প্রজন্ম পরিবর্তিত হোক যুক্তির হাত ধরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রজন্ম বিতর্ক সংগঠন, কুমিল্লা ও প্রথম আলোর উদ্যোগে কুমিল্লায় হয়ে গেল জমজমাট একুশে বিতর্ক উৎসব-২০১০। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে ওই উৎসব বেশ প্রাণবন্ত হয়ে ওঠে। সেখানে তার্কিকেরা যুক্তির লড়াইয়ে শামিল হয়ে বাংলা ভাষার প্রতি গভীর মমত্ববোধ প্রকাশ করে; একই সঙ্গে তারা শুদ্ধ বাংলা বলা, লেখা ও উচ্চারণের ওপর জোর দেয়।‘রক্তাক্ত একুশকে হূদয়ে ধারণ করে যুক্তিকে করি সঙ্গী’ স্লোগান নিয়ে ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী ওই বিতর্ক উৎসব হয়। কুমিল্লা শহরের বীরচন্দ্র নগর মিলনায়তনে ওই উৎসবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৮টি দলের ৯৬০ জন বিতার্কিক অংশ নেয়। উৎসবে কর্মশালা, রম্য বিতর্ক, বিতর্ক, ভৌতিক বিতর্ক ও বারোয়ারি বিতর্কের পর বিজয়ীদের মধ্যে ক্রেস্ট দেওয়া হয়।তিন দিনের ওই উৎসবে ‘অমর একুশ শুধু একুশে ফেব্রুয়ারিতে সীমাবদ্ধ’ ও ‘একুশকে আমরা ধারণের চেয়ে ক্ষরণ করেছি বেশি’ এবং ‘রক্তাক্ত একুশকে ডিঙিয়ে পশ্চিমা সাংস্কৃতিক আগ্রাসন কেড়ে নিচ্ছে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য’ ওই শিরোনামে বিতর্ক হয়। এতে নির্ধারিত বিষয়ের পক্ষে-বিপক্ষে শিক্ষার্থীরা মত ব্যক্ত করে।২২ ফেব্রুয়ারির উদ্বোধনী দিনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে বক্তব্য দেন কুমিল্লার এনডিসি সেলিম হোসেন, প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক, প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার উপদেষ্টা দিলনাশি মোহসেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) সহকারী পরিচালক আবদুল মান্নান ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন।উদ্বোধনী দিন ভৌতিক বিতর্কে টাঙ্গাইলের মধুপুরের মান্ধী আদিবাসী চলেশ রিছিলের মৃত্যুকাহিনি ফুটিয়ে তোলে কুমিল্লা জিলা স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী পার্থ প্রতিম দাস, রাকিবুল হোসেন ও মুশফিকুল সালেহীন।২৩ ফেব্রুয়ারি দিনব্যাপী চলে যুক্তির লড়াই। তুমুল উত্তেজনার মধ্য দিয়ে ওই অনুষ্ঠান হয়। বিতর্ক উৎসবের দ্বিতীয় দিনে যুক্তিতর্কের মাধ্যমে খুদে তার্কিকেরা একুশের চেতনাকে লালন করার অঙ্গীকার করেছে। একই সঙ্গে তারা শুদ্ধ বাংলা ভাষার উচ্চারণ ও লেখার পক্ষে যুক্তি উপস্থাপন করে।২৪ ফেব্রুয়ারি সমাপনী দিনে বক্তব্য দেন বার্ডের সাবেক মহাপরিচালক এম খায়রুল কবীর, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার উপদেষ্টা দিলনাশি মোহসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট কুমিল্লার সাবেক সভাপতি শফিকুর রহমান ও সংগঠনের উপদেষ্টা হুমায়ুন কবীর।এ দিন চূড়ান্ত বিতর্কে স্কুল ও কলেজ পর্যায়ের চারটি দল অংশ নেয়। এর মধ্যে স্কুল পর্যায়ে কুমিল্লা ক্যাডেট কলেজকে হারিয়ে বিজয়ী হয় আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুল। বিজয়ী দলের কেয়া চৌধুরী জুঁই সেরা বক্তা হয়। অন্যদিকে কলেজ পর্যায়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজকে হারিয়ে বিজয়ী হয় কুমিল্লা ক্যাডেট কলেজ। এতে শ্রেষ্ঠ বক্তা হয় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ফারহাত আহমেদ।এম খায়রুল কবীর বলেন, ‘ভালোবাসার মধ্য দিয়ে বিতর্কের সৌন্দর্য ফুটিয়ে তুলতে হবে। তবেই মানুষের মধ্যে মমত্ববোধ তৈরি হবে। এ জন্য বাংলা ভাষাকে গভীরভাবে ভালোবাসতে হবে।’পরে বিজয়ী তার্কিকদের ক্রেস্ট দেওয়া হয়। কুমিল্লা মডার্ন হাইস্কুল থেকে সর্বোচ্চসংখ্যক বিতার্কিক অংশ নেওয়ায় তাদের বিশেষ ক্রেস্ট উপহার দেওয়া হয়। এতে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার স্থানীয় প্রজন্ম বিতর্ক সংগঠনের চেয়ারম্যান ইশরাত জাহান।