প্রজাতি শনাক্তকরণে লাগবে ২০০০ বছর!
পৃথিবীর বিপুলসংখ্যক প্রাণীর মধ্যে এক কোটি ৩০ লাখ প্রজাতি সম্পর্কে মানুষ এখনো অজ্ঞ রয়েছে। এসব প্রজাতি শনাক্ত করতে অন্তত দুই হাজার বছর লাগবে। ব্রাজিলের শীর্ষস্থানীয় বাস্তুসংস্থানবিদ থমাস লিউইনসর্ন এ কথা জানিয়েছেন। ব্রাজিলের সাও পাওলো রাজ্যের স্টেট ইউনিভার্সিটি অব ক্যাম্পিয়ানসের অধ্যাপক লিউইনসর্ন বলেন, এ পর্যন্ত ১৭ লাখ ৫০ হাজার প্রজাতি শনাক্ত করা সম্ভব হয়েছে। এদের মধ্যে রয়েছে উদ্ভিজ্জ অণু, উদ্ভিদ, কীটপতঙ্গ, ব্যাকটেরিয়া ও পশুপাখি। প্রজাতির সঠিক সংখ্যা সম্পর্কে কোনো সুনির্দিষ্ট জরিপ হয়নি। বিশেষজ্ঞরা বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে এ সম্পর্কে বিভিন্ন অনুমান করে থাকেন। সাও পাওলোর স্থানীয় গবেষণাপ্রতিষ্ঠান এফএপিইএসপির এক সভায় গত সপ্তাহে নিজের গবেষণার তথ্য উপস্থাপন করেন অধ্যাপক লিউইনসর্ন। তিনি বলেন, জীববৈচিত্র্যে সমৃদ্ধ ব্রাজিল, কলম্বিয়া, মেক্সিকো, ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো বিভিন্ন দেশে বসবাসকারী প্রজাতিগুলো সম্পর্কে তথ্যের ঘাটতি রয়েছে। এএফপি।