‘প্রতি কিলোমিটারে তিন-চারটি বাঁক। গাড়ি যদি নিয়ন্ত্রণ হারায়, তাহলে কমপক্ষে ১০০ ফুট নিচে খাদে পড়বে। তার ওপর এখন খানাখন্দ আর জঙ্গলে ভরা। এই সড়কে চলার সময় শুধু আল্লাহকে ডাকি।’ কথাগুলো বললেন, মারিশ্যা-দীঘিনালা সড়কে চলাচল করা বাসচালকের সহকারী মো. ইসমাইল হোসেন। তাঁর মতো এ সড়কে চলাচল করা লোকজনও আতঙ্কে থাকে।সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদর থেকে বাঘাইহাটের ১০ মাইল এলাকা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এই সড়কে ৬৩টি বাঁক রয়েছে। এই বাঁক এতই বিপজ্জনক যে অন্য দিক থেকে গাড়ি এলেও বোঝার উপায় নেই। বাঁক ছাড়াও চালক যদি একটু অসাবধান হয়, তাহলে গাড়ি কমপক্ষে ১০০ থেকে ২০০ ফুট নিচে খাদে পড়ে যাবে।জানা গেছে, ২৬ কিলোমিটারের বাঘাইছড়ির মারিশ্যা-দীঘিনালা সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রায় প্রতি মাসেই দুর্ঘটনা ঘটে। গত আগস্ট মাসেও দুটি দুর্ঘটনা ঘটেছে। ১ আগস্ট চার কিলোমিটার এলাকায় একটি বাস বাঁক পেরোনোর সময় পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে আহত হয় ১০ যাত্রী। এর দুই দিনের মাথায় (৩ আগস্ট) আবার একই এলাকায় চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সমপ্রিয় চাকমা (৩২) নামের এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হন। এ ছাড়া গত ২৪ ফেব্রুয়ারি ১০ নম্বর এলাকায় দুজন, ৩ মার্চ বটতলা এলাকায় দুজন ও ১০ এপ্রিল নয় মাইল এলাকায় একজন মারা যান। প্রতিবছর এ সড়কে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটছে বলে জানা গেছে। ১ আগস্ট দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী বর্ণা চাকমা জানান, ওই দিন বাসটি বাঁক নিতে গিয়ে উল্টে যায়। পাহাড়ের সঙ্গে না লাগলে ১০০ ফুট পাহাড়ের নিচে পড়ে যেত বাসটি। বাঘাইছড়ি গ্রামের সুফল চাকমা বলেন, ‘এই সড়কে যাওয়া মানে মৃত্যু মাথায় নিয়ে যাওয়া। এখন আর আমি ওই সড়ক দিয়ে যাতায়াত করি না। কষ্ট হলেও নৌপথে যাতায়াত করছি।’ বাসচালক মিন্টু বড়ুয়া বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সড়ক এটি। কিছুক্ষণ পর পর বাঁক। খুব আস্তে এবং খুব সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হয়। ইদানীং রাস্তা বেশি খারাপ হয়েছে। এক ঘণ্টার জায়গায় দেড় ঘণ্টায়ও পৌঁছানো যায় না।’ খাগড়াছড়ি যানবাহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এস এম শফি জানান, সড়কটি খুবই ঝুঁকিপূর্ণ। ওই সড়কে প্রায় সময় গাড়ি আটকে যায় এবং নষ্ট হয়। বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা বলেন, সড়কটি এমনিতেই আঁকাবাঁকা, তার ওপর খানা-খন্দে ভরা। বিকল্প কোনো সড়ক না থাকায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চালাতে হচ্ছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের খাগড়াছড়ি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রশিদ বলেন, সড়কে বাঁকের কারণে দুর্ঘটনা ঘটছে বেশি। বাঁক সোজা করা গেলে দুর্ঘটনা কমে আসত। কিন্তু বাঁক সোজা করার জন্য কোনো বরাদ্দ নেই। তবে সড়কে সৃষ্ট খানা-খন্দ দ্রুত সংস্কার করা হবে।