প্রতি উপজেলায় একাধিক রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া শুরু হয়েছে। প্রতিটি উপজেলায় একাধিক রিটার্নিং কর্মকর্তা নিয়োগ পাচ্ছেন। ইউপি নির্বাচন বিধিমালা ২০১০ অনুযায়ী প্রতিটি উপজেলার তিন থেকে ১০ জন রিটার্নিং কর্মকর্তা নির্বাচনের দায়িত্ব পালন করবেন। উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। এ ছাড়া অবাধ নির্বাচনের স্বার্থে প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী নিয়োগ করা হবে বলে জানা গেছে। চট্টগ্রামের ১৪ উপজেলায় ক্রমান্বয়ে আগামী ৪ জুন থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে সন্দ্বীপ, সীতাকুণ্ড, মিরসরাই ও ফটিকছড়ি উপজেলার নির্বাচনসংক্রান্ত গণবিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ইতিমধ্যে মিরসরাইয়ে ছয়জন, সীতাকুণ্ডে চারজন, সন্দ্বীপে ছয় ও ফটিকছড়িতে আটজনকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচনযোগ্য ইউনিয়নের সংখ্যা বিবেচনায় রেখে এসব রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানা গেছে। সূত্র জানায়, একজন রিটার্নিং কর্মকর্তা কমপক্ষে দুইটি ইউনিয়নের দায়িত্বে থাকবেন। তবে দূরত্ব ও দুর্গম বিবেচনায় একজন রিটার্নিং কর্মকর্তা একটি ইউনিয়নের দায়িত্ব পালন করবেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা উপজেলা প্রকৌশলী পদে আসীনরা রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পাচ্ছেন। গত শনিবার সম্ভাব্য রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে অন্তত ৫০ জন কর্মকর্তা যোগ দেন। মিরসরাইয়ের দুইটি ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ‘আমাদের এখানে ছয়জন রিটার্নিং কর্মকর্তা রয়েছেন। আমি দুইটি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করব। সবাই সবার ইউনিয়নের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এতে করে কাজের সুবিধা হচ্ছে। তবে আমরা সবাই কাজ করি জেলা নির্বাচন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী।’ জানা গেছে, প্রতিটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত ওয়ার্ড সদস্যপদে নির্বাচন অনুষ্ঠিত হবে। একজন ভোটার তিনটি ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন। ইউনিয়নভিত্তিক রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করার কারণে নির্বাচন সুষ্ঠুভাবে সফল করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ প্রসঙ্গে জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এক কর্মকর্তা দুই বা তার বেশি ইউনিয়ন পরিষদের দায়িত্বে নিয়োজিত থাকবেন। এক্ষেত্রে কাজের সুবিধা হওয়ার কথা। আর আমাদের প্রস্তুতি পুরোদমে চলছে।’ এদিকে, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নির্বাচনকে অবাধ করতে প্রতিটি কেন্দ্রে ২২ জন করে নিরাপত্তা কর্মী নিয়োজিত থাকবেন বলে জানা গেছে। পাশাপাশি র্যাব ও বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) নিয়মিত টহলও জোরদার করা হবে। এ ছাড়া থাকবে ম্যাজিস্ট্রেটের অধীনে ভ্রাম্যমাণ আদালত।