প্রজাপতির খামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ভবনের দোতলায় উঠতেই এমাথা-ওমাথা লম্বা অপ্রশস্ত করিডর। সেখানে আলো-আঁধারির চমৎকার সহাবস্থান। বাতাসে কেমন একটা প্রাচীন গন্ধ! হাতের ডানে এগিয়ে যাই। একদম শেষ মাথায় ২১৪ নম্বর কক্ষটি। দরজার ওপরে লেখা ‘এনভায়রনমেন্টাল বায়োলজি অ্যান্ড বায়োডাইভারসিটি ল্যাবরেটরি (ইবিবিএল)’। কাচের দরজার এ পাশে দাঁড়িয়ে বুঝতে অসুবিধা হয় না, এটা প্রজাপতি জাদুঘরের পোশাকি নাম।ভেতরে ঢুকতেই হাতের বাঁয়ে একাধিক কাচের শোকেস। সেখানে চোখ রাখতেই মনে কৌতূহলের পাখা ফরফর করে ওঠে, ‘কোথায় পেলে ভাই, এমন রঙিন পাখা’? কত শত বিচিত্র সুন্দর প্রজাপতি, চোখ-মন বিস্মিত না হয়ে যাবে কোথায়! তবে আরও বিস্ময় অপেক্ষা করছিল আমাদের জন্য, প্রজাপতি জাদুঘরের বিপরীত দিকের আরেকটি কক্ষে। না, সেই কক্ষে প্রজাপতি ছিল না একটাও। ছিলেন প্রজাপতি গবেষক ড. এম এ বাশার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের এই অধ্যাপক ইবিবিএলের চিফ ইনভেস্টিগেটর। তিনি শোনালেন তাঁদের প্রজাপতি গবেষণার বিস্তারিত এবং সেই তথ্যগুলোই ছিল আমাদের আরেক বিস্ময়।প্রজাপতি, পাখনা মেলোপ্রজাপতি জাদুঘরের আদ্যোপান্ত ও গোড়াপত্তনের ইতিহাস আমরা শুনব। তার আগে এম এ বাশারের গবেষকজীবনের শুরুর কথা না জানলেই নয়। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় মাস্টার্স সম্পন্ন করেন তিনি। পরের বছর সেখানেই শুরু করেন শিক্ষকজীবন। ১৯৮২ সালে ফরাসি সরকারের বৃত্তি নিয়ে পড়াশোনা করতে চলে যান উপপা বিশ্ববিদ্যালয়ে। প্রতিষ্ঠানটি ফ্রান্স ও স্পেন সীমান্তের কোলঘেঁষা পাউ শহরে অবস্থিত। সেখানে তাঁর গবেষণার বিষয় ছিল ‘ওয়াইল্ড লাইফ অ্যান্ড অ্যানিমেল রিলেশন’। গবেষণা চলল ১৯৮৮ সাল নাগাদ। গবেষণা শেষে গাছ ও প্রাণীর মধ্যে সম্পর্কের গুরুত্ব আবিষ্কার করলেন তিনি, পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও প্রজাতি বর্ধনে এই সম্পর্কের প্রয়োগও দেখালেন। উপপা বিশ্ববিদ্যালয় ও ফরাসি সরকার এম এ বাশারকে প্রদান করল ‘এনভায়রনমেন্টাল ডক্টর অব সায়েন্স’ ডিগ্রি।ডিগ্রি নিয়ে তিনি চলে এলেন বাংলাদেশে, পুরোনো কর্মস্থলে। পেছনে পড়ে রইল বিলাসবহুল জীবনের হাতছানি। দেশে এসেই শুরু হলো নতুন অভিযান। শিক্ষকতার পাশাপাশি ১৯৯০ থেকে ’৯৫ সাল পর্যন্ত তিনি ঘুরলেন দেশের ছোট-বড়-মাঝারি প্রায় সব বনেই। কেন সেই অভিযান? উত্তরে এম এ বাশার বলেন, ‘ফ্রান্সে আমার গবেষণার যে বিষয়টি ছিল, দেশে এসে সেটা নিয়েই কাজ শুরু করলাম। দেখলাম, গাছ-প্রাণীর সম্পর্কটি প্রতিষ্ঠা করার জন্য প্রজাপতি এবং তার সঙ্গে সম্পর্কযুক্ত গাছপালা নিয়ে গবেষণা অতি গুরুত্বপূর্ণ। কিন্তু আমার যুক্তি ও পরিকল্পনা কাউকে নাড়া দিল না! মুখোমুখি হলাম তীব্র প্রতিবন্ধকতার।’মানুষ পরিহাস করলেও প্রকৃতি এম এ বাশারকে কাছে টেনে নিল অকৃপণ মমতায়। ফলাফল—প্রজাপতির পেছনে, গবেষণার অরণ্যে অবিরাম ছুটে চলা।কোথায় পেলে ভাই এমন রঙিন পাখাতবে একলা চলো রে! সবাই যখন এম এ বাশারের কথাবার্তাকে স্রেফ উড়িয়ে দিল, তিনি ওড়ালেন অভিযানের পাল! নিজের গাঁটের পয়সা খরচ করে ছুটলেন বনে-বাদাড়ে, প্রজাপতির পেছনে। ১৯৯৮ সালে শুরু হলো প্রজাপতি শনাক্তকরণ ও সংরক্ষণ। তত দিনে তাঁর সঙ্গে যোগ দিলেন প্রাণিবিদ্যা বিভাগের আরও কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী। বেগবান হলো ‘অ্যাডভেঞ্চার বাটারফ্লাই’। প্রজাপতি খুঁজতে নিয়ম করে বছরে ১২ বার বনে ঢুঁ মারতে শুরু করলেন তাঁরা।প্রজাপতির পেছনে ছুটতে ছুটতে দলেবলে কোথায় না গিয়েছেন তাঁরা! সুন্দরবন, টেকনাফ, সোনাদিয়া থেকে কক্সবাজারের ফাসিয়াখালী, পদুয়া, ঈদগড়, চুনতি ও ডুলাহাজারা; চট্টগ্রামের মীরসরাই থেকে ওদিকে সিলেটের শ্রীমঙ্গল, সীতাকুণ্ড, লাউয়াছড়া সংরক্ষিত বনাঞ্চল, রেমা-কালেঙ্গা বন; গিয়েছেন টাঙ্গাইলের মধুপুর, শেরপুর ও দিনাজপুরে। আর ঢাকার পাশের ভাওয়াল জাতীয় উদ্যান তো আছেই। এখনো প্রতি সপ্তাহে প্রজাপতি নিয়ে মাঠে-ময়দানে গবেষণা করছে এম এ বাশার ও তাঁর দল। বনে-বাদাড়ের ছুটোছুটি তো সমানতালে চলছেই।এমন করে করে আজ এম এ বাশার ও তাঁর গবেষক দল বাংলাদেশের ৩০০ প্রজাতির প্রজাপতি শনাক্ত করতে পেরেছেন (প্রাণিবিদদের মতে, আমাদের দেশে ৬০০ প্রজাতির প্রজাপতি আছে)। শুধু শনাক্তই নয়, সংগ্রহ ও সংরক্ষণও করা হয়েছে সঙ্গে সঙ্গে। আর সেই সংগ্রহ নিয়েই গড়ে উঠেছে প্রজাপতি জাদুঘর। কেবল জাদুঘরই নয়, গবেষণার একপর্যায়ে এম এ বাশার ও তাঁর দল ২০০৮ সালে গড়ে তুলেছে একটি প্রজাপতি উদ্যান। ভাওয়াল জাতীয় উদ্যানে অবস্থিত এই প্রজাপতি উদ্যানে চলছে নিরন্তর গবেষণা। মোটকথা, উদ্যানটি এখন প্রজাপতির অভয়াশ্রমে রূপ নিতে যাচ্ছে। সরকার ১০ একর জায়গা দিয়েছে এই উদ্যানের জন্য। তার মধ্য থেকে তিন একর জায়গায় শুরু হয়েছে এর কার্যক্রম। সেখানে প্রজাপতির পোষক উদ্ভিদ সংগ্রহ করে রোপণ করেছেন গবেষকেরা। পাশাপাশি পরিবেশকে পুরোপুরি প্রজাপতির জীবনধারণের উপযোগী করার জন্য তাঁরা করে যাচ্ছেন পরিশ্রম। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, উদ্যানটি হবে একদম মুক্ত। অনেক দেশেই যেমনটা দেখা যায়—প্রজাপতি উদ্যান জাল দিয়ে ঘিরে রাখা হয়—এ ক্ষেত্রে এই উদ্যানে কোনো রকমের বেষ্টনীর বালাই থাকছে না। খুব শিগগির দর্শকদের জন্য তা খুলে দেওয়া হবে বলে জানালেন ড. বাশার।প্রজাপতি অভিযান২০০০ সালের মে মাসের এক সকাল। কক্সবাজারের উত্তর-পশ্চিম দিকে ঈদগড় জঙ্গলের ওপর নয়টার নবীন সূর্য। বাশার ও তাঁর সঙ্গী-সাথিরা ঢুকেছেন সেই বনে। সঙ্গে বনের প্রহরীও ছিলেন দুজন। গবেষকদের হাতে সুইপিং নেট (প্রজাপতি ধরার জাল), কিলিং জার (প্রজাপতি সংরক্ষণের জন্য ক্লোরোফর্মপূর্ণ বক্স); গলায় ক্যামেরা, দুরবিন। সবার চোখ ঝোপঝাড় আর গাছপালার পাতায় পাতায়। প্রজাপতি খোঁজায় তন্ময় একেকজন। এভাবে ছুটতে ছুটতে কোনো এক সময় বেশ গহিনে ঢুকে পড়েছেন তাঁরা মনের অজান্তেই। বনে ঢোকার পর পেরিয়ে গেছে ঘণ্টা দুয়েক। ততক্ষণে বনের প্রহরীরা পেছনে পড়ে গেছেন। বলতে গেলে সবাই নিরস্ত্র। হঠাৎ একসময় যেন মাটি ফুঁড়ে বেরিয়ে এল কিছু মানুষ। আদিবাসী মানুষগুলোর উচ্চতা পাঁচ ফুটেরও কম। বেশ পেটানো শরীর। চোখ যেন আগুনের গোলা! দুর্বোধ্য তাদের ভাষা। সবচেয়ে বুক হিম করা বিষয় হলো, তাদের প্রত্যেকের হাতে মোটে ইঞ্চি চারেক লম্বা হাতলবিশিষ্ট ইয়া লম্বা দা; একেকটা প্রায় এক মিটারের মতো। আতঙ্কিত বাশার ও তাঁর দলের সবাই। ততক্ষণে চারপাশ থেকে তাঁদের ঘিরে ফেলেছে দলটি। এখন উপায়? চোখের কোনা দিয়ে সব দেখলেন ড. বাশার। সবাইকে ইঙ্গিত করলেন থেমে যেতে। বুঝলেন, তারা কাঠ কাটতে এসেছে, তাদের না ঘাঁটালে কিছু করবে না। তাই বুদ্ধি করে সুইপিং নেটটি ওপরে তুলে প্রজাপতি ধরার ভান করলেন। বাকিরাও তা-ই করতে লাগলেন। তাতেও ভাবান্তর নেই জঙ্গলের বাসিন্দাদের, অগ্নিমূর্তি তাদের। এম এ বাশার একসময় এক হাতে সুইপিং নেট দিয়ে প্রজাপতি ধরতে ধরতে তাদের ইশারা করলেন চলে যেতে। কাজ হলো তাতে! ফিসফিস করে তাদের কেউ একজন বলে উঠল, ‘পোতালাই, পোতালাই’। ‘পোতালাই’ মানে প্রজাপতি। পর্তুগিজ শব্দ ‘প্যাপিও’ থেকে এসেছে শব্দটি। ‘আমাদের কর্মকাণ্ড দেখে ওরা বুঝেছিল, আমরা সেই পোতালাই ধরতে এসেছি। তাই নেহাত পাগল ঠাউরে আমাদের সে যাত্রা রেহাই দিয়েছিল তারা! শুনেছি, এই ঘটনার কদিন আগেই এক বনরক্ষী ওদের এলাকায় ঢুকে আক্রমণের শিকার হয়েছিল !’ অভিযানের কথা বলছিলেন এম এ বাশার। প্রজাপতির পেছনে ছুটতে গিয়ে এ রকম হাজারো অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে ও তাঁর দলকে।