স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিধ্বনি ফাউন্ডেশন চট্টগ্রামের উদ্যোগে গত শুক্রবার কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণের ‘নিরাপদ হোক রক্তদান, আমার রক্তে বাঁচুক প্রাণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিধ্বনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোর্শেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক হাকিম আলী।
প্রধান অতিথি বলেন, যে সমাজে স্বেচ্ছায় রক্তদানকারীর সংখ্যা বাড়বে, সে সমাজ তত বেশি সুন্দর হবে। তারাই একদিন নির্মাণ করবে মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ।
বক্তব্য দেন চরপাথরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম মঈন উদ্দিন, কর্ণফুলী থানা যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম হক, সমাজসেবক দিদার হোসেন, জয়নাল আবেদীন, অছিউর রহমান, রাজু আহমেদ, গোলাম নবী, জিয়া উদ্দীন প্রমুখ।
সভায় বক্তারা স্বেচ্ছায় রক্তদানের আহ্বান জানিয়ে বলেন, বয়স ১৮ থেকে ৫৭ বছর হলে এবং ওজন ৪৮ কেজির ওপরে হলে যেকোনো সুস্থ ব্যক্তি অনায়াসে রক্ত দান করতে পারেন। এতে শরীরের কোনো ক্ষতি হয় না।—নিজস্ব প্রতিবেদক