‘আমি আকাশ ছুঁতে চাই’—ফেসবুকে এই স্ট্যাটাসটি বন্ধুদের মধ্যে বেশ আলোচিত হয়। ঘণ্টা তিনেকের মধ্যেই ৫২ জন ফেসবুক বন্ধু এটি ‘লাইক’ করে। মন্তব্য করে আরও ১৯ জন। মন্তব্যকারীদের একজন লিখে: ‘আকাশ ছোঁবে কীভাবে? সেটা তো মাথার অ-নে-ক অ-নে-ক ওপরে থাকে!’ এবার স্ট্যাটাস প্রদানকারীর উত্তর: ‘আকাশ অনেক উঁচুতে থাকে, সেটা ভালোভাবেই জানি। আর জেনেশুনেই এ স্ট্যাটাস দিয়েছি। কারণ, আমি জানি, মানুষ তার স্বপ্নের সমান বড়।’ এভাবেই সারাক্ষণ ফেসবুক, আড্ডা, গান, নৃত্য, আবৃত্তি, বিতর্ক, অভিনয় নিয়ে মশগুল থাকে দেবশ্রী ধর। তবে সে ‘পূজা’ নামেই বন্ধুদের কাছে ব্যাপক পরিচিত।সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের বহুল পরিচিত এই পূজা নামের মেয়েটি এমসি কলেজে বিজ্ঞান বিভাগে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছে। পড়াশোনায় ইতিমধ্যেই মেধার অনেক সাক্ষর রেখেছে। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। ২০১১ সালে মাধ্যমিক পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।সিলেটের যেখানেই সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানেই পূজার সরব ও প্রাণবন্ত উপস্থিতি। তাহলে সে পড়াশোনার সময়টা পায় কোথায়? পূজাই উত্তর দেয়, ‘পড়ার সময় একদম পড়াশোনা করি। অবসর সময়টুকু বই পড়ে ও সংস্কৃতি চর্চায় কেটে যায়।’অবসর সময়ে সংস্কৃতি চর্চা করতে করতে পূজা এখন সেই ফেসবুক স্ট্যাটাসের মতোই প্রায় ‘আকাশ ছুঁয়ে ফেলেছে’—এমনটাই অভিমত তার বন্ধুদের। তার বন্ধুরা জানায়, পূজা একাধিকবার জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় স্বর্ণপদক ও রৌপ্যপদক অর্জন করে একবার প্রধানমন্ত্রীর কাছ থেকেও পুরস্কার গ্রহণ করেছে। এ ছাড়া স্কুলভিত্তিক প্রতিভা যাচাই প্রতিযোগিতায় মার্কস অলরাউন্ডার রানার আপ এবং স্থানীয়ভাবে শিশু একাডেমী, জেলা প্রশাসনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিযোগিতায় সংগীত, নৃত্য, আবৃত্তি, অভিনয়, বিতর্ক ও বক্তৃতায় অংশ নিয়ে শতাধিক পুরস্কার পেয়েছে।পূজা বলে, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা, উপন্যাস, গল্প আমার খুব প্রিয়। রবীন্দ্রনাথ আমার প্রাণের সঙ্গে মিশে রয়েছেন। আমি বই পড়তে ভালোবাসি। হুমায়ূন আহমেদ ও মুহম্মদ জাফর ইকবালসহ সমকালীন অনেকের বইও পড়ি। তবে সবকিছুর পরও নির্দিষ্ট সময়ে আমার পঠ্যবইয়ের পাঠ ঠিকই সেরে নিই। আজও মনে পড়ে সে দিনটির কথা। এই তো, ২০১০ সালে বিদ্যালয় থেকে আমাকে “সেরা শিক্ষার্থী” খেতাব দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। আমি চাই ভবিষ্যতে বুয়েটে পড়াশোনা করতে।’পূজাদের বাসা সিলেট নগরের কাষ্টঘর এলাকায়। তার বাবা দিবাকর ধর একজন ব্যবসায়ী, মা বীথিকা ধর গৃহিণী। বড় ভাই দেবপ্রসাদ ধর একটি মুঠোফোন কোম্পানিতে কর্মরত। এঁদের প্রত্যেকের উৎসাহ ও সহযোগিতায় পূজা পড়াশোনার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি অঙ্গনেও সরব পদচারণ চালিয়ে যেতে পারছে বলে জানিয়েছে।পূজা জানায়, তার দাদু হিমাংশু শেখর ধর সিলেটের একজন প্রবীণ সাংবাদিক ও সমাজসেবী ছিলেন। পৌরসভার নির্বাচিত কাউন্সিলরও ছিলেন। এলাকার মানুষ তাঁকে খুব ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন। পূজা যখন পঞ্চম শ্রেণীতে পড়ে তখন তার দাদু মারা যান। দাদু মারা যাওয়ার পর থেকে পূজার মনে ইচ্ছা জাগে, ‘আমিও দাদুর মতো সুনাম অর্জন করব।’কথায় কথায় সময় গড়ায়। পূজা একনাগাড়ে নিজের স্বপ্নের কথা বলেই চলে। একপর্যায়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানটি গেয়ে ওঠে ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে...’। [email protected]