প্রতিদিন নতুন চেহারা
শেষবার যখন আইসিসি পরিদর্শক দল চট্টগ্রাম জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শনে আসে, তখন ঝনঝন শব্দে ভেঙে পড়েছিল সাইট স্ক্রিনের পাত। এ নিয়ে বেশ লজ্জায় পড়ে গিয়েছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তখন তাঁদের দুশ্চিন্তা ছিল আইসিসির পরিদর্শকদের সম্ভাব্য প্রতিবেদন নিয়ে। তবে সে যাত্রায় রক্ষা পেয়েছিলেন তাঁরা। এরপর চট্টগ্রামের এই বিশ্বকাপ ভেন্যুর চেহারায় অনেক পরিবর্তন এসেছে। এখন প্রতিদিনই রূপ বদলাচ্ছে। কিন্তু কলকাতার ইডেন গার্ডেনে চূড়ান্ত পরিদর্শনে গিয়ে আইসিসির প্রতিনিধিদল সন্তুষ্ট না হওয়ায় একটি ম্যাচ করা হয়। তার হাওয়া এসে লেগেছে চট্টগ্রামেও, নড়েচড়ে বসেছেন বিশ্বকাপ প্রস্তুতির সঙ্গে সংশ্লিষ্ট লোকজন। আগামী ৩ ফেব্রুয়ারি আইসিসির পরিদর্শক দল চূড়ান্ত পরিদর্শনে আসবে জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়ামে। তাই ভেন্যু দেখে যাতে আইসিসি সন্তুষ্ট হয় সে জন্য কোমরবেঁধে মাঠে নেমেছেন চট্টগ্রামের সংগঠকেরা। চট্টগ্রামের বিশ্বকাপ ভেন্যুর চেয়ারম্যান সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীরের কথায় আশঙ্কার কিছু পাওয়া গেল না—‘আমার কাছে আইসিসির আগামী পরিদর্শন আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। কারণ, আমরা অনেকটাই প্রস্তুত। তাদের নির্দেশনা অনুযায়ী কাজের যথেষ্ট অগ্রগতি হয়েছে। মাঠ ও স্টেডিয়ামের ২০ শতাংশ কাজ মাত্র বাকি। তা-ও শেষ পর্যায়ে রয়েছে।’ সর্বশেষ পরিদর্শনে আইসিসি ভেন্যুর প্রশংসা করে গেছেন বলে দাবি করেন তিনি। এটা ঠিক সর্বশেষ পরিদর্শনের পর স্টেডিয়ামের একপাশের গ্যালারি দোতলা হয়ে গেছে। এখন চলছে প্লাস্টারের কাজ। গ্যালারিতে চেয়ার বসানোর কাজও শেষ। মাঠের পানি নিষ্কাশন ও ঘাসের কাজ করছেন গলফ মাঠের পরিচর্যাকারীরা। তবে মাঠের বাইরের কাজ নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে। সিটি করপোরেশনের গাড়ি রাখার স্থান ঠিক করা, সড়ক নির্মাণ, পথনির্দেশিকা চিহ্ন আঁকা, ফুটপাত ও রাস্তাঘাট অবৈধ দখলমুক্ত করার কাজ চলছে ঢিমেতালে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) কাজ নিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের একই অভিযোগ। তবে নির্দিষ্ট সময় পর পর বিশ্বকাপ প্রস্তুতিতে গঠিত সমন্বয় কমিটি সংশ্লিষ্ট বিভাগের সদস্যদের নিয়ে সভা করে যাচ্ছেন। সর্বশেষ গত বৃহস্পতিবার সার্কিট হাউসে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকসূত্রে জানা যায়, স্টেডিয়ামে ঢোকার জন্য কাস্টমস একাডেমি হয়ে বিকল্প পথ এখনো তৈরি হয়নি, পার্কিং ও পথ নির্দেশিকা চিহ্ন আঁকার কাজ শুরুই হয়নি। এ ছাড়া চউকের সড়কটিও এখনো পুরোপুরি তৈরি হয়নি বলে জানা গেছে। এর আগে ১৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মোহাম্মদ আবদুল করিমের সভাপতিত্বে প্রস্তুতি কমিটির আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তাতে কাজে ধীরগতির জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনকে ভর্ৎসনা করেন মুখ্যসচিব। ওই বৈঠকের ১৫ দিন পার হলেও সিটি করপোরেশনের কাজের অগ্রগতি খুব সামান্য বলে জানা গেছে। ৫ ফেব্রুয়ারি মুখ্যসচিব পুনরায় চট্টগ্রাম এসে কাজের অগ্রগতি নিয়ে বৈঠক করবেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর বলেন, ‘মুখ্যসচিব ৫ তারিখ এসে বৈঠক করবেন। তিনি সবকিছু দেখবেন ও পরবর্তী নির্দেশনা দেবেন। স্টেডিয়ামের বাইরের কাজগুলোতে আরও গতি আনা দরকার।’ জানা গেছে, বাইরের কাজের মধ্যে ১১টি ছোট-বড় প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে সিটি করপোরেশন। এর মধ্যে অন্তত তিনটি প্রকল্প বাস্তবায়নের জন্য সিটি করপোরেশন মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত সময় চেয়েছে। এ ছাড়া চউকের দায়িত্বে থাকা প্রধান সড়ক নির্মাণ ও পাশে গাছ লাগানোর জন্য ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় নির্ধারণ করা হয়।সর্বশেষ গত বৃহস্পতিবারের সমন্বয় কমিটির বৈঠকে বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান সংশ্লিষ্ট লোকজনকে কাজগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়ে বলেন, ‘অনেক সময় আনুষ্ঠানিকতা মেনে কাজ করতে দেরি হয়ে যায়। তাই কিছু ক্ষেত্রে বৃহত্তর স্বার্থে অনানুষ্ঠানিকতা করতে হয়। তাতে সবার ভালো হয়। বিশ্বকাপ আয়োজক হওয়াটা আমাদের জন্য সম্মানের। এটাকে সুন্দর ও সফল করে তোলার জন্য সবার সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’