প্রতিটা লাইক, ডিজলাইক, কমেন্ট তোমাকেই তুলে ধরে

অস্কারজয়ী হলিউড অভিনেতা ম্যাথিউ ম্যাকনহে ব্যস্ততার মধ্য দিয়ে কাটাচ্ছেন করোনাকাল। লিখেছেন আত্মজীবনী গ্রিনলাইটস। গত মে মাসে গুড মর্নিং আমেরিকা অনুষ্ঠানে এ বছর সমাবর্তন পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতা দেন এই অভিনেতা। পড়ুন সেই বক্তৃতার নির্বাচিত কিছু অংশ, সঙ্গে থাকল নিজের বই নিয়ে তাঁর কিছু অনুপ্রেরণামূলক কথা।

ম্যাথিউ ম্যাকনহে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুতেই অভিনন্দন! এই অভিনন্দন তোমাদের সমাবর্তনের জন্য। তোমরা এবার কোনো প্রম (সমাবর্তনে আনন্দ অনুষ্ঠান) পাওনি, কোনো উদ্‌যাপন পাওনি। এ নিয়ে মন খারাপ কোরো না। কারণ তোমরা যা পেয়েছো, তা একেবারেই খাঁটি আর অভিনব। তোমরাই দৃষ্টান্ত। এই উপলব্ধি তোমাদের সামনের দিনগুলোকে করে তুলবে আরও আনন্দের, আরও উপভোগ্য। তোমরা ২০২০ সালের সমাবর্তন পাওয়া শিক্ষার্থীরা, বাড়ির ছাদে দাঁড়িয়ে গলা ছেড়ে গান গাও। গর্ব করো এই ভার্চ্যুয়াল সমাবর্তন নিয়ে। তোমাদের মতো সমার্বতন আগে আর কেউ পায়নি। ম্যাথিউ ম্যাকনহে তোমাদের সমাবর্তনে বক্তৃতা দিয়েছে! টি–শার্টে এটা লিখে রাখো, বাঁধিয়ে রাখো, র‌্যাপ গান বানাও এটা নিয়ে। এই অভিনব অর্জনকে সম্মানের সঙ্গে তুলে রাখো। কারণ এই অর্জন একান্তই তোমার, একমাত্র তোমার, আজীবন তোমারই থাকবে।

তোমাদের মধ্যে কেউ এরপর আরও পড়াশোনা করবে, কেউ সরাসরি নেমে যাবে মাঠে, সম্মুখসারিতে। এই মহামারির সময়েও ঢুকে পড়বে কর্মজীবনে। এখন যে দুর্যোগ চলছে, তাতে করে তোমরা অনেকেই হয়তো স্বাভাবিক সময়ের মতো শিক্ষানবিশির সুযোগ পাবে না, সুযোগ পাবে না আলাদা কোনো প্রশিক্ষণের, অডিশন বা মহড়ার। মাঠে নামার আগে নিজেকে তৈরি করার জন্য কোনো প্রস্তুতি ম্যাচেও খেলার সুযোগ নেই। তোমাকে মাঠে নেমেই ছক্কা পেটাতে হবে। জানি, এভাবে তুমি তোমার জীবনের ছক আঁকোনি। কিন্তু এমনটাই সব সময় হয়ে এসেছে, এমনই হওয়ার ছিল। তাই আমি বলব, নিজের লক্ষ্যে অটুট থাকো, লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যেয়ো না। যে অপ্রত্যাশিত পরিস্থিতিতে আছো, সেটাকেই আগলে নাও। বিশ্বাস রাখো, তুমি সব কিছুই পারো।

সাহায্য করো ২০২০ সালে সমাবর্তন পাওয়া ভাইবোনদের। নিজেদের মধ্যে গড়ে তোল একটা শক্তিশালী জোট। তোমরা আর অন্য সবার চেয়ে আলাদা। তাই এই অভিনবত্বকে গর্ব হিসেবে নাও, আর সামনের সব প্রতিকূলতাকে আগলে ধরো। সমাজে নিজেকে প্রয়োজনীয় করে তোলো। নিজের সেরাটা দাও, আর চেষ্টা করো সামনে আসা প্রতিটি সুযোগকে কাজে লাগাতে।

সাত পরামর্শ

এখন আমি আমার জীবন থেকে শেখা কিছু বিষয় তোমাদের বলব। আমি যা এত দিন সবার কাছ থেকে শুনে এসেছি, যা মেনে জীবনে এগিয়ে গেছি, সেসব।

১. নিজের বর্তমান এমনভাবে কাটাও, যেন আগামী দিনগুলোয় সম্মান নিয়ে থাকতে পারো। নিজের আচরণ থেকে শুরু করে অন্যের প্রতি নিজের আচরণ কেমন হবে—এসব কিছুর ওপর নির্ভর করে তোমার ‘আজ’। শুধু বাস্তবে নয়, অনলাইনেও নিজেকে সংযত আর বিনয়ী রাখার চর্চা আমাদের করতে হবে। অনলাইনে তুমি আরেকজনের পোস্টের নিচে মন্তব্য করছ, যাকে অনুসরণ করছ, যার পোস্টে লাইক দিচ্ছ, ডিসলাইক দিচ্ছ। মনে রেখো তোমার প্রতিটা লাইক, ডিসলাইক, কমেন্ট কিন্তু তোমার প্রতিনিধিত্ব করছে। এগুলো হয়ে উঠছে তোমার পরিচয়, তোমার ব্যক্তিত্বের অংশ।

২. নিজেকে ও অন্যকে সম্মান করো। নিজের পাশাপাশি অন্যকেও অনুপ্রাণিত করো, হাসো এবং হাসাও। যতটা পারো, যখনই পারো আনন্দে থাকো, আনন্দে বাঁচো।

৩. মহামারি ছাড়াও জীবন ভীষণ কঠিন। এখন থেকেই এই উপলব্ধি নিজের ভেতর ধারণ করো। এই সত্যটা এখন মেনে নিতে পারলে সামনের দিনগুলো অনেক উপভোগ করে কাটাতে পারবে।

৪. হেরে যাওয়াকে ভয় পেয়ে গেলে চলবে না। আগে নিজেকে জানতে শেখো। নিজেকে তৈরির জন্য যতটা ঝুঁকি নিতে হয়, নাও। এরপর নিজের লক্ষ্যের দিকে আগাও।

৫. সামর্থ্য আর সক্ষমতাকে নিজের গণ্ডির বাইরে নিতে হবে। এমনটা করতে পারলে নিজের স্বাচ্ছন্দ্যের বাইরে গিয়ে অর্জন করা যাবে অপ্রত্যাশিত স্বীকৃতি, পাওয়া যাবে সাধ্যের চেয়েও বেশি।

৬. জীবনে সবকিছু সহজভাবে পাওয়া যায় না। যদি কেউ কিছু সহজভাবে পেয়েও যায়, সেই অর্জন হয় ভীষণ বিস্বাদ। কারণ বিশেষ কিছু অর্জনের মর্ম আমরা বুঝব কীভাবে, যদি কখনো ব্যর্থতার স্বাদ না পাই।

৭. নিজের, পরিবারের আর প্রিয়জনের খেয়াল রাখো। ক্ষমা করতে শেখো—নিজেকে, পরিবারকে আর প্রিয়জনকে। নিজের ওপর বাজি ধরো, প্রতিবার চ্যালেঞ্জ ছুড়ে দাও। নতুন নতুন পরিকল্পনা করো, আর সেটা অর্জনের বিশ্বাস রাখো।

সমাবর্তন নেওয়া সবাইকে ধন্যবাদ। বর্তমানকে গড়ায় নিজের ছাপ রাখো। তবে সবচেয়ে জরুরি হলো, বাঁচো। দায়িত্বে চাপা পড়ে বাঁচা নয়, বাঁচো প্রাণ খুলে।

জীবনের জন্য প্রেসক্রিপশন

আমার বই গ্রিনলাইটস-এ ‘প্রি-স্ক্রাইবস’ বলে একটা বিষয় আছে। এর মানে হলো প্রেসক্রিপশন। জীবনের দিকনির্দেশনা ঠিক করার প্রেসক্রিপশন। এই প্রি-স্ক্রাইবস হলো কম্পাসের মতো, যা অনেককে পথ দেখাতে পারে, বলে দিতে পারে জীবনের কঠিন সময় থেকে বের হওয়ার উপায়, সাফল্যকে সামলে চলার উপায়।

যেমন আমার লেখা থেকে এখন যে প্রি-স্ক্রাইবসটা সবাই গ্রহণ করতে পারবে, সেটি হলো নিজের ফ্রিকোয়েন্সি খুঁজে বের করো। ব্যক্তিবিশেষে কিংবা সামগ্রিকভাবে সবারই জীবনে ছন্দপতন হয়েছে। আমরা কেউই নিজেদের গতিতে নেই। এই অস্থির সময় সবাইকেই প্রভাবিত করেছে। কেউই একটা নির্দিষ্ট স্টেশনে স্থির থাকতে পারছে না। বেতার তরঙ্গ বদল করার মতো, আমাদের জীবনের ফ্রিকোয়েন্সিও বারবার বদল হচ্ছে। তাই আমাদের সবাইকে আবার নিজ তরঙ্গে ফিরতে হবে, সেই পথ খুঁজে বের করতে হবে। আর এই খোঁজ শুরু করতে হবে আয়নায় তাকিয়ে, নিজেকে দিয়ে।

নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে যে আমি আরও দায়িত্বশীল হব, আরও সহানুভূতিশীল হব, নিজের মতের মূল্যায়ন করব, অন্যের মতের গুরুত্বও দেব। আমাদের নিজেকে জানতে হবে। বই পড়তে হবে। বই হলো খুবই কার্যকর ওষুধ। বই এমন এক ব্যথানাশক, যা ঘরে বসেই ব্যথা দূর করে দেবে। এটা মহাকাশযান হয়ে মঙ্গল গ্রহের দর্শনও করাতে পারে, এর জন্য কোনো লাইসেন্স বা সনদ লাগে না, লাগে না আলাদা পাইলট বা টিকিট। এটা হাসাতে পারে, কাঁদাতে পারে। বই-ই পারে অনেক অনেক খারাপ সময়েও আমাদের নিঃশর্তভাবে ভালো রাখতে।

ইংরেজি থেকে অনুবাদ: আদর রহমান

সূত্র: গুড মর্নিং আমেরিকা, দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালন