষ্যতে তাদের যৌন ও প্রজননস্বাস্থ্যের সুস্থতার জন্য বিভিন্ন ধরনের তথ্য ও সেবার প্রয়োজন। বিভিন্ন তথ্যমতে, কিশোর-কিশোরীদের যেসব কারণে কর্মক্ষমতা কমে যায় বা মৃত্যুও হয়, এর মধ্যে যৌনস্বাস্থ্যের সমস্যা অন্যতম। এ জন্য বিশেষভাবে এর পরিচর্যার প্রয়োজন।
প্রথম আলো: যৌনস্বাস্থ্য ও প্রজননস্বাস্থ্য এবং এসবের অধিকার সম্পর্কে আমাদের দেশের কিশোর-কিশোরীরা কেন ভালোভাবে জানতে পারে না? প্রতিবন্ধকতা কোথায়?
মুহাম্মদ মুনীর হোসেন: আইসিডিডিআরবি ও পপুলেশন কাউন্সিলের তথ্যমতে, কিশোর-কিশোরীদের মধ্যে মাত্র ১৫ শতাংশ ছেলে ও ৯ শতাংশ মেয়ে এইচআইভি ও যৌনরোগ সম্পর্কে পরিপূর্ণ তথ্য জানে। সার্বিক পরিস্থিতি যখন এ রকম, সেই বাস্তবতায় তাদের এই বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান থাকা প্রয়োজন। কিন্তু বিভিন্ন কারণে তারা এই বিষয়ে জানতে পারে না। প্রতিবন্ধকতার একটি বড় কারণ সামাজিক ট্যাবু। এ বিষয়ে কথা বলা বা আলোচনা করা উচিত নয়, এমন একটি ধারণা সমাজে প্রচলিত আছে। পাঠ্যপুস্তকগুলোতে সম্প্রতি যৌ​নবিষয়ক শিক্ষা অন্তর্ভুক্ত করা হলেও পড়ানো হয় না। শিক্ষকেরা যাতে এ বিষয়গুলো শিক্ষার্থীদের সহজে পড়াতে পারেন, সে জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে। জীবনের জন্য এসব বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ। কাজেই প্রজননস্বাস্থ্য সম্পর্কে সবাইকে জানাতে হবে।

প্রথম আলো: প্রজননস্বাস্থ্য সম্পর্কে কিশোর-কিশোরীদের সচেতন করার জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে? 

মুহাম্মদ মুনীর হোসেন: কিশোর-কিশোরীরা বন্ধুবান্ধব, ক্যানভাসার বা বিভিন্ন লিফলেটের মাধ্যমে এই বিষয়ে তথ্য জেনে থাকে। কিন্তু এর অধিকাংশই ভুল ও ক্ষতিকর তথ্য। এর ফলে তারা ঝুঁকিপূর্ণ জীবনযাপন করে। আমাদের দেশের স্বাস্থ্যসেবাকেন্দ্রগুলো কিশোর-কিশোরীবান্ধব নয়। স্বাস্থ্যসেবাকেন্দ্রগুলোকে কিশোর-কিশোরীবান্ধব করতে হবে। কৈশোর সময়ের সমস্যাগুলো বিশেষ যত্ন নিয়ে দেখতে হবে। বর্তমানে দেখা যাচ্ছে, শিশুদের স্কুলে যাওয়ার হার অনেক বেশি। তাই শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক যৌন ও প্রজননস্বাস্থ্য শিক্ষা চালু করতে হবে। শিক্ষকদের এই বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। প্রাথমিক স্বাস্থ্যসেবাকেন্দ্রগুলো কিশোর-কিশোরীবান্ধব করতে হবে। কিশোর-কিশোরীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হলে স্থানীয় সরকার প্রতিনিধি, ধর্মীয় নেতাসহ সবাইকে কাজ করতে হবে।

প্রথম আলো: বেসরকারি সংস্থাগুলো এ বিষয়ে কিশোর-কিশোরীদের সচেতন করতে কী ধরনের কাজ করছে?

মুহাম্মদ মুনীর হোসেন: এনজিওগুলো স্থানীয় পর্যায়ে কিশোর-কিশোরীদের মধ্যে সচেতনতা কার্যক্রম চালাচ্ছে। সেবাদাতাদের প্রশিক্ষণ দিচ্ছে। সমাজের বিভিন্ন স্তরের জনগণকে সচেতন করার লক্ষ্যে কাজ করছে। তবে তাদের আরও অনেক কাজ করতে হবে।