প্রতিদিন ৩৫টি ক্লাস নেন ৫ জন শিক্ষক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ আটটি পদে দীর্ঘদিন ধরে শিক্ষক নেই। শিক্ষকসংকটের কারণে ব্যাহত হচ্ছে পাঠদান। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে ১৩টি শিক্ষক পদের মধ্যে শিক্ষক আছেন পাঁচজন। এ ছাড়া কার্যালয় সহকারী ও এমএলএসএস পদেও লোকবল নেই দীর্ঘদিন ধরে।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুর কুমার সিংহ বলেন, বিদ্যালয়ে শিক্ষকসংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গণিত ও কৃষিবিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষক নেই বহু দিন ধরে। বিজ্ঞান বিষয়ের শিক্ষক গণিত ও কৃষিবিজ্ঞান পড়াচ্ছেন। বিদ্যালয়ের পাঁচজন সহকারী শিক্ষকের মধ্যে একজনকে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হয়। প্রতিদিন ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ৩৫টি ক্লাস নিতে হচ্ছে পাঁচজন শিক্ষককে।বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা জানান, ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। শুরুতে এটি ছিল জুনিয়র হাই স্কুল। পরে এটি ধাপে ধাপে দশম শ্রেণী পর্যন্ত চালু হয়। ১৯৮৯ সালে তৎকালীন সরকার প্রধান প্রেসিডেন্ট এইচ এম এরশাদ আলীকদম উপজেলা সফরে এসে বিদ্যালয়টিকে সরকারি করণের ঘোষণা দেন। বর্তমানে বিদ্যালয়টিতে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত অন্তত ৪৫০ শিক্ষার্থী পড়ালেখা করছে। তবে সরকারিকরণ করে উচ্চবিদ্যালয়ে পরিণত করা হলে সুযোগ সুবিধা বাড়েনি বিদ্যালয়টির। বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মোরশেদ হোসেন জানায়, ‘গণিত বিষয়ে শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা সমাস্যায় পড়েছে। বিশেষ করে জেএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের পাঠদানে বেশি বিঘ্ন ঘটছে।’অভিভাবক মোহসিন সরদার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এলাকার গণ্যমান্য ব্যক্তিদের ছেলে-মেয়েরা কেউ এখানে পড়ে না। এখনকার বেশির ভাগ শিক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তান। তাদের সমস্যা নিয়ে তাই কারও মাথাব্যাথা নেই।’ বান্দরবান জেলা শিক্ষা কর্মকর্তা শাহেদা বেগম বিদ্যালয়টিতে শিক্ষকসংকটের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ‘শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আগামী সময়ে নিয়োগ হলে এসব পদ পূরণ করা হবে।’