প্রতি সপ্তাহে যাঁকে কাঁদতে হয়
‘কিছুদিন আগে এক মা এখানে মারা গেলেন। অফিস থেকে তাঁর ছেলের কাছে ফোন করা হলো। ছেলে গাজীপুরের কোনাবাড়িতে চাকরি করেন। তাঁকে আসতে বলা হলে তিনি আসবেন বলে কথা দেন। তাঁর জন্য অপেক্ষা করতে করতে সময় পেরিয়ে যাচ্ছিল। এর মধ্যে আরও কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। পরে জানাজা করে লাশ কবরস্থানে নিয়ে গিয়ে আমি ওই ছেলেকে ফোন করি। তিনি জানান, মায়ের লাশ দেখতে আসার সময় নেই তাঁর। আমরা যেন দাফন করে কবর দিই।’ প্রবীণদের মৃত্যু-পরবর্তী সময়ের কথা বলতে গিয়ে খানিকটা আবেগতাড়িত হয়ে পড়েন মুকুল। তিনি জানান, ‘প্রতি সপ্তাহেই এখানে কেউ না কেউ মারা যান। আমি যেহেতু তাঁদের ছেলে, আমাকে তো কাঁদতেই হয়।’মুকুলের জন্মস্থান বগুড়া। কিন্তু বেড়ে উঠেছেন পাবনায়। সেখানে স্বাধীনতার পরপরই এসএসসি ও এইচএসসি পাস করেন। তারপর ঢাকায় আসেন। সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে ডিগ্রি পাস করেন। তারপর চলে যান আবুধাবি। পাঁচ বছর সেখানে কাটিয়ে দেশে এসে শুরু করেন তৈরি পোশাকের ব্যবসা। সঙ্গে পুনর্বাসন কেন্দ্রের কার্যক্রম। এরই মধ্যে গড়ে তোলেন গিভেন্সি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। শত ভাগ রপ্তানিমুখী এ তৈরি পোশাক শিল্প গ্রুপ ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করে আসছে। বিদেশি মুদ্রা অর্জনের সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে সিআইপি (কমার্শিয়াল ইমপরট্যান্ট পারসন) নির্বাচন করে। তৈরি পোশাকের পাশাপাশি নিজের বিয়ের আগেই ১৯৮৭ সালে উত্তরার আজমপুরে ১২ রুমবিশিষ্ট ভাড়াবাড়িতে বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের কার্যক্রম শুরু করেন। ১৯৯৫ সালের ২১ এপ্রিল শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মাদার তেরেসা কেন্দ্রটির সম্প্রসারিত অংশের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশিয়া-কুরিবাড়ি, মনিপুর, গাজীপুরে। তারপর থেকে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে কোনো ধরনের সরকারি ও বেসরকারি সাহায্য ছাড়াই দীর্ঘ ২৪ বছর ধরে টিকে আছে এ বয়স্ক পুনর্বাসন কেন্দ্র। মুকুল চান না, দেশে আরও বৃদ্ধাশ্রম গড়ে উঠুক। পরিবারের অপার আনন্দ থেকে বঞ্চিত হোক কোনো মা-বাবা! তিনি চান পরিবারের সবার ভালোবাসায় সিক্ত হোন প্রতিটি প্রবীণ।