ইফতারে প্রতিদিন একই পদ খেতে খেতে বিরক্তি ধরে গেছে যাঁদের, তাঁরা রেস্তোরাঁর ইফতারে স্বাদ বদল করতে পারেন। নগরের বেশ কয়েকটি রেস্তোরাঁর ইফতার আয়োজনে এবার বৈচিত্র্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। নগরের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদের এ ধরনের দুটি রেস্তোরাঁর ইফতার আয়োজন নিয়ে লিখেছেন নিজস্ব প্রতিবেদকঅ্যাম্ব্রোসিয়ানগরের আগ্রাবাদ এলাকার শেখ মুজিব সড়কে অবস্থিত অভিজাত অ্যাম্ব্রোসিয়া রেস্তোরাঁয় দেশি-বিদেশি ৪৫টি পদ দিয়ে এবারের ইফতার আয়োজন সাজানো হয়েছে। খাবারের নানা পদেও আছে বৈচিত্র্য। ক্রেতারা বাড়ি নিয়ে যেতে পারেন তিনটি সেট বক্স। এ ছাড়া সপ্তাহের সাত দিন আলাদা পদে ইফতার করার সুযোগ আছে এখানে। সাত দিনের জন্য আছে ভিন্ন সাতটি ‘ইফতার প্রি-প্লেট’। আছে তিনটি পার্টি মেন্যুও। এখানে খাসির মাংসের পার্সিয়ান হালিম প্রতিকেজি ৩৮০ টাকা, মুরগির মাংসের পার্সিয়ান হালিম ৩৬০ টাকায়, বিফ মেজবান আধা কেজি ৩০০ টাকা, বিফ চাপ আধা কেজি ৩০০ টাকা, আধা কেজি রেশমি জিলাপি ১৫০ টাকা, চিকেন সাশলিক ১৫০ টাকায়, ফিশ সাশলিক ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। এখান থেকে ৩৩৩ টাকায় ১৫ পদের সেট মেন্যু-১, ৩৬৬ টাকায় ১৬ পদের সেট মেন্যু-২ এবং ৩৯৯ টাকায় ১৮ পদের সেট মেন্যু-৩ কিনে বাসায় নিতে পারবেন ভোজনরসিকেরা। রেস্তোরাঁর মনোরোম পরিবেশে পার্টি আয়োজনের জন্য আছে আরও তিনটি আলাদা মেন্যু। এ ক্ষেত্রে ১৭ পদের মেন্যুর দাম পড়বে ৪৫০ টাকা। ফিশ ফিঙ্গার, হালিম, জিলাপি, মাংস ভুনা ও পরটার মতো ১৯ পদে সাজানো মেন্যু-বি-এর দাম ৫৫০ টাকা। তেহারি, বিফ আচারি, পাটিসাপটা পিঠা, সন্দেশসহ মুখরোচক ২১ পদে সাজানো মেন্যু-সি-এর দাম ৬৫০ টাকা। এ ছাড়া আলাদা আলাদা বিভিন্ন খাবার দিয়ে সাজানো হয়েছে সপ্তাহের ইফতার আয়োজন। সঙ্গে থাকছে ডিনার। এই দুটি আয়োজনের জন্য জনপ্রতি খরচ পড়বে ৬৬৬ টাকা। অ্যাম্ব্রোসিয়ার মহাব্যবস্থাপক বিজয় ফ্রান্সিস কস্টা প্রথম আলোকে বলেন, ‘আমরা চেষ্টা করি ব্যতিক্রম কিছু করতে। প্রতিদিনের জন্য আলাদা মেন্যু করেছি, যাতে ক্রেতারা পছন্দের মেন্যু বেছে নিতে পারেন। ভালোই সাড়া পাচ্ছি।’সিলভার স্পুননগরের অফিসপাড়া খ্যাত আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার কর্মজীবীদের পছন্দের তালিকায় সব সময়ই থাকে সিলভার স্পুনের ইফতার। রেস্তোরাঁটি ১২ বছর ধরে ইফতারের আয়োজন করে আসছে। এ বছর তিনটি বক্স ও একটি ব্যুফে মেন্যু দিয়ে সাজানো হয়েছে ইফতারের আয়োজন। পরিচ্ছন্ন ও মানসম্মত খাবার তৈরির দিকে নজর দেওয়ায় সিলভার স্পুনে ক্রেতারা ভিড় করেন। এখানে চিকেন সাশলিক, খাসির মাংসের তেহারি, জিলাপিসহ ১০টি পদে সাজানো ইফতার বক্স-৩-এর দাম ৪০০ টাকা। পটেটো চপ, ফিরনি, জিলাপি, নওয়াবি বিরানিসহ ১১ পদের ইফতার বক্স-৩-এর দাম ৪৪০ টাকা। বারবিকিউ চিকেন, ক্ষীর পাটিসাপটা, লাচ্ছিসহ ১১ পদে সাজানো ইফতার বক্স-১-এর দাম পড়বে ৪৭০ টাকা। দেশি-বিদেশি বাহারি ২৪ পদে সাজানো হয়েছে ব্যুফে ইফতার মেন্যু। এই আয়োজনে আছে চিকেন মাসালা, বিফ বোখারা কাবাব, নওয়াবি বিরানি, বিফ কালিয়া, দইবড়া, বারবিকিউ চিকেন, হালিম, শাহি টুকরার মতো রকমারি সব পদ। দাম ৫৯০ টাকা। সিলভার স্পুনের নির্বাহী স্বত্বাধিকারী (এক্সিকিউটিভ পার্টনার) মো. ইশতিয়াক হোসেইন প্রথম আলোকে বলেন, ‘মানের বিষয়ে আমরা কোনো ছাড় দিই না। সবচেয়ে ভালো উপকরণ দিয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে আমাদের খাবার তৈরি করা হয়। ক্রেতারাও এখন অনেক স্বাস্থ্য সচেতন।’