প্রতিনিধির ‘দুই বিঘা জমি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণের দায়ে প্রায় সব হারিয়েছে উপেন। শেষ-সম্বল সাতপুরুষের ভিটেমাটিসহ দুই বিঘা জমি। ওই জমির পাশেই বাগান করেছে গ্রামের ভূস্বামী। বাগানের পরিসর বাড়াতে ভূস্বামীর চোখ পড়ে জমিটির ওপর। একদিকে জমি ছাড়ার প্রস্তাব অন্যদিকে উপেনের অনুনয়, প্রতিবাদ। শেষে উপেনকে উচ্ছেদ করে ওই দুই বিঘা জমি দখলে নেয় ভূস্বামী। সব হারিয়ে উপেন দেশে-দেশে ঘুরে বেড়ায় সন্নাসীর বেশে। এ সময় তাঁর কণ্ঠে ছিল ‘এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি/রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি’ পঙিক্তর অনুরণন। কিন্তু জন্মভূমি মাকে দেখার প্রবল বাসনা নিয়ে একদিন নিজের ভিটায় আসে উপেন। কেউ তাকে চিনতে পারল না। এখানেই শেষ নয়, চুরির কলঙ্কে লাঞ্ছিত হয়ে বিতাড়িত হয় উপেন। এভাবেই শেষ হয় প্রতিনিধি নাট্য সম্প্রদায় প্রযোজনা দুই বিঘা জমি।নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রতিনিধির এ নাটকটি মঞ্চস্থ হয় ১১ ও ১২ ফেব্রুয়ারি। রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনি অবলম্বনে দুই বিঘা জমি নাটকের নাট্যরূপ দিয়েছেন সুদীপ দেওয়ানজী। নির্দেশনায় ছিলেন সুজিত দাশ। প্রতিনিধির এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অঞ্চল চৌধুরী, সজীব দত্ত, শাহীনূর সরোয়ার, রাতুল পাল, ফারজানা করিম, হাসান জাহাঙ্গীর, শিপন বড়ুয়া, রানা রক্ষিত, ধীমান দাশ, নাসির হোসাইন, ফরিদ উদ্দিন প্রমুখ। তাঁদের অভিনয়ে ছিল কঠোর মহড়ার ছাপ, প্রায় সবাই ছিলেন চরিত্র ফুটিয়ে তোলার কাজে আন্তরিক।লালখান বাজার থেকে সপরিবারে নাটক দেখতে এসেছিলেন হোসাইন ফারুক। তিনি বলেন, ‘শিল্পকলা একাডেমীতে এসেছি প্রায় তিন মাস পর। এসে দেখি সুন্দর একটি ফটক তৈরি করা হয়েছে, খুশিতে মনটা ভরে গেছে। দুই বিঘা জমি নাটকের যে আবেদন তা এখনো গ্রামবাংলা এমনকি শহরের অনেক পরিবারের কাছে জীবন্ত। এখনো সবল প্রতিবেশী দুর্বলকে নানা কৌশলে ভিটেমাটি থেকে নির্মমভাবে উচ্ছেদ করে চলেছে।’দুই বিঘা জমি নাটকের সংগীত পরিচালনায় সমীর বড়ুয়া, রূপসজ্জায় শাহীনূর সরোয়ার ও আলোক পরিকল্পনায় সাখাওয়াত শিবলী মুনশিয়ানার ছাপ রেখেছেন।