সাদার্ন বিশ্ববিদ্যালয়ে মাসিক দখিনার আয়োজনে ‘চট্টগ্রামের উন্নয়নে জাতীয় বাজেট: সম্ভাবনার চট্টগ্রাম’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক গত সোমবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগিতায় আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও মাসিক দখিনার সম্পাদক সরওয়ার জাহান।
বৈঠকে বক্তারা চট্টগ্রামের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এসব সমস্যার সমাধানে জাতীয় বাজেটে বরাদ্দ বাড়াতে অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। বিশেষ করে চট্টগ্রামের শিক্ষা, বাণিজ্য, অবকাঠামোগত উন্নয়ন, পর্যটন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, ব্যাংক ঋণের সুদের হার কমিয়ে তরুণ উদ্যোক্তাদের ব্যবসার সুযোগ দেওয়াসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। তাঁরা আগামী বাজেট চট্টগ্রামের জন্য উন্নয়নবান্ধব হবে বলে আশা প্রকাশ করেন। বক্তারা আরও বলেন, ‘দেশের অর্থনীতির চাকা সচল রাখার সিংহভাগ আয় চট্টগ্রাম থেকেই আসে। অথচ প্রতি বাজেটেই চট্টগ্রামকে বঞ্চিত করা হয়। সরকারের বোঝা উচিত চট্টগ্রামের উন্নয়ন মানে সামগ্রিকভাবে দেশের উন্নয়ন। সরকারের সৎ ইচ্ছা থাকলেই এই চট্টগ্রামকে অল্পদিনের মধ্যে সিঙ্গাপুরের চেয়ে আরও উন্নত আধুনিক নগরে পরিণত করা সম্ভব।’
বৈঠকে আলোচনায় অংশ নেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক শরীফুজ্জামান, শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া, বিজিএমইএর প্রাক্তন সহসভাপতি নাসির উদ্দিন চৌধরী, সাংবাদিক নাজিম উদ্দিন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সচিব অভীক ওসমান, প্রকৌশলী আলী আশরাফ, স্টক এক্সচেঞ্জের সাবেক প্রধান নির্বাহী আবু বকর সিদ্দিক, অধ্যাপক আবদুল মোক্তাদীর, সালেহ জহুর প্রমুখ। বিজ্ঞপ্তি।