শাক্যমুনি বৌদ্ধবিহারের প্রবেশদ্বার থেকেই ওপরে ওঠার সিঁড়ি। সিঁড়িতে পা রাখতেই ঢং ঢং শব্দ—ঘণ্টা বেজে গেছে। ঘড়িতে তখন সাড়ে চারটা। সূর্য ওঠার সময় তখনো হয়নি। চারপাশে সবুজ সবুজ অন্ধকার। তার ওপর কুয়াশা ঝুলে আছে মশারির মতো। নারকেলের পাতা থেকে শিশির ঝরার টুপটাপ শব্দ বাদে আর কোনো শব্দ নেই! চোখ কচলে ঘুম থেকে উঠতে শুরু করল শ্রামণেরা। তীব্র শীতেও তাদের পরনে বাসন্তী রঙের চীবর। শাক্যমুনি বৌদ্ধবিহারের ভেতরে গড়ে ওঠা ‘প্রজ্ঞাবংশ শিশুসদনে’ থাকে এই শ্রামণেরা, যাদের বয়স সাত থেকে ১৯ বছর। খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ির এই শিশুসদনে শ্রামণের সংখ্যা ৫৭। বিভিন্ন জায়গা থেকে আসা এসব শ্রামণ এখানেই থাকে; পড়াশোনা করে আশপাশের স্কুল ও কলেজে।শাক্যমুনি বৌদ্ধবিহারের এক চিলতে উঠোনে তিনি বসে আছেন গুটিসুটি মেরে। একপ্রস্থ চীবর দিয়ে মুড়ে রেখেছেন আপাদমস্তক। কেবল চোখ দুটোই দেখা যাচ্ছে তাঁর। চামড়ার ভাঁজে বয়সের ছাপ, অথচ ছোট ছোট চোখ দুটোয় হাসির ঝিলিক। সামনে এগিয়ে গিয়ে সম্মান প্রদর্শন করলাম আমরা। হাত তুলে শান্তি কামনা করলেন প্রজ্ঞাবংশ মহাথেরো। ৭৪ বছর বয়সী এই ভিক্ষুই শতবর্ষের পুরোনো শাক্যমুনি বৌদ্ধবিহারের অধ্যক্ষ। শিশুসদনটিও পরিচালনা করছেন তিনি। ২০০৭ সালে এলাকাবাসী ও সদনটির সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে শিশুসদনটির নামকরণ করা হয়েছে তাঁরই নামে।তখনো সূর্যের দেখা নেই। শীতে ঠকঠক করে কাঁপতে কাঁপতে সিঁড়ি ভাঙল শ্রামণেরা। ধীরে ধীরে জড়ো হলো বৌদ্ধবিহার ভবনের দোতলার শেষ দিকে টানা লম্বা একটি ঘরে। হাতে বই-খাতা-কলম। সুর করে পড়তে শুরু করল কবিতা, ‘ঙরুহিকউংগা চা-ফেসেং,/ আসেং মেচি আথুহ্যাং,/ কিউংসু কিউংসা ঙরুহ্মা/ আথুফেপা ঙরুহ্ চা।’ মারমা ভাষার এই কবিতা বাংলা করলে এমন দাঁড়ায়, ‘আমাদের বিহারে পড়ার শব্দ,/ প্রচেষ্টা চলছে খাসা,/ আমরা হলাম ছাত্রছাত্রী/ পড়ছি মোদের ভাষা।’এভাবেই শ্রামণেরা শিখছে মারমা, বাংলা আর ইংরেজি ভাষা। চলছে অঙ্ক কষা, বিজ্ঞান আর ভূগোলের পাঠ নেওয়া। ওদের পড়াচ্ছেন বৌদ্ধবিহারের চারজন ভিক্ষু। আছেন আরও দুজন শিক্ষক। সাধারণ শিক্ষার পাশাপাশি নীতি আর ধর্ম শিক্ষা দেন প্রজ্ঞাবংশ মহাথেরো নিজেই, শ্রামণেরা যাঁকে ‘বড় ভান্তে’ বলেই ডাকে। বৌদ্ধধর্মাবলম্বীরা ধর্মীয় গুরুদের সম্বোধন করে ভান্তে নামে।প্রজ্ঞাবংশ শিশুসদনটি আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করেছে ২০০৭ সাল থেকে। কিন্তু এই সদনটি প্রজ্ঞাবংশ ভান্তে অনানুষ্ঠানিকভাবে পরিচালনা করছেন ৩৬ বছর ধরে। সংসার ত্যাগ করেছিলেন তরুণ বয়সে। তারপর ধর্মীয় শিক্ষা নিতে চলে যান মিয়ানমার ও ভারতে। ১৯৭৬ সালে বাংলাদেশে ফিরে এসেই হাল ধরেন শাক্যমুনি বৌদ্ধবিহারের। আশ্চর্যের বিষয়, বৌদ্ধবিহার ও শিশুসদনটি তিনি চালাচ্ছেন সংগ্রহ করা মুষ্টির চাল দিয়ে! সপ্তাহে এক দিন, প্রতি শুক্রবার শ্রামণেরা বেরিয়ে পড়েন আশপাশের গ্রামে। সংগ্রহ করেন মুষ্টির চাল। সেই চাল এবং মাইসছড়িবাসীর সাহায্য-সহযোগিতা নিয়েই তাদের থাকা-খাওয়া-পড়াশোনার খরচ বহন করছেন প্রজ্ঞাবংশ। কিন্তু কীভাবে? ব্যাখ্যা করলেন আধো বাংলা আধো মারমা ভাষায়, ‘ধৈর্য ও মৈত্রী না থাকলে উন্নতি অসম্ভব। এই বিহারে যখন এলাম, তখন শ্রামণ ছিল মোটে দুজন। আস্তে আস্তে সংখ্যাটা বাড়তে লাগল, বাড়তে লাগল অভাব।’ কিন্তু এত অভাব আর প্রতিকূলতায় হার মানেননি তিনি। প্রথম প্রথম কত দিন উপোস করতে হয়েছে! কোনো কোনো দিন হয়তো পাওয়া যেত সামান্য কিছু ভাত; সেটাই সবার মধ্যে ভাগ করে দিতেন প্রজ্ঞাবংশ। তবে একসময় বুঝতে পারেন, এভাবে আর চলবে না। শ্রামণদের বলে দিলেন, নিয়মিত বেরোতে হবে খাদ্যের অন্বেষণে। লোকে যা দেয় আর শাক্যমুনি বৌদ্ধবিহারের প্রাঙ্গণে বেড়ে ওঠা ফলমূল, শাকসবজিই ভরসা। শ্রামণেরা বড় ভান্তের কথামতো বেরিয়ে পড়ল বাইরে; এখনো যেমনটা করে। আর বৌদ্ধবিহারের আশপাশে প্রজ্ঞাবংশ রোপণ করলেন ফলদ, বনজ ও ঔষধি গাছ। শাকসবজি ফলাতে শুরু করলেন শ্রামণদের নিয়ে। কেবল খাদ্যের ব্যবস্থা করলেই তো হয় না, শ্রামণদের পড়াশোনার দিকেও নজর দিতে হয়। বৌদ্ধবিহারের লম্বা লম্বা সেগুনগাছের দিকে তাকিয়ে থেকে প্রজ্ঞাবংশ ফিরে গেলেন পুরোনো দিনে, ‘পড়াশোনা না করলে তো কেউ কোনো উন্নয়নের অংশ হতে পারবে না। তাই প্রথম থেকেই চিন্তা ছিল, শ্রামণেরা যেন সুশিক্ষিত হয়। তাই তাদের পড়াশোনার ব্যাপারেও অনেক কষ্ট করতে হয়েছে। বই-খাতা সংগ্রহ, স্কুলের বেতনসহ অন্যান্য খরচ জোগাড় করা—সবই করতে হয়েছে অনেক কষ্টে। সুখের বিষয়, শ্রামণেরা সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করেছে, এখনো করে। আগের থেকে এখনকার অবস্থা অনেক ভালো। ছোট শিশুরা নিয়মিত পড়াশোনা করে। এই শিশুসদন থেকে আজ অনেকেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করছে। দেশের বাইরেও গিয়েছে দু-তিনজন। তাই আমি চাই, এই শিশু-কিশোরেরা পড়াশোনা করুক। পড়াশোনা করে নিজে ভালো থাকুক। ওরা ভালো থাকলে দেশটাও ভালো থাকবে।’জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছেন মংশিওন মারমা। ছেলেবেলায় প্রজ্ঞাবংশ শিশুসদনেই পড়াশোনার হাতেখড়ি। বললেন তাঁর ছেলেবেলা ও শিশুসদনের কথা, ‘বড় ভান্তে এই শিশুসদন আগলে রেখেছেন পরম মমতায়। আমরা অনেকেই এখান থেকে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়-কলেজে পড়ছি। আমাদের এলাকায় পড়াশোনার ভালো সুযোগ বা পরিবেশ ছিল না। কিন্তু বড় ভান্তের উদ্যোগে আজ এখানকার প্রায় প্রতিটি পরিবারের শিশু-কিশোরেরা পড়াশোনা করছে। এ ছাড়া অনেকেই আসছে দূরের পাহাড় থেকে। কেবল পড়াশোনা নয়, খাবারদাবার আর বাসস্থানের ব্যবস্থা থাকায় এখানকার শ্রামণেরা এখন মন দিয়ে পড়াশোনা করছে। স্বপ্ন দেখছে ভালো কিছু করার। আর এখানে আমাদের মারমা ভাষাও শেখানো হয়, ফলে এই ভাষা টিকিয়ে রাখার পেছনেও বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বড় ভান্তে।’মাইসছড়ি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ছে চিনিঅং মারমা। ক্লাসে এ বছর প্রথম হয়েছে ও। সিন্দুকছড়ির মুকপাড়া থেকে আসা চিনিঅং বলল, ‘আমার বাড়ি তো পাহাড়ের ওপরে। সেখানে কোনো স্কুল নেই, তাই এখানে এসেছি। সবার সঙ্গে থাকতে, পড়াশোনা করতে খুব ভালো লাগে।’ কেবল স্কুলের অভাবেই নয়, মূলত আর্থিক অভাবেই সন্তানদের এই শিশুসদনে পাঠাচ্ছেন মা-বাবারা। তাঁদেরই একজন রুইফ্রু মারমা। ছুটি শেষে দুই ছেলেকে আবার সদনে দিয়ে যেতে এসেছেন পাহাড়ের ওপরের ওয়াকছড়ি গ্রাম থেকে। ছেলেদের জন্য নিয়ে আসা এক বস্তা কচু কাঁধ থেকে নামিয়ে রেখে বললেন, ‘গ্রামে স্কুল নেই, ঘরে অভাব। তাই বাচ্চাদের পড়াশোনা চালানো অনেক কঠিন। কিন্তু এখানে ওদের রাখলে পড়াশোনা নিয়ে চিন্তা করতে হয় না। আমার ছেলেরা এখানে থেকে পড়াশোনা করবে, অনেক বড় হবে—এটাই আশা করি।’প্রজ্ঞাবংশও তেমনটাই বিশ্বাস করেন, ‘শিশুসদনের শ্রামণেরা একদিন অনেক বড় হবে। শান্তির বাণী ছড়াবে, সমাজের উন্নয়নে অংশ নেবে। তবে এতজনের স্থানসংকুলান ও খাওয়া-দাওয়া বহন করা কঠিন হয়ে পড়ছে দিন দিন। সরকারের সহযোগিতা পেলে নিশ্চয়ই আরও অনেক শিশু-কিশোর এখানে থাকতে পারবে। আমি তো স্বপ্ন দেখি, এই সদন সব সময় মুখরিত আছে শিশুদের কোলাহলে।’