প্রতিদিন একটু করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তার ছোট্ট হাতে দড়ির গিঁট বাঁধা হয় না। মা এসে বারান্দার গ্রিল থেকে টানটান করে বেঁধে দেন। সামনে বসে দেখে সে। বাংলাদেশের পতাকার লাল সূর্যটার ভেতর দিয়ে আলো এসে পড়ে ঘরে। ২.খুব সকালবেলা ঘুম ভেঙেই সে বের করে তার ছড়া লেখা টি-শার্ট। আজ মা-বাবার সঙ্গে বেড়াতে যাবে সে। রায়েরবাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে অথবা সারা দিনের জন্য তারা চলে যাবে সাভার স্মৃতিসৌধে। বাবা তাকে ঘুরে ঘুরে দেখাবেন সব। মা শোনাবেন কেমন করে পেলাম আমরা আজকের এই বাংলাদেশ।৩.গ্যালারিতে দারুণ হইচই। বাংলাদেশের ব্যাটসম্যানদের একেকটা বল বাউন্ডারি পার হয় আর বাজতে থাকে গান—‘জয় বাংলা বাংলার জয়’ কিংবা ‘নোঙর তোল তোল’ গানের কথা তার মুখস্থ নেই, বুঝতেও পারছে না। তবু সে মাথা নাড়ে, তালে তাল মেলায়। আশপাশের সবাই হাত উঁচু করে তুলে ধরেছে জাতীয় পতাকা। তার হাতটা আড়ালেই পড়ে থাকে। তবু সে শক্ত করে ধরে থাকে তার পতাকাখানি।৪.গাড়িটা সিগন্যালে থামতেই সে কাচ নামিয়ে দেয়। পপকর্ন বা প্লাস্টিকের খেলনার আবদার নয়, সে কিনতে চায় বাংলাদেশের পতাকা। লম্বা লাঠিতে বাঁধা নানা আকারের লাল-সবুজ পতাকা নিয়ে ঘুরতে থাকা লোকটাকেই সবচেয়ে আকর্ষণীয় মনে হয় তার।এভাবেই তো একটি শিশুর ভেতরে জেগে ওঠে বাংলাদেশ। এর কোনো ধরাবাঁধা নিয়ম নেই, এর কোনো পাঠ্যসূচিও নেই। প্রতিদিনের জীবনযাপনের মধ্য দিয়েই অভিভাবক তাকে বুঝিয়ে দেবেন এসব।দেশটাকে জানা, দেশের মানুষদের ভালোবাসতে শেখা—এর শুরুটা তো হয় খুব ছোটবেলা থেকেই। চার-পাঁচ বছরের শিশু কতটাই বা বুঝবে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস? একজন ১০ বছরের শিশু কি পাঠ্যবইয়ের আমাদের ইতিহাস পড়েই তা ধারণ করতে পারবে? শুধু কি ডিসেম্বর, ফেব্রুয়ারি বা মার্চ মাসেই তারা শুনবে দেশের কথা? তার মধ্যে দেশের জন্য ভালোবাসা তৈরি করতে সেটাই কি যথেষ্ট?এ নিয়ে কথা হয় ঢাকার অরণি বিদ্যালয়ের অধ্যক্ষ ইসমাত সুলতানার সঙ্গে। তিনি মনে করেন, তিন-চার বছরের শিশুকেও গল্পের ছলে বলা উচিত মুক্তিযুদ্ধের কথা। শোনানো উচিত ছোটদের দেশাত্মবোধক ছড়া। ‘একটু যখন বড় হবে সে, একটু একটু বুঝতে শিখবে। তখন আর এসব কথা তার একদমই অপরিচিত মনে হবে না। সহজেই সে উপলব্ধি করে নেবে তা।’ বলেন তিনি।তবে স্কুলের আগে বাড়িতেই এসবের চর্চা শুরু হওয়া উচিত বলে তাঁর মত। আর সে চর্চাটা যেন থাকে সারা বছরই। ‘বিজয় দিবস, স্বাধীনতা দিবস, একুশে ফেব্রুয়ারি—এ দিনগুলো আমরা বিশেষভাবে উদ্যাপন করবই। কিন্তু শিশুকে গল্পের ছলে এর পটভূমিটাও জানাতে হবে। না হলে তার কাছে এ দিনগুলো শুধু উৎসবের দিনই মনে হবে। এসবের তাৎপর্য সে বুঝতে শিখবে না।’ বলেন ইসমাত সুলতানা।মুক্তিযোদ্ধা আক্কু চৌধুরীর মত অবশ্য কিছুটা ভিন্ন। তিনি মনে করেন তিন-চার বছরের শিশুদের কোনভাবেই যুদ্ধের ভয়াবহতার কথা বলা যাবে না। আর একটু বড় হলে, সাত-আট বছর বয়স হলে একটু একটু করে বলতে হবে। তবে তারপরও যুদ্ধের বীভৎসতার ছবি যাতে তারা না দেখে। বরং মুক্তিযোদ্ধার বীরত্বের কথা তাদের জানানো যেতে পারে। ‘ওদের মা-বাবাদেরই আগে সঠিকভাবে জানতে হবে আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে।’ বলেন তিনি।শুধু গল্প নয়, চমৎকার সব দেশাত্মবোধক গানের মধ্য দিয়েও সে বুঝতে পারবে আমাদের ইতিহাস। মুক্তির গান নিয়ে বাংলাদেশের আনাচকানাচ ঘুরে বেরিয়ে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সুরের ঝড় তুলে আমাদের মুক্তিযোদ্ধাদের মনোবল অনেকটাই দৃঢ় করেছিলেন গানের শিল্পীরা। সেই গানগুলোই শুনুক না শিশু বাড়িতে। বুয়ার ঝগড়া বা টেলিভিশনের শব্দে নয়। তার ঘুম ভাঙুক ‘একবার যেতে দে না’, ‘নাই নাই ভয় হবে হবে জয়’ এমন গানের সুরে। শুধু শোনা নয়, নিজেও গাইতে শিখুক সে এসব গান। এর মধ্য দিয়েই সে অনেকখানি চিনে ফেলবে বাংলাদেশের সাহসী মানুষদের। এমনই মনে করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শাহীন সামাদ।গল্প-গান শোনা, বেড়াতে যাওয়া তো হবেই। পাশাপাশি শিশুর কি উপলব্ধি এসব নিয়ে তা-ও যেন একটু দেখা হয়। ‘তাকে একুশে ফেব্রুয়ারির গল্প শুনিয়ে বলতে পারেন এ নিয়ে একটা ছবি আঁকতে। ১৬ ডিসেম্বরের বিজয় উল্লাসের কিছু ছবি দেখিয়ে বলতে পারেন এ নিয়ে কয়েক লাইন লিখে ফেলতে।’ বলেন ইসমাত সুলতানা।তিনি মনে করেন, আমরা অনেক ভাগ্যবান যে সরাসরি যাঁরা মুক্তিযুদ্ধ করেছেন, তাঁদের অনেকে আমাদের আশপাশেই আছেন। তাঁদের কাছ থেকেই শিশু জেনে নিতে পারে এ সম্পর্কে। এই প্রজন্মের বেশির ভাগ দম্পতিই নিজেরা মুক্তিযুদ্ধ দেখেননি। তাঁরা তাঁদের শিশুকে নিয়ে যেতে পারেন পরিবারের বয়স্ক কোনো সদস্যের কাছে। যে মানুষটি তাকে আদর করে কোলে তুলে নিচ্ছেন, সেই মানুষটিই দেশের প্রয়োজনে কতটা বীরত্ব দেখিয়েছেন, সেই গল্প তাকে বলতে হবে। এ জন্য খুব দূরে যেতে হবে না। আমাদের কাছেই আছেন এমন অনেকে। ‘২৫ মার্চ রাতে আমরা ঢাকাতেই ছিলাম। দেখেছি সেই দিনগুলোর ভয়াবহতা। সে কথা ভাবলে এখনো স্থির থাকতে পারি না। এই অনুভূতির কথা তো এখনকার প্রজন্মকেও জানতে হবে।’ বলেন ইসমাত সুলতানা।এখনকার শিশুদের কাছে খুলে গেছে তথ্যের অনেক বড় জগৎ। টেলিভিশন, ইন্টারনেট সহজলভ্য হচ্ছে, ফলে তার জানার পরিধিটা বাড়ছে। আবার একই সঙ্গে জানা প্রয়োজন এমন অনেক বিষয় থেকেও তার মনোযোগ হারিয়ে যাচ্ছে। এমন মনে করেন রায়কা-আল হোসাইন। একটি টেলিভিশন চ্যানেলে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করছেন তিনি। তাঁর আট বছরের মেয়ে আরিয়া বিদেশি কার্টুন দেখে, পড়েও ইংরেজি মাধ্যম স্কুলে। তাকে দেশের কথা বোঝানোর দায়িত্বটা একদম নিজের বলেই মনে করেন রায়কা। ‘আগে কিন্তু আমাদের মা-বাবারা এসব নিয়ে এত কিছু বলতেন না। আমরা টেলিভিশনে দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেখতাম, সিনেমা দেখতাম। নিজেরাই বুঝে নিতাম অনেকখানি। কিন্তু এখনকার শিশুদের এসব বলে দিতে হয়। আমি যেমন মেয়েকে পতাকা কিনে দেই। বাংলা গান শেখাই।’ বলেন তিনি। আর এভাবেই যেন একটু একটু করে লাল-সবুজ পতাকার তাৎপর্য বুঝতে শেখে শিশু।