প্রতিদিন চল্লিশটি কুকুরকে খাওয়ান এই পরিচ্ছন্নতাকর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠের দিকে গেলে এক লোকের দেখা পাওয়া যায়, যিনি প্রতিদিন সকালে ও দুপুরে নিয়ম করে কুকুরকে খাবার দেন। জগন্নাথ হলের ছাত্রদের কাছে তিনি পরিচিতি মুখ। নাম সুদনচন্দ্র বর্মন। জীবনের পঞ্চাশটি বসন্ত পার করে এসব কুকুরকেও হলের ছাত্রদের মতো আপন করে নিয়েছেন তিনি।

প্রতিদিন দুই বেলা কুকুর খাওয়ান সুদনচন্দ্র বর্মন
ছবি: সংগৃহীত

সুদনচন্দ্র বর্মন একজন পরিচ্ছন্নতাকর্মী। একসময় অ্যালুমিনিয়াম কারখানায় কাজ করতেন। বিয়ে করেন জগন্নাথ হলের এক কর্মচারীর মেয়েকে। তারপর এখানেই অস্থায়ী ভিত্তিতে চাকরি পান। ৩০ বছর ধরে জগন্নাথ হলের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছেন। ১৫ বছর ধরে পরম মমতায় খাইয়ে যাচ্ছেন জগন্নাথ হলের কুকুরগুলোকে। সকালে প্রয়োজনীয় কাজ শেষে কুকুরের জন্য খাবার সংগ্রহ করেন।

কুকুরকে খাইয়ে তারপর আবার কাজে নেমে পড়েন। দুপুরে আবার ক্যানটিন অথবা হলের মেস থেকে খাবার এনে কুকুরগুলোকে খাওয়ান।

কুকুরের প্রতি এ রকম ভালোবাসা কীভাবে জন্মাল? এক দুপুরে তাঁর কাছে জানতে চাই। ভাঙা গলায় হাসতে হাসতে তিনি বলেন, ‘আমরা তো মানুষ। ক্ষুধা লাগলে বলতে পারি, খেতে দাও। কুকুর তো বলতে পারে না যে আমাকে খেতে দাও।’ কুকুরের এই কথা বলতে না পারাই তাঁকে এই কাজে উৎসাহিত করে। কুকুরের জন্য তিনি মমতা বোধ করেন। তবে এর পেছনে আরও ভূমিকা রেখেছে ছোটবেলায় পড়া ‘মানুষের সেবা’ কবিতাটি। ‘হাসরের দিন বলিবেন খোদা—হে আদম সন্তান, তুমি মোরে সেবা কর নাই, যবে ছিনু রোগে অজ্ঞান।’

জগন্নাথ হলে চল্লিশটির বেশি কুকুর আছে। নিজের সন্তানের মতো কুকুরগুলোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। যখন এই কথোপকথন চলছে, তখনো একটি কুকুর পাশ দিয়ে যাচ্ছিল। ‘বাবু বাবু’ বলে ডাকতেই দেখা গেল অনেক কুকুর তাঁর কাছে এসে গা ঘেঁষে দাঁড়াল। বোঝা গেল, তিনি ওদের খুব আপনজন। করোনার প্রভাবে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। হলের মেস-ক্যানটিন বন্ধ হয়ে যায়। সেই সময়ও হলের কুকুরগুলোকে খাওয়ানোর দায়িত্ব নিজেই কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। প্রতিদিন ১০ থেকে ১৫ কেজি চাল রান্না করে কুকুরদের দিতেন, সঙ্গে থাকত মুরগির গিলা-কলিজা। এই কাজে হলের বর্তমান ও প্রাক্তন ছাত্ররা আর্থিক সহায়তা করতেন।

নিজের সন্তানের মতো কুকুরগুলোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি
ছবি: সংগৃহীত

দিন শেষে সাদাসিধে মানুষটির একটাই আক্ষেপ, চাকরিটা স্থায়ী হলে এ কাজের জন্য মানুষের সাহায্যের অপেক্ষায় থাকতে হতো না। তবু সুদনচন্দ্র বর্মন হাসিমুখে আমাদের জানান, যত দিন শরীরে শক্তি আছে, নিজে খেতে পারেন, তত দিন কুকুরদের খাওয়ানোর কাজ চালিয়ে যাবেন তিনি।