প্রতারণার বিয়ে, অতঃপর বিচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানিজ ফাতেমা (ছদ্মনাম) ইংরেজি সাহিত্যের ছাত্রী। এখন তিনি দেশের খ্যাতনামা ইংরেজি ভাষা শিক্ষাপ্রতিষ্ঠানের জ্যেষ্ঠ ফ্যাকাল্টি সদস্য হিসেবে কর্মরত। প্রতারিত হন লন্ডনপ্রবাসী এক যুবকের হাতে। তাঁদের বিয়েও হয়। পরে ছেলেটি সম্পর্কে সব জানতে পেরে তালাকের চিঠি পাঠান তিনি। চট্টগ্রাম মহানগর হাকিম ও সিটি করপোরেশনের সালিসি পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহাবুবুর রহমান গত সপ্তাহে তালাক কার্যকর করেন। অভিযোগে বলা হয়, কানিজের সঙ্গে লন্ডনপ্রবাসী মোহাম্মদ মাহমেদুল হাসানের পারিবারিকভাবে বিয়ে হয়। তাঁর গ্রামের বাড়ি সিলেটে। ছেলের পরিবারের লোকজন জানায়, মাহমেদুল পিএইচডি ডিগ্রিধারী। লন্ডনে পড়াশোনা করেছে। আসলে তিনি উচ্চমাধ্যমিক পাস। বিয়ের আগে মাহমেদুল বিভিন্ন সেমিনার-সভার ছবি এবং ভিডিও ফুটেজ পাত্রী পক্ষকে দেখান। ওই ছবি এবং ভিডিওতে বিভিন্ন বিখ্যাত ব্যক্তির সঙ্গে মাহমেদুলকে দেখা গেছে। বিশেষ করে বড় রাজনৈতিক নেতা, মন্ত্রী, সচিব ও শিক্ষাবিদের সঙ্গে তাঁর ছবি রয়েছে। অভিযোগে আরও বলা হয়, বিয়ের পর ধীরে ধীরে তাঁর প্রকৃত রূপ বেরিয়ে আসে তাঁর। এক পর্যায়ে মাহমেদুল স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেন। পরে তা নির্যাতনের পর্যায়ে পৌঁছে। ইতিমধ্যে বাচ্চার মা হওয়ায় কানিজ তাঁর অন্যায়-অত্যাচার বাধ্য হয়ে সয়ে যাচ্ছিলেন। অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় শ্বশুরের সঙ্গে কথা বলেন। শ্বশুর স্পষ্ট বলে দেন, তাঁর ছেলে মারধর করবে না—এ নিশ্চয়তা তিনি দিতে পারবেন না। চুপচাপ সবকিছু সহ্য করে যেতে তিনি পুত্রবধূকে নির্দেশ দেন। শ্বশুরের কাছে বিচার না পেয়ে তিনি শারীরিক নির্যাতনের কথা তাঁর বাবাকে জানান। মেয়ের বাবা এ বিষয়ে ছেলের বাবার সঙ্গে কথা বলেন। এর পরই ছেলের বাবা মেয়ের বাবার বাসায় এসে পুত্রবধূকে গালমন্দ করেন।অভিযোগে আরও বলা হয়, বেশ কিছুদিন আগে মাহমেদুল লন্ডনে চলে যান। সঙ্গে তাঁর স্ত্রী যেতে চাইলে মাহমেদুলের পরিবারের লোকজন বিভিন্ন রকম টালবাহানা করতে থাকেন। কানিজ ফাতেমা বলেন, ‘আমি আশঙ্কা করছি, সে (মাহমেদুল) আমার শিশুসন্তানকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমি ওর কাছ থেকে মুক্তি চাই।’ মেয়ের লিখিত ও মৌখিক বক্তব্য শুনে বিচারক মোহাম্মদ মাহাবুবুর রহমান আদেশে বলেন, মেয়েটিকে অত্যন্ত মার্জিত ও বিনয়ী মনে হয়েছে। ভদ্র-নম্র এই তরুণী জীবনের শুরুতেই পৃথিবীর কঠিন একটি রূপ দেখে ফেলেছে। যা কোনোভাবেই কাম্য ছিল না। তবে সালিসি পরিষদ আশা করে, আত্মপ্রত্যয়ী ও আত্মবিশ্বাসী এই মানবী ধকলটা যত বড় হোক না কেন তা কাটিয়ে উঠতে সক্ষম হবেন: ‘সমস্ত-আকাশ-ভরা/ আলোর মহিমা/ তৃণের শিশির-মাঝে/ খোঁজে নিজ সীমা।’আদেশে আরও বলা হয়, সালিসি পরিষদ দেনমোহরসংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাখে না। মেয়েপক্ষ এ ব্যাপারে এখতিয়ার সম্পন্ন পারিবারিক আদালতে প্রতিকার চাইতে পারেন। তা ছাড়া বিয়ের যেকোনো পর্যায়ে প্রতারণার জন্য অথবা বিয়ে পরবর্তী সময়ে নির্যাতনের জন্য প্রথম পক্ষ প্রয়োজন মনে করলে এখতিয়ার সম্পন্ন ফৌজদারি আদালতে প্রতিকার চাইতে পারেন।