প্রজেক্ট লোডশেডিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ কিউবিক সেন্টিমিটার গ্যাস নিয়ে বিদ্যুৎ ভাইয়ের বাড়ি যাচ্ছি। তার অসুস্থতার খবর অনেক আগেই পেয়েছিলাম। কিন্তু কাজের চাপে এত দিন যেতে পারিনি। কাজ করিয়ে নিতে এ দেশে কেউ একটুও ছাড় দেয় না। বিদ্যুৎ ভাইকে তার বাড়িতেই পাওয়া গেল। শীর্ণ দেহ নিয়ে বিছানায় পড়ে আছেন। তাঁর এই বেহাল দশার কথা চিন্তাও করতে পারিনি। মনটা খারাপ হয়ে গেল। মাত্র পাঁচ কিউবিক সেন্টিমিটার গ্যাস নিয়ে আসা ঠিক হয়নি। কিন্তু কী করব, গ্যাসের যা অবস্থা! এটুকু গ্যাস বের করতেই আমার অবস্থা খারাপ। চুলায় গ্যাস নেই। অনেক কষ্টে এটুকু জোগাড় করেছি। গ্যাসটা বিদ্যুৎ ভাইয়ের বউয়ের হাতে দিলাম। বললাম, ‘ভাবি, গ্যাসটা রেখে দিন।’ ভাবি গ্যাস নিয়ে চলে গেলেন। তিনি খুব একটা খুশি হয়েছেন বলে মনে হলো না। বিদ্যুৎ ভাই বললেন, ‘ভাই, গ্যাস নিয়ে এসেছ। খুব ভালো করেছ। এখনকার মানুষের মধ্যে থেকে মায়া-দয়া জিনিসটা উঠে গেছে। তবে তোমার মধ্যে কিছুটা আছে। তোমাকে দেখে খুব খুশি হয়েছি।’আমি বললাম, ‘কেমন আছেন, ভাই?’‘আর থাকা। মরার অপেক্ষা করতেছি। সময় শেষ।’আমি বললাম, ‘কী যে বলেন ভাই! আপনি মরে গেলে আমরা বাঁচব কী করে?’বিদ্যুৎ ভাই নিশ্বাস ছেড়ে বললেন, ‘তোমরা ঠিকই বাঁচবা।’ আমি কিছু বললাম না। বিদ্যুৎ ভাই বললেন, ‘তোমারে একটা উপদেশ দিই, শোনো। বাঙালি হচ্ছে কালোর ভক্ত আলোর যম। নকল করা হলেও কথাটা খাঁটি।’আমি তাড়াতাড়ি বললাম, ‘অবশ্যই খাঁটি। অবশ্যই খাঁটি।’‘আমার ছোট ছেলেটাকে লোডশেডিংয়ের ছোট ছেলে মেরে তক্তা বানিয়ে দিয়েছে। একটা পা ভেঙে গেছে। এখন সে ঘরে শুয়ে থেকে দিন কাটাচ্ছে। এমনিতেই দেশের খারাপ অবস্থা, এখন শুয়ে থাকলে কী অবস্থা হবে ভাবতে পারছ?’আমি অবাক হয়ে বললাম, ‘বলেন কি?’‘যা বলার তা-ই বলছি।’আমি বললাম, ‘ছেলেটা এখন আছে কই?’বিদ্যুৎ ভাই ঠোঁট উল্টিয়ে বললেন, ‘পাশের ঘরে পড়ে আছে, যাও দেখে আসো।’আমি তাকে দেখে এলাম। ছেলেটারও শীর্ণ দশা। আমার মায়া লাগল। গ্যাস আরও একটু বেশি আনা উচিৎ ছিল। আরও একটু কষ্ট করে নিয়ে এলে কী এমন ক্ষতি হতো! মাথার চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। কিন্তু ইচ্ছাটা দমন করে বিদ্যুৎ ভাইয়ের কাছে ফিরে আসতে হলো। বিদ্যুৎ ভাই বললেন, ‘এ দেশে কোনো দিন কিচ্ছু হবে না, বুঝলে?’অসুস্থ অবস্থায় সবাই দার্শনিক বাণী দিতে পছন্দ করে। বিদ্যুৎ ভাইও করছেন।এখানে থাকতে আর ভালো লাগছিল না। আমি বললাম, ‘বিদ্যুৎ ভাই, আমি তাহলে আজকে আসি।’‘আসি কী? বসো। গল্প-গুজব করি। তোমাকে কিছু খাওয়াতে পারছি না। বুঝতেই তো পারছ পরিবারের কী অবস্থা।’আমি কিছু বললাম না। বিদ্যুৎ ভাই বললেন, ‘আমার সময় আর বেশি নেই, বুঝলে। সবাই বুঝতে পারে কিন্তু কেউ কিছু বলবে না। সব অপদার্থ। ঘরে বসে সবারই চ্যাটাং চ্যাটাং কথা। কাজের বেলা কেউ নেই। আরে বুঝবি, যখন হারিকেন হাতে নিয়ে ঘুরবি, তখন বুঝবি।’আমি বললাম, ‘প্রায় সত্য কথা বলেছেন।’‘প্রায় সত্য কী! সবটাই সত্য। বিশ্বাস না হলে খাতায় লিখে রাখো। দেখো ফলে কি না।’লিখে রাখতে হবে না। কথা সত্য। আমি যাই। আমার একটু কাজ আছে।বিদ্যুৎ ভাই বিরক্তি নিয়ে বললেন, ‘এত কাজ কাজ করো কেন। আমি যখন থাকব না, তখন বুঝবে কত ধানে কত কুঁড়া। ঠিক আছে যাও। তোমাদের সঙ্গও এখন আর ভালো লাগে না। বিরক্তিকর।’আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম। ফেরার পথে রাস্তায় লোডশেডিংয়ের এক ছেলের সঙ্গে দেখা। তাকে খুব ব্যস্ত মনে হচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করব কি করব না করে জিজ্ঞেস করে ফেললাম, ‘কোথায় যাওয়া হচ্ছে?’ছেলেটি চমকে তাকাল। তারপর হাসিমুখে বলল, ‘আর বলবেন না, ভীষণ ব্যস্ত। আজ আমার ডিউটি পড়েছে মগবাজার এলাকায়। টানা দুই ঘণ্টা ডিউটি। চিন্তা করছি, একদিন যাব আপনাদের ওখানে। কী বলেন।’আমি বললাম, ‘অবশ্যই যাবে। তোমাদের জন্য অনেকে অপেক্ষা করে থাকে। তাদের হতাশ করাটা বোধহয় ঠিক হবে না।’লোডশেডিংয়ের ছেলে অবাক হয়ে বলল, ‘বলেন কী, আমাদের জন্য আবার কারা অপেক্ষা করে!’‘চোর, ছিনতাইকারী—এই টাইপের লোকগুলো তোমাদের ভীষণ ভক্ত।’‘আপনার কথায় খুব আনন্দ পেলাম। আমাদের ভক্ত আছে, কথাটা ভাবতেই কেমন যেন গর্ব বোধ হচ্ছে। আমার একটু তাড়া আছে, আমি যাই। বিদ্যুতের ছেলেটাকে বিদায় করতে হবে। অনেক কাজ।’আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বাসার দিকে রওনা দিলাম। যানজটের কারণে হেঁটে হেঁটে বাসায় ফিরলাম। ঘরে ঢুকে দেখি লোডশেডিংয়ের সেই ছেলেটা বসে আছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ‘তোমার না মগবাজারে ডিউটি ছিল। এখানে এলে কেন?’‘আপনি ভুল ভাবছেন। মগবাজার আমার ভাইয়ের ডিউটি। আমরা দুজন তো যমজ, তাই আপনার চিনতে সমস্যা হচ্ছে।’‘তোমার এখানে কতক্ষণের ডিউটি?’ছেলেটা নির্বিকার ভঙ্গিতে বলল, ‘দুই ঘণ্টা।’ যেন এতে তার কিছুই যায়-আসে না! আমি তার দিকে তাকিয়ে রইলাম। নাহ্, লোডশেডিংয়ের ছেলেগুলো দিন দিন আরও বখে যাচ্ছে! সজীব আহমেদজগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।