প্রজাপতির মেলা
প্রবেশপথে বিশাল একটি রঙিন প্রজাপতি। ভেতরে রাস্তা, লেক, পুকুরপাড় যেদিকে চোখ যায়, চারদিকে প্রজাপতির পাখার আদলে তৈরি চেয়ার। আর এসবের চারপাশে ঘুরে বেড়াচ্ছে শত শত প্রকৃত প্রজাপতি। এ যেন মনে হয় প্রজাপতির মেলা। ঝলমলে রোদে এক গাছ থেকে আরেক গাছে, এক ফুল থেকে আরেক ফুলে নেচে নেচে ঘুরে বেড়াচ্ছে প্রজাপতিরা। দুটি ছাউনির ভেতর জাল দিয়ে ঘিরে রাখা বড় লোহার খাঁচা। সেই খাঁচায় রাখা কিছু প্রজাপতি। আর এসব বন্দী প্রজাপতিকে দেখতে যেন ছুটে আসছে শত শত প্রজাপতি। ভেতরের প্রজাপতিদের সঙ্গে বন্ধুতা করতে প্রতিনিয়ত ঘুরে বেড়ায় আশপাশে। প্রজাপতির এ রকম স্বপ্নিল দৃশ্য আপনিও দেখতে পাবেন পতেঙ্গায় বিমানবন্দরের পাশে। পাঁচ একর জায়গার ওপর ইন্ট্রাকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রিয়াদ আলীর পরিকল্পনায় তৈরি করা হয়েছে প্রজাপতির এই পার্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শফিক হায়দার চৌধুরী এটির সার্বিক তত্ত্বাবধানে আছেন। বন্দরনগর চট্টগ্রামে বিনোদনের অন্যতম স্থান হিসেবে ইতিমধ্যেই পরিচিতি পেতে শুরু করেছে এ পার্কটি। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছয়জনের একটি দল বেড়াতে এসেছিলেন এই পার্কে—জুয়েল, রিহান, ফারিহা, সানিয়া, মোনা ও জেফ্রি। তাঁরা জানালেন, ‘যতক্ষণ পার্কে ছিলাম ততক্ষণ হই-হুল্লোড় করে প্রজাপতির পেছনে ছুটে আর ছবি তুলে কাটিয়েছি। প্রজাপতির চেয়ারে তোলা ছবিগুলো দেখে মনে হয়, প্রজাপতির মতো আমাদেরও রঙিন পাখা গজিয়েছে। শহরের এক প্রান্তে এত সুন্দর একটি পার্ক যে রয়েছে তা আগে জানা ছিল না।’প্রকৃতি ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে এখানে স্থাপন করা হয়েছে লেক, জলপ্রপাত, ঝুলন্ত সেতু, শিশুদের জন্য খেলনা। প্রিয়জনের সঙ্গে লেকের পানিতে ভেসে বেড়ানোর জন্য এখানে রয়েছে বেশ কটি প্যাডেল বোট। আর রাতে দৃষ্টিনন্দন আলোকসজ্জা দেখে দূর থেকে মনে হবে যেন চলছে জোনাকির মিছিল।পার্ক সূত্রে জানা গেছে, সারা বাংলাদেশে ৬০০ প্রজাতির প্রজাপতি রয়েছে। এর মধ্যে ৩০০ প্রজাতির প্রজাপতি চিহ্নিত করতে পেরেছেন গবেষকেরা। এই পার্কে ৭০ প্রজাতির এক হাজারের বেশি প্রজাপতি রয়েছে। খাঁচার ভেতরেই সকালের মিষ্টি রোদে খাবার সংগ্রহে চারদিকে রঙিন পাখা মেলে ঘুরে বেড়ায় এক গাছ থেকে আরেক গাছের ফুলে ফুলে। প্রজাপতিদের বসবাসের উপযোগী করে তোলার জন্য খাঁচার ভেতরে লাগানো হয়েছে বুনো গাছ। পার্কের অভ্যন্তরে তৈরি করা হয়েছে প্রজাপতিদের খাবার সংগ্রহের কৃত্রিম ব্যবস্থা। যেখানে গাছের ফাঁকে ফাঁকে দেওয়া হয় ফলের রস। যা প্রজাপতিরা প্রভোসিস বা শুঁড় দিয়ে টেনে নেয়। পার্ক কর্তৃপক্ষ জানায়, ডিম থেকে প্রাপ্তবয়স্ক এক একটি প্রজাপতির জীবনকাল এক থেকে ১০ মাস। মারা যাওয়ার পর এই প্রজাপতির দেহ সংরক্ষণ করা হয়। এর জন্য পার্কের ঠিক মাঝখানে স্থাপন করা হয়েছে প্রজাপতির জাদুঘর। কাঁচ ঘেরা এই জাদুঘরে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রায় ৫০টি প্রজাপতির দেহাবশেষ। ২০১০ সালের ১৪ এপ্রিল এই পার্ক জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলেও প্রকৃতিপ্রেমীদের কাছে অজানা রয়ে গেছে অনিন্দ্যসুন্দর এই প্রজাপতি পার্ক। এই পার্কের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (পার্ক উন্নয়ন) শুকলাল দাশ প্রথম আলোকে জানান, ‘আমাদের মূল উদ্দেশ্য এটিকে প্রজাপতির বৃহৎ প্রজননকেন্দ্রে রূপান্তর করা এবং বিভিন্ন প্রজাতির প্রজাপতিকে প্রকৃতিতে ছেড়ে দেওয়া। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও গবেষকদের গবেষণা কাজেও তাঁরা কাজে লাগাতে চান এই পার্কটিকে।’৫০ ও ৩০ টাকার টিকিট কেটে সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন যে কেউ কাটিয়ে দিতে পারেন এই মনোরম পার্কে।