
ভালোমতো খেয়াল করে বুঝতে পারলাম বাসের চাকার পাশে পড়ে আছে একটা মানিব্যাগ। জ্যামে আটকানো রাস্তা। অটোরিকশার চালককে বললাম, ‘নিয়ে আসেন।’
মানিব্যাগ খুলে দেখলাম, একটা ড্রাইভিং লাইসেন্স আর একটা জাতীয় পরিচয়পত্র। বুঝলাম, মানিব্যাগের মালিক কতটা দুশ্চিন্তার ভেতর দিয়ে যাচ্ছেন। মানিব্যাগে খুঁজে ভাঙা ভাঙা লেখায় নাম আর ফোন নম্বর পেলাম। ডায়াল করে বললাম, পরিচয়পত্রের উল্লেখিত নামে কাউকে চেনেনকি না।
ওই ব্যক্তি চিনলেন। পরে মানিব্যাগের মালিকের সঙ্গে কথা হলো। দেখাও করলাম। তিনি একজন বাসচালক, যাঁর কাছে ওই ড্রাইভিং লাইসেন্সটা ছিল তাঁর জীবিকা নির্বাহের একমাত্র পথ। ফিরে আসার সময় বললেন, ‘ভাই জানেন, চিন্তায় পড়ে গেলেও আমি জানতাম এটা আমি ঠিক ফেরত পাব।’ শুনে একটু কেমন লাগল। আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম ‘কীভাবে?’ বললেন, ‘আমি একবার আমার বাসে ফেলে যাওয়া একজনের মানিব্যাগ ফেরত দিয়েছিলাম।’
আরাফাত নোমান
প্রভাষক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি