প্রতিদিন ছয়টি বিবাহবিচ্ছেদ
এক. নগরের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) বাসিন্দা আয়শার (ছদ্মনাম) সঙ্গে একই এলাকার সোহেলের (ছদ্মনাম) বিয়ে হয় বছর দুয়েক আগে। বিয়ের পরই পোশাক কারখানার শ্রমিক সোহেল যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর সীমাহীন শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। এ অভিযোগে আয়শা স্বামীর কাছে বিবাহবিচ্ছেদের চিঠি পাঠান।দুই. আগের স্ত্রী ও সন্তানের তথ্য গোপন রেখে চট্টগ্রামের পাহাড়তলী এলাকার বাসিন্দা উচ্চশিক্ষিতা হাসনাহেনাকে (ছদ্মনাম) বিয়ে করেন ঢাকার বাসিন্দা জাবেদ (ছদ্মনাম)। বিয়ের তিন বছর পর এ তথ্য ফাঁস হয়। পরে জাবেদের কাছে বিবাহবিচ্ছেদের চিঠি পাঠান হাসনাহেনা। শুধু আয়শা বা হাসনাহেনা নন, তাঁদের মতো অনেকে বিবাহবিচ্ছেদের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনে চিঠি পাঠাচ্ছেন। ১৯৬১ সালের মুসলিম পারিবারিক অধ্যাদেশ অনুযায়ী নগরে গড়ে প্রতিদিন প্রায় ছয়টি বিবাহবিচ্ছেদের (তালাক) ঘটনা ঘটছে। দিন দিন এ সংখ্যা বাড়ছে। ২০০১ সালে নগরে প্রতিদিন গড়ে বিবাহবিচ্ছেদ ঘটত ১ দশমিক ৫৯। ২০১০ সালে তা বেড়ে দাঁড়ায় ৫ দশমিক ৯২। চট্টগ্রাম সিটি করপোরেশন থেকে পাওয়া এক পরিসংখ্যানে দেখা যায়, ২০০১ সালে চট্টগ্রাম নগরে ৫৮০টি বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটেছে। ২০০৫ সালে চট্টগ্রাম নগরে মোট বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটে ৯৩১টি। ২০০৪ সালে এ সংখ্যা ছিল ৮৪১টি। ২০০৩ ও ২০০২ সালে যথাক্রমে ৭২২ ও ৭৩৫টি। ২০০৬ সালে মোট এক হাজার ১৪৮টি বিবাহবিচ্ছেদের জন্য চিঠি জমা পড়ে। এর মধ্যে পরে ৮১টি প্রত্যাহার করা হয়। ২০০৬ সালের তুলনায় ২০০৭ সালে বিচ্ছেদ ৩০ শতাংশ বৃদ্ধি পায়। তবে বিচ্ছেদের জন্য সিটি করপোরেশনে পাঠানো চিঠি প্রত্যাহারের সংখ্যা তিন শতাংশের বেশি নয় বলে জানা গেছে। প্রথম আলোর অনুসন্ধানে জানা যায়, আর্থিক অভাব-অনটন, যৌতুক, পরকীয়া প্রেম, নেশায় আসক্তি ইত্যাদি বিবাহবিচ্ছেদের অন্যতম কারণ। বেশির ভাগ ক্ষেত্রে স্বামী-স্ত্রীর ওপর অত্যাচার চালান বলে পরিসংখ্যানে জানা গেছে। তবে স্ত্রীর অমানবিক আচরণেরও শিকার হচ্ছেন কিছুসংখ্যক স্বামী। বিশেষ করে শিক্ষিত ও বিত্তশালী পরিবারে স্বামী মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। সিটি করপোরেশনের এক হিসাবে দেখা যায়, প্রায় ৮০ শতাংশ বিচ্ছেদের চিঠি আসে স্ত্রীর পক্ষ থেকে। আর বিবাহবিচ্ছেদের প্রায় ৭০ শতাংশই ঘটে নিম্নবিত্তদের মধ্যে। চট্টগ্রাম সিটি করপোরেশনের সালিসি পরিষদের বেঞ্চ সহকারী জানান, চট্টগ্রাম ইপিজেড ও পোশাক কারখানার শ্রমিকেরা নিজের পছন্দে বিয়ে করেন। তাঁদের বিয়ে বেশি দিন টেকে না। বিশেষ করে বিয়ের পর স্বামী যৌতুক দাবি করে স্ত্রীর ওপর নির্যাতন চালালে সংসারে ভাঙনের সুর বেজে ওঠে। সিটি করপোরেশনের পরিসংখ্যান থেকে জানা যায়, নগরের বন্দর অঞ্চলে ২০১০ সালে এক হাজার ৩০২ এবং উত্তরাঞ্চলে ৮৬০টি বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটে। একইভাবে ২০০৯ সালে বন্দর অঞ্চলে এক হাজার ১২৩ এবং উত্তরাঞ্চলে ৮২৯টি বিচ্ছেদ হয়। বন্দর অঞ্চলে ইপিজেডের অবস্থান, যেখানে লক্ষাধিক শ্রমিক কাজ করে। ওই এলাকার কারখানায় কাজ করতে আসা নারীশ্রমিকদের সংখ্যা বেশি। তাঁদের বিয়ে বেশি দিন টিকছে না বলে জানা গেছে। সিটি করপোরেশন সূত্র জানায়, চিঠি পাঠানোর তিন মাসের মধ্যে করপোরেশনের সালিসি পরিষদ উভয় পক্ষকে ডেকে মীমাংসার চেষ্টা চালায়। দুই পক্ষ সমঝোতায় সম্মত হলে বিচ্ছেদের চিঠি প্রত্যাহার করা হয়। এই হার ৩ শতাংশের বেশি হবে না বলে জানা গেছে।