আগ্রাবাদে কর্মস্থলে যাওয়ার জন্য গত শুক্রবার মাদারবাড়ির বাসা থেকে বের হন মোজাম্মেল হক (৬০)। রাস্তায় অন্য যানবাহন না পেয়ে ব্যাটারিচলিত রিকশায় ওঠেন তিনি। কিন্তু পথে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে উল্টে যায় রিকশাটি। রিকশা থেকে দূরে ছিটকে পড়ে আহত হলে তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসকেরা জানান, দুর্ঘটনায় হাত ভেঙেছে তাঁর।
দুর্ঘটনার পর মোজাম্মেল হককে চমেক হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডের অর্থোপেডিক বিভাগে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। হাসপাতালে গেলে মোজাম্মেলের সঙ্গে থাকা তাঁর বড় ছেলে এনামুল হক জানান, মাত্র দুই মাস আগে ব্যাটারিচালিত রিকশায় চড়তে গিয়ে তিনিও আহত হয়েছিলেন। সেদিনকার ঘটনার বিবরণ দিতে গিয়ে এনামুল বলেন, ‘বারবার সতর্ক করা সত্ত্বেও বেপরোয়াভাবে রিকশা চালাচ্ছিলেন চালক। সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে লেগে রিকশাটি যখন উল্টে যায়, তখন লাফ দিয়ে বাঁ দিকে পড়ে বেঁচে যাই। তবে পায়ে গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হই। আঘাতটা এখনো পুরোপুরি সারেনি। আজ আবারও আমার বাবাকে নিয়ে হাসপাতালে আসতে হলো।’
কেবল মোজাম্মেল ও এনামুল নন নগরে ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় প্রতিদিনই আহত হচ্ছেন যাত্রীরা। এমনকি ঘটছে মৃত্যুর ঘটনাও। ১৬ মার্চ রোববার সকালে চাক্তাই এলাকায় ব্যাটারিচালিত রিকশা উল্টে মো. বাছির (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ, ক্যাজুয়ালটি বিভাগ ও অর্থোপেডিক বিভাগের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নগরে গড়ে প্রতিদিন ২০ থেকে ২৫ জন মানুষ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে আসেন। এর একটি বড় অংশই আহত হন ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায়। আহত ব্যক্তিদের মধ্যে যাঁদের হাড় অক্ষত থাকে, তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়েই ছেড়ে দেওয়া হয়। আর হাড় ভাঙলে ক্যাজুয়ালটি বিভাগ হয়ে অর্থোপেডিকে ভর্তি করানো হয় রোগীদের।
জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সাইফুল ইসলাম জানান, ব্যাটারিচালিত রিকশায় আহত ব্যক্তিদের অর্ধেকের বেশি আসেন হাড়ভাঙা নিয়ে। বেশির ভাগ ক্ষেত্রে এসব রোগীর ভালো হতে দুই থেকে ছয় মাস সময় লাগে। এসব দুর্ঘটনায় আহত অনেক রোগীকে অস্ত্রোপচারেরও মুখোমুখি হতে হচ্ছে। তিনি জানান, ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে গুরুতর আহত হওয়ার প্রধান কারণ এর গতি। বেশির ভাগ ক্ষেত্রেই চালক বেপরোয়া গতি সামলাতে পারেন না। ফলে অবরাধিতভাবে যাত্রীরা দূরে ছিটকে পড়ে হাত পা ভাঙেন।
ক্যাজুয়ালটি বিভাগের জ্যেষ্ঠ সেবিকা আমেনা বেগম বলেন, ‘এমন কোনো দিন নেই যে ব্যাটারি রিকশায় আহত রোগী হাসপাতালে আসেনি। প্রতিদিনই এসব রোগীর সংখ্যা বাড়ছে। ভোর পাঁচটায়ও রিকশা দুর্ঘটনার শিকার ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করাতে দেখেছি। প্রতিদিন এসব দেখতে দেখতে আতঙ্কিত আমরা। পরিবারের কাউকে ব্যাটারি রিকশায় চড়তে দিই না।’