ভাওয়াল জাতীয় উদ্যানের ৪ নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে একটু এগিয়ে গেলেই হাতের বাঁ দিকে পড়বে ‘প্রজাপতি গবেষণা পার্ক’। মোট ১০ একর জমির আড়াই একরে তিন বছর ধরে অনেক পরিশ্রম করে বাগানটি তৈরি করেছেন ড. মো. আবুল বাশার ও তাঁর প্রজাপতি-বাহিনীঅর্থাৎ প্রজাপতি নিয়ে কাজ করেছেন এমন কিছু পিএইচডি ও এমফিল গবেষক। এই ১০ একর জমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে দিয়েছে জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। কিন্তু উদ্যানের মাটি শক্ত, যাকে বলা হয় রেড ট্রেইস মাটি। এই মাটিতে প্রচুর বালি, গোবর, সবুজ সার, জৈব সার ঢেলে একটা পর্যায়ে এনে শুরু হলো প্রজাপতিবান্ধব গাছটাছ লাগানো, ঝোঁপঝাড় তৈরি করা। এই বাগানের বিশেষত্ব হলো, এখানে তারের উঁচু কোনো বেড়া নেই। যেমন আছে সিঙ্গাপুর অথবা জাকার্তার প্রজাপতি-বাগানে, যাতে প্রজাপতিরা উড়ে বাইরে চলে না যায়। এই বাগানে মেকি প্রতিবন্ধকতার পরিবর্তে আছে দেড়-দুই মানুষসমান লম্বা উদ্ভিদের দেয়াল। এ জন্য প্রয়োজন হয়েছে বেত, লেবু, বাঁশ ইত্যাদি গাছ। ড. বাশার নিজের হাতেই লাগিয়েছেন ছয় হাজার বেতের গাছ, এর মধ্যে পাঁচ হাজার এখন বেঁচেবর্তে আছে। এই বাঁশ-বেত জোগাড় হয়েছে দেশের নানা জায়গা থেকে। সিলেট, মধুপুর, চট্টগ্রাম এসব নানা ঠিকানায় হানা দিয়ে ড. বাশার ও প্রজাপতি বাহিনী তুলে এনেছেন অসংখ্য উদ্ভিদ। প্রজাপতিবান্ধব ঝোঁপঝাড়ও তাঁরা জড়ো করেছেন। ঈশ্বরমূল অথবা টাগালা, ইন্ডিকা, বনকুচ, নিলুপুটিয়াকত যে নাম গাছগুলোর। প্রজাপতি বাগানটাকে একটা ছোটখাটো বোটানিক্যাল গার্ডেনও বলা যায়। এবং মজার কথা হলো, বাগানের ১০ হাজারের মতো প্রজাপতি উদ্ভিদের দেয়ালটাকে বেশ মেনে নিয়েছে। দেয়ালের বাইরে মাত্র দু-একটি প্রজাপতি দেখা গেল ঘুরে বেড়াচ্ছে। তবে মানুষের মতো পতঙ্গদের মধ্যেও তো দলছুট থাকতে পারে, প্রজাপতিরা যেহেতু মানুষের মতোই সঙ্গী বা সঙ্গিনীর মন পটায়, তাদের মিলন হয়, তারা বংশবৃদ্ধি করে। তবে নিজস্ব প্রতিবেশের বাইরে খুব একটা যেতে চায় না প্রজাপতিরা, মানুষের মতোই।আবুল বাশার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সহকর্মী। যদিও তিনি পড়ান প্রাণিবিদ্যা, তিনি আমার প্রতিবেশীও। একদিন তিনি প্রজাপতি-বাগানের গল্প করলেন আর আমার মনে পড়ল, ছোটবেলায় কুমিল্লা শহরে প্রজাপতির পেছন পেছন দৌড়াতে গিয়ে মাঠ পার হয়ে, রাস্তা পার হয়ে প্রায় হারিয়ে যেতেই বসেছিলাম, যদি না আমাদের চান্দু মামা আমাকে দেখতেন। প্রজাপতিরা আমাকে এখনো খুব টানে। একসঙ্গে ১০ হাজার প্রজাপতি দেখব, এটি ভেবে তাঁকে জানালাম, যাব তাঁর প্রজাপতি-বাগানে। এক শুক্রবার বৃষ্টিভেজা সকালে মাইক্রোবাসে চড়ে রওনা হলাম ভাওয়ালের উদ্দেশে, সঙ্গে প্রজাপতি-বাহিনীর কয়েকজন—গোলাম মাওলা, তারেকুল ইসলাম, আবু রিমাদ ও মাকসুদুল আলম, যাঁরা সবাই পিএইচডি গবেষক। পথ থেকে উঠলেন ফারহানা লিজা, এমফিল গবেষক। আমরা যখন বাগানে পৌঁছলাম, বৃষ্টি আমাদের সঙ্গ ছাড়ল। প্রজাপতি-বাহিনীও একটু হতাশ হলো, যেহেতু বৃষ্টিতে প্রজাপতিরা চুপচাপ পড়ে থাকে দুটি ডানা একখানে করে, যেন বিরাট কোনো ধ্যানে বসেছে। বাশার আমাকে দেখাচ্ছিলেন প্রজাপতির ডিম এবং তার জীবনচক্রের অন্যান্য বিবর্তন। আমার মনে পড়ে গেল এইচএসসিতে পড়া জীববিজ্ঞানের একটি পাঠ, প্রজাপতির জীবনচক্র। এই জীবনচক্রে আছে চারটি স্তর—ডিম, লার্ভা, প্যুপা আর প্রাপ্তবয়স্ক প্রজাপতি। ডিম থেকে লার্ভা হতে সময় লাগে পাঁচ থেকে আট দিন, লার্ভা থেকে প্যুপায় পরিণত হতে দুই-তিন সপ্তাহ এবং প্যুপা থেকে বয়ঃপ্রাপ্ত হতে দুই সপ্তাহ। বাশার আমার জ্ঞান নিয়ে কোনো প্রশ্ন করলেন না। কিন্তু তাঁর মুখে একটু হাসি দেখা দিল। প্রজাপতি-বাহিনীর দু-একজনও আমোদ পেলেন। হয়তো সময়কালগুলো ঠিক হয়নি। কিন্তু জগতে সবকিছু সঠিক হতে হবে, এমন কোনো কথা নেই। আসল যা তা হলো আনন্দ এবং প্রজাপতির বাগানে আমার ভারি আনন্দ লাগছিল, প্রজাপতিদের নিজেদের একটা বাড়ি দেখতে পেয়ে, যেখানে তারা সকালের বৃষ্টিতে স্থির বসে থাকে, যেন প্রার্থনা করে, অথবা বৃষ্টির গান শোনে এবং বৃষ্টি কেটে গেলেই বেরিয়ে পড়ে। সাড়ে ১১টার দিকে রোদ উঠতে শুরু করল এবং প্রজাপতিদের পাড়ায় পাড়ায় যেন উৎসব লেগে গেল। একটি-দুটি করে তারা গাছের আশ্রয় ছেড়ে বেরিয়ে আসতে লাগল। প্রজাপতিরা ঝড়-তুফানে-বৃষ্টিতে এবং দুপুরের খররোদে যাতে আশ্রয় নিতে পারে সে জন্য ঘন ঝোঁপের মতো কিছু গাছ রয়েছে বাগানটিতে কিছুক্ষণ পরপর। বাঁশের খুঁটির মাথায় মাটির পাত্রে পানি আছে, যাতে প্রজাপতিদের জলতেষ্টা না হয়। বাগান দেখতে আসা বাচ্চাদের জন্য একটা আলাদা বাগান আছে, যেখানে তারা প্রজাপতিদের সঙ্গে ছোটাছুটি করবে। আর আছে গুইসাপ, শেয়াল প্রভৃতির জন্য ঘন ঝোঁপঝাড়ের আচ্ছাদন। একটা গুইসাপ দেখলাম আমাদের দেখে নিতান্ত অলসভাবে সরে গেল। এই বাগানে মানুষ-গুইসাপ-প্রজাপতি—কেউ কারও প্রতিপক্ষ নয়; সবাই বন্ধু।প্রজাপতি-বাহিনীর মাওলা নিয়েছেন দলের দায়িত্ব। ঢাকা থেকে নিয়ে যাওয়া কিছু চারা লাগালেন সবাই মিলে। সঙ্গে দুজন কামলাও ছিলেন; ঘাস কাটছিলেন আরও দু-তিন জন। প্রজাপতি-বাগানে হাঁটাপথ আলাদা করা-সবাই মিলে পথের দু-দিকে নিশানা বসালেন। কেউ কেউ উদ্ভিদ দেয়ালের উঁচু ডালপালা ছেঁটে দিলেন। বাশার নিজেও হাত লাগালেন। আর ১২টার মধ্যে বাগান ভরে যাওয়া প্রজাপতি দেখতে দেখতে আমার মনে হলো, রবীন্দ্রনাথ এ রকম এক প্রজাপতি-দিনে হয়তো কোনো প্রজাপতিকে জিজ্ঞেস করেছিলেন, ‘তোমার ডানায় কেন এত রং।’ তবে এই বাগানে ডানা তো দুটি নয়, কুড়ি হাজারটি! রঙের প্রাবল্যটা তাহলে বুঝুন।বাশার জানালেন, ঈশ্বরমূল গাছ কলোনাইজ করতে তাঁদের জান বেরিয়ে গেছে। কলোনাইজ করা মানে প্রজাপতিদের উপনিবেশ স্থাপন। এই কলোনাইজেশনে কোনো আপত্তি নেই। এত বিষাক্ত এই গাছ, অথচ প্রজাপতিরা কি সহজে এই বিষটাকে ঝেড়ে ফেলে দেয়। নিলুপুটিয়া থেকে নেকটার তুলে নেয়। আড়াই শয়ের মতো প্রজাতি আছে বাগানটিতে, সাত গোত্রের। এখনো অচিহ্নিত ১০-১২টি প্রজাতি আছে। এই সংখ্যা আরও বাড়বে। আর পুরো ১০ একর যখন কলোনাইজড হয়ে যাবে, আরও কত প্রজাতির আরও কত হাজার প্রজাপতি যে এসে হাজির হবে! দুপুরের পর আমাকে ফিরতে হবে, কিন্তু বাশার ও তাঁর বাহিনী যাবে মধুপরে। তাঁরা নানা জায়গায় চাকরি করছেন, কিন্তু শুক্রবার নিয়ম করেই বেরোন সবাই। প্রজাপতিদের বিদায় জানাতে গিয়ে মনে হলো, আমাকে ফিরতে হবে ইট-কাঠের ঢাকায়, যান্ত্রিকতার প্রাত্যহিকতায়। মনটা খারাপ হয়ে গেল। তার পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের পাড়াটা এখনো সবুজ, গাছে ছাওয়া। প্রজাপতিরা এ পাড়াটাকেও কলোনাইজ করেছে। এ জন্যই রক্ষা।