প্রজন্মের চেতনায় একাত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান মুক্তিযুদ্ধের চেতনা ছোটবেলা থেকেই িশশুর মনে জাগাতে হবে। মডেল: রাইসা, সাহিল ও িদবা, ছবি: সুমন ইউসুফ, স্থান: মুক্তিযুদ্ধ জাদুঘর
মহান মুক্তিযুদ্ধের চেতনা ছোটবেলা থেকেই িশশুর মনে জাগাতে হবে। মডেল: রাইসা, সাহিল ও িদবা, ছবি: সুমন ইউসুফ, স্থান: মুক্তিযুদ্ধ জাদুঘর

মার্চ মাসে রাস্তায় বের হলে পতাকা নিয়ে হেঁটে যেতে দেখা যায় বিক্রেতাকে। গাড়ি, রিকশার সামনে অনেকে ছোট ছোট পতাকা লাগান। ফ্যাশন হাউস, খাবারের দোকানগুলোও স্বাধীনতা দিবস উদ্‌যাপনের নানা আয়োজন করছে। যে যার জায়গা থেকে হয়তো চেষ্টা করে নতুন প্রজন্মের সামনে একাত্তরকে তুলে ধরতে। বহিঃপ্রকাশ একেকজনের একেক রকম। কিন্তু শুধু পোশাক, খাবারের দোকানের আয়োজন দিয়ে কি একাত্তরের চেতনাকে নতুন প্রজন্মের মন ও মগজে গেঁথে দেওয়া সম্ভব? এক আড্ডায় এক মা-মেয়ের কথা শুনছিলাম। ২০ বছরের মেয়েটির মা নিজেও মুক্তিযুদ্ধ দেখেননি। তাহলে প্রজন্ম থেকে প্রজন্মে একাত্তরের চেতনাকে কীভাবে স্থানান্তর করব আমরা?

মনোবিশেষজ্ঞরা মনে করেন, একজন শিশুকে ৩ থেকে ৫ বছরের মধ্যে যত সহজে কোনো কিছু শেখানো যায়, পরে ততটা যায় না। এই বয়সের যেকোনো শিক্ষা শিশুর মনে স্থায়ীভাবে থেকে যায়। অনেক সময় মা-বাবা মনে করেন, বড় হলে নিজে থেকে শিখে নেবে। এটা ঠিক না। বড় হলে নিজে থেকে হয়তো শেখার সুযোগ থাকে। কিন্তু যা এত দিন ধরে জেনে এসেছে, তা ভুল কি না, সেই দ্বন্দ্বে পড়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়। কেউ কেউ ভুলটাই মনে রেখে দেয়। ভুল পথেই থাকে।

মুক্তিযুদ্ধের চেতনা আসলে কী? মুক্তিযোদ্ধা ও নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বলেন, সবাইকে ভালোবাসা, সবাইকে ভালো রাখা। আদর্শিক জায়গায় সৎ থাকা। প্রেম, ভালোবাসা, সুন্দর কিছুর সমন্বয়। অপশক্তির বিরুদ্ধে সবাই মিলে রুখে দাঁড়ানো।

...স্বাধীনতা তুমি

ফসলের মাঠে কৃষকের হাসি।

স্বাধীনতা তুমি

রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।...’

শামসুর রাহমান ‘স্বাধীনতা তুমি’ কবিতায় এভাবেই তুলে ধরেছেন স্বাধীনতার চেতনাকে। এই চেতনা নতুন প্রজন্মের মধ্যে উদ্বুদ্ধ করার দায়িত্ব সবার আগে নিতে হবে মা-বাবাকে। বিশেষ করে মাকে।

নাসির উদ্দীন ইউসুফ মনে করেন, মায়ের কাছে প্রথম বোল শেখে শিশু। যত সহজে মা শিশুকে কোনো কিছু শেখাতে পারে, সংস্কৃতিমনা করে গড়ে তুলে পারে, তা অন্য কেউ পারে না। অপ্রাতিষ্ঠানিক এই শিক্ষাটা খুব জরুরি একাত্তরের চেতনাকে যুগ থেকে যুগে, প্রজন্ম থেকে প্রজন্মে ধরে রাখতে। অসাম্প্রদায়িক, মুক্ত সংস্কৃতি মনোভাবসম্পন্ন প্রজন্ম তৈরি করার পেছনে শিক্ষাপ্রতিষ্ঠানের বড় একটা দায়িত্ব আছে।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও গবেষক মফিদুল হক বলেন, পাঠক্রমে মুক্তিযুদ্ধকে তুলে ধরা হয়েছে। কিন্তু ব্যবহারের ক্ষেত্রে সনাতনী নিয়ম রয়েছে। দিনের একটা বড় সময় ছেলেমেয়েরা শিক্ষাপ্রতিষ্ঠানে থাকে। সেখানে এই চেতনার চর্চা সঠিকভাবে এবং তাদের উপযোগী করে শেখাতে হবে। তা না হলে মনের গহিনে ঢুকবে না।

এখন একটা প্রজন্মের মা-বাবা আছেন, যাঁরা নিজেরাও মুক্তিযুদ্ধ দেখেননি। সন্তানকে একাত্তরের চেতনায় উদ্বুদ্ধ করার আগে মা-বাবাকে নিজে এই চেতনায় বিশ্বাসী হতে হবে। মা-বাবা নিজেরা যদি দ্বিধান্বিত থাকেন, তাহলে সন্তান তো তেমনই শিখবে। একটা সংকটের মধ্য দিয়ে বড় হবে সে।

মফিদুল হক বলেন, সবার ঢাকার বধ্যভূমিতে আসার সুযোগ হয় না। কিন্তু নিজের এলাকায়ও নিশ্চয় কোনো না কোনো স্বাধীনতা স্তম্ভ থাকে। মুক্তিযোদ্ধার সাহসী গল্পগাথা আছে, ইতিহাস আছে। সেগুলো নিজে জানতে হবে। সন্তানকে জানাতে হবে।

অনেক মা-বাবা মনে করেন, এসব জানার কোনো দরকার নেই। পরীক্ষায় ভালো ফল করলেই চলবে। এই ভাবনা ঠিক না। মনের সঠিক বিকাশ ও সুকুমার শিল্প মনের বিকাশের জন্য খুব জরুরি। কিছু কিছু স্কুল এখন এ বিষয়ে বেশ কার্যকর পদক্ষেপ নিয়েছে।

ছুটির দিনে পরিবারের সবাই মিলে মুক্তিযুদ্ধ জাদুঘর, ঐতিহাসিক জাদুঘর দেখতে যেতে পারেন। পারিবারিক বন্ধন যেমন মজবুত হবে, শিশুও তেমন শিখতে পারবে।

তরুণ অভিনেত্রী অপর্ণা ঘোষ মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমায় অভিনয় করেছেন। ‘যখন মনে হয় আমাদের নিজের একটি পতাকা আছে, ভাষা আছে। যাকে পাওয়ার জন্য যুদ্ধ করেছি। সেটাই আমাকে সবচেয়ে বেশি গর্বিত করে। মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমার প্রস্তাব এলে রাজি হয়ে যাই। মুক্তিযুদ্ধের সিনেমা দেখলেও অন্য রকম ভালো লাগা কাজ করে। অদ্ভুত একটা অনুভূতি হয়। এটা তো এক দিনে আমার মধ্যে আসেনি। আমার পরিবার থেকে এসেছে। বাবার কাছে গল্প শুনেছি।’ বলেন অপর্ণা।

আবার বাংলাদেশ যখন ক্রিকেট খেলায় জেতে, তখনো সবকিছু ভুলে সবাই যে এক হয়ে যান, সেটাও স্বাধীনতার চেতনার একটা অন্য রূপ। পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে একসঙ্গে চলার এমন রূপ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাক।