প্রণোদনা পাচ্ছেন পাঁচ হাজার কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে আউশ চাষে সরকারি প্রণোদনা পাচ্ছেন পাঁচ হাজার কৃষক। নগদ টাকার পাশাপাশি কৃষকেরা বিনা মূল্যে পাবেন সার ও বীজ।
পরিবেশের ভারসাম্য রক্ষা করে প্রান্তিক পর্যায়ে পতিত জমিতে আউশ চাষে কৃষকদের উৎসাহিত করতে এই প্রণোদনা দিচ্ছে সরকার। দেশের বিভিন্ন স্থানে পাঁচ বছর ধরে চাষিরা প্রণোদনা পেলেও কক্সবাজারে এবার প্রথম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পাঁচ হাজার কৃষকের মধ্যে সবচেয়ে বেশি প্রণোদনা পাচ্ছেন কুতুবদিয়ার কৃষকেরা—১ হাজার ৫০০ জন। এ ছাড়া চকরিয়ায় ১ হাজার ১০০, পেকুয়ায় ১ হাজার ১৫০, মহেশখালীতে ৫০০, কক্সবাজার সদরে ৫০০, উখিয়ায় ১০০, রামুতে ১০০ ও টেকনাফে ৫০ জন কৃষক প্রণোদনা পাচ্ছেন।
এর সত্যতা নিশ্চিত করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক আ ক ম শাহরিয়ার বলেন, ১৫ এপ্রিল থেকে প্রণোদনা কার্যক্রম শুরু হবে। প্রতিটি উপজেলায় কৃষকদের নগদ টাকাসহ সার ও বীজ বিতরণ করা হবে। ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়বে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় আউশ চাষযোগ্য জমি রয়েছে প্রায় পাঁচ হাজার হেক্টর।
গত বছর ২ হাজার ৪০০ হেক্টর জমিতে চাষ করেন ৫০ হাজারের মতো কৃষক। এখন অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রতি বিঘাতে প্রণোদনা পাচ্ছেন একজন করে পাঁচ হাজার কৃষক।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সারা দেশে উফশী (উচ্চফলনশীল) ও নেরিকা জাতের আউশ চাষে প্রণোদনা দেওয়া হলেও কক্সবাজারে দেওয়া হচ্ছে শুধু উফশী জাতে। এ ক্ষেত্রে প্রতিজন কৃষক পাবেন এক বিঘা জমির বিপরীতে পাঁচ কেজি ধানবীজ, ২০ কেজি ইউরিয়া সার, ১০ কেজি ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ১০ কেজি মিউরেট অব পটাশ (এমওপি) সার এবং সেচ বাবদ নগদ ৪০০ টাকা। আউশ জাতে রয়েছে ব্রি-ধান ২৬, ৪২, ৪৮, ৫৫ ও কুদরত জাতের বীজ।
উপপরিচালক আ ক ম শাহরিয়ার জানান, ভূগর্ভস্থ পানির স্তর ক্রমান্বয়ে নিচে নেমে যাচ্ছে। এ কারণে পরিবেশ বিপর্যয় ঘটছে। বোরো চাষ সাধারণত সেচনির্ভর। এক বিঘা ধান উৎপাদনে পানির প্রয়োজন হয় প্রায় তিন হাজার লিটার। আর আউশ হচ্ছে বৃষ্টিনির্ভর ধান।
সাধারণত ১৫ মার্চ থেকে শুরু হয়ে জুলাইয়ের শেষ দিকে আউশ চাষ হয়। এই সময়টার মধ্যে স্বাভাবিকভাবেই বৃষ্টি হয়। ভূগর্ভস্থ পানি ধরে রাখা, বৃষ্টিনির্ভর এবং এই সময়ে অবহেলিত জমিকে আবাদযোগ্য করার জন্য সরকার আউশ চাষে প্রণোদনা দিচ্ছে। তা ছাড়া ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা বৃদ্ধিও প্রণোদনার অন্যতম কারণ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, গত ২০১৪-১৫ অর্থবছরে জেলায় ধান চাহিদা ছিল ৩ লাখ ৮৫ হাজার ৩৯৬ মেট্রিক টন। এর মধ্যে উৎপাদন হয়েছিল ৪ লাখ ৫৮ হাজার ৮০৯ মেট্রিক টন ধান। চাহিদার চেয়ে বেশি উৎপাদন হয়েছিল ৭৩ হাজার ৪১৩ মেট্রিক টন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় জেলার বিভিন্ন স্থানে সবজির উৎপাদনও দ্রুত বাড়ছে।