প্রতিটি জেলায় একজন প্রশিক্ষিত থেরাপিস্টের ব্যবস্থা করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন বলেছেন, ‘বর্তমানে থেরাপি ছাড়া অটিজমের কার্যকর কোনো চিকিৎসা আমাদের হাতে নেই। তাই থেরাপির ওপরই জোর দিতে হবে বেশি। এ কারণে আপাতত প্রতিটি জেলায় একজন করে থেরাপিস্টকে প্রশিক্ষণ দিয়ে পাঠানোর বিষয়টি আমরা বিবেচনায় রাখছি। যাতে করে অটিজম-আক্রান্ত শিশুরা সমাজের মূলধারার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পায়। এ ছাড়াও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আমাদের সব ধরনের আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে।’ মন্ত্রী গতকাল শনিবার সকালে নগরের শিল্পকলা একাডেমীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন। অটিস্টিক চিলড্রেনস ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক ফয়েজ আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম, শিল্পপতি গওহর সিরাজ জামিল, আবু সৈয়দ চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সভাপতি নবাব আসলাম হাবিব।গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন অটিজমের চিকিৎসায় সচেতনতা সৃষ্টি ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘চট্টগ্রামে কতজন অটিজম-আক্রান্ত শিশু রয়েছে তা আমাদের জানা নেই। তবে আমি মনে করি, এ ক্ষেত্রে সব অভিভাবক একসঙ্গে এক জায়গা থেকে উদ্যোগ নিলে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। কারণ ওষুধ দিয়ে যেহেতু এ রোগের চিকিৎসা এখনো পর্যন্ত সম্ভব হচ্ছে না, তাই সবাই মিলে যত সচেতনতা বাড়ানো যাবে তত বেশি সুফল পাওয়া যাবে।’ মন্ত্রী বলেন, ‘সচেতনতা সৃষ্টির ফলে একসময়ে প্রতি দেড় হাজার জনে যেখানে একজন অটিজম-আক্রান্ত হতো বর্তমানে সেখানে ১৬০ জনের মধ্যে একজন আক্রান্ত হচ্ছে।’ আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেন, দেশে অটিজমের ওপর কোনো প্রশিক্ষণকেন্দ্র গড়ে ওঠেনি। ফলে উপযুক্ত প্রশিক্ষকও তৈরি হয়নি। তাই বিদেশ থেকে প্রশিক্ষক এনে আমাদের কাজ চালাতে হচ্ছে, যা খুবই ব্যয়বহুল। তাঁরা এ ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা আশা করেন। পরে অটিজমের ওপর একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। এতে বিভিন্ন বিষয়ের বর্ণনা দেন ফাউন্ডেশনের পরিচালক ফাহমিদা ইসলাম চৌধুরী। এর আগে শিল্পকলা একাডেমী থেকে একটি শোভাযাত্রা বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।