
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নগর এখন জমজমাট। প্রার্থীদের প্রচারণায় মুখর অলি-গলি থেকে মূল সড়ক। প্রতি মুহূর্ত কাজে লাগাতে ব্যস্ত প্রার্থীরা। দম ফেলার ফুরসত নেই। ছুটে যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে।
নগরের বৃহত্তর এলাকা বাকলিয়ার চিত্রও এর ব্যতিক্রম নয়। এখানে রয়েছে তিনটি ওয়ার্ড—পশ্চিম, পূর্ব ও দক্ষিণ বাকলিয়া। এসব ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ জন প্রার্থী। তবে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারও শেষ পর্যন্ত মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের মধ্যে।
২০১০ সালের ১৭ জুন অনুষ্ঠিত নির্বাচনে তিনটি ওয়ার্ডে জয়ী হয়েছিলেন বিএনপি-সমর্থিত প্রার্থীরা। এবারের নির্বাচনেও অংশ নিচ্ছেন তাঁরা।
ভোটাররা জানান, প্রায় সাড়ে চার লাখ লোকের বসবাসের এই তিনটি ওয়ার্ডের সমস্যা প্রায় একই। জলাবদ্ধতা, অপরিচ্ছন্নতা ও যানজট এসব এলাকার মূল সমস্যা। চট্টগ্রাম নগরের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম চাক্তাই খাল প্রবাহিত হয়েছে বাকলিয়া এলাকার ওপর দিয়ে।
১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড : এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। বর্তমান কাউন্সিলর এ কে এম জাফরুল ইসলাম। তিনি বিএনপির একক প্রার্থী। ভোটারদের ধারণা, নির্বাচনে তাঁর সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের মোহাম্মদ শহিদুল আলমের সঙ্গে। তাঁর প্রতীক ঘুড়ি। এই নির্বাচনে অংশ নেওয়া অপর দুই প্রার্থী হলেন আহামুদুল হক ও মোহাম্মদ মুসা।
নগরের এই ওয়ার্ডে মোট ভোটার ৪৭ হাজার ৫৮৪ জন। পুরুষ ভোটার ২২ হাজার ৬৯৯ ও মহিলা ভোটার ২৪ হাজার ৮৫৫। নগরের কে বি আমান আলী সড়ক, ডিসি সড়ক, বগার বিল, নূর নগর হাউসিং, চান মিয়া মুন্সী লেন, আলী নবাব লেন, মদিনা মসজিদ লেন নিয়ে এই ওয়ার্ড গঠিত।
প্রার্থী মোহাম্মদ শহিদুল আলম বলেন, পশ্চিম বাকলিয়া এলাকার মূল সমস্যা জলাবদ্ধতা। এই এলাকার বগার বিলের জলাধার ভরাট করে আবাসিক এলাকা বানানো হয়েছে। অপরিকল্পিতভাবে রাস্তাঘাট উঁচু করে নির্মাণ করা হয়েছে। ফলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
তবে পরিকল্পিতভাবে চাক্তাই খাল ও নালা-নর্দমাগুলো খনন করা হলে জলাবদ্ধতা অনেকাংশে নিরসন করা সম্ভব।
শহিদুল আলম জানান, নির্বাচিত হলে এলাকাবাসীর মতামতের ভিত্তিতে ও তাঁদের মনোভাব জেনে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবেন।
কে বি আমান আলী রোডের ব্যবসায়ী শম্ভু চক্রবর্তী বলেন, সামান্য বৃষ্টিতে সড়কে কোমরসমান পানি ওঠে যায়। ময়লা-আবর্জনাও নিয়মিত পরিষ্কার করা হয় না।
ওয়ার্ডের সার্বিক বিষয়ে মন্তব্য জানতে এ কে এম জাফরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড : নির্বাচনে অংশ নিচ্ছেন চারজন। এই ওয়ার্ডে বিএনপির দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বর্তমান কাউন্সিলর মোহাম্মদ তৈয়ব ও মোহাম্মদ মহিউদ্দিন। তাঁদের সঙ্গে লড়ছেন আওয়ামী লীগের মো. হারুণ উর রশীদ।
এই ওয়ার্ডে ভোটার ৩৪ হাজার ২৬৯ জন। মহিলা ভোটার ১৬ হাজার ৬৭৪ ও পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৫। সৈয়দ শাহ সড়ক, হাফেজ সওদাগর সড়ক, মুন্সী কাইতাংবাড়ি, বুধাগাজ সড়ক, আবুল খায়ের সওদাগরবাড়ি, খালাসির বাপের বাড়ি, কাশেম আলী বাপের বাড়ি নিয়ে পূর্ব বাকলিয়া ওয়ার্ড গঠিত।
মো. হারুণ উর রশীদ বলেন, ‘এলাকার মূল সমস্যা জলাবদ্ধতা, বিশুদ্ধ পানির সংকট ও রাস্তাঘাটের বেহাল অবস্থা। নির্বাচিত হলে পূর্ব বাকলিয়াকে জলাবদ্ধতামুক্ত করার চেষ্টা থাকবে। এ ছাড়া এলাকার স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নে কাজ করার ইচ্ছে আছে।’
বর্তমান কাউন্সিলর আবু তৈয়ব বলেন, প্রচারণায় মানুষের ভালো সাড়া পাওয়া যাচ্ছে। দায়িত্ব পালনের সময় এলাকাবাসীর উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এখানে আরও অবকাঠামোগত উন্নয়ন হওয়া প্রয়োজন। পাশাপাশি স্বাস্থ্যসেবায় জোর দেওয়া হবে। আর কর্ণফুলী নদীর পাশে বেড়িবাঁধ প্রয়োজন।
১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড: এই ওয়ার্ডে নির্বাচন করছেন ছয় প্রার্থী। এর মধ্যে বিএনপির একক প্রার্থী বর্তমান কাউন্সিলর মো. ইয়াছিন চৌধুরী। বিএনপি একক প্রার্থী দিয়ে যেখানে সুবিধাজনক অবস্থায় আছে, সেখানে আওয়ামী লীগের চারজন নির্বাচন করছেন। তাঁরা হলেন এস এম শহীদুল্লাহ, মো. আবদুল মান্নান, মো. আজিজুর রহমান ও মো. নুরুল আলম। স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন এয়াকুব খান।
ইয়াছিন চৌধুরী জানান, কাউন্সিলর হিসেবে এলাকার উন্নয়নে বিভিন্ন কাজ করা হয়েছে। আবার নির্বাচিত হলে এলাকার জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করা হবে। জলাবদ্ধতা নিরসনে বীর্জা খালের দুপাশে দেয়াল দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এই ওয়ার্ডে ভোটার ৩৯ হাজার ২৮৪ জন। পুরুষ ১৮ হাজার ৮৩৭ ও মহিলা ভোটার ২০ হাজার ৪৪৭ জন। মিয়া খান নগর, ডিসি সড়কের একাংশ, মনসুর আলী সড়ক, অছি মিয়া সড়ক, আবু জাফর সড়ক, মনসুর আলী সড়ক নিয়ে এই ওয়ার্ড গঠিত।