‘যুক্তি দিয়ে কথা বলা, নিজের যুক্তিগুলো অন্যকে বুঝিয়ে বলা ও অন্যের যুক্তির প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে তা খণ্ডন করাই হচ্ছে বিতর্ক। বর্তমানে কোথায় না বিতর্ক হচ্ছে—পারমাণবিক ইস্যুতে, যুদ্ধনীতি নিয়ে, পুঁজিবাদ নিয়ে, খনিজ সম্পদ নিয়ে সমগ্র বিশ্বেই অনবরত বিতর্ক হচ্ছে। বিতর্ক মানুষকে মুক্তবুদ্ধির চর্চায় সহায়তা করে। কথাগুলো বলছিলেন ডিআইইউডিসির সদস্য জিয়াউল হক। বিতর্ক করার পেছনের যুক্তি কী জানতে চাইলে ক্লাবের সহসভাপতি অর্ণব জানান, বিতর্ক মানুষকে যুক্তির মাধ্যমে সততা ও নীতিবান হতে সাহায্য করে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের (ডিআইইউডিসি) জন্ম ২০০৪ সালে কিছু তরুণের হাত ধরে। হাঁটি হাঁটি পা পা করে সংগঠনটি ইতিমধ্যে পার করেছে সফলতার ছয়টি বছর, আর বাংলাদেশের বিতর্ক অঙ্গনে তৈরি করেছে অনেক মেধাবী বিতার্কিক। বাংলা ও ইংরেজি—দুই ধরনের বিতর্কের চর্চা হয়ে থাকে এ ক্লাবে। এ ছাড়া রম্যবিতর্ক, সংসদীয় বিতর্ক ও সনাতন ধারার বিতর্কের অনন্য এক প্ল্যাটফর্ম হলো ডিআইইউডিসি।বিতর্ক মানুষের মনের চোখকে খুলে দেয়। বিতর্ক দ্রুত চিন্তা করতে ও যেকোনো মুহূর্তে সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা তৈরিতে সাহায্য করে। জানালেন বিতার্কিক আশিস। বিতার্কিক রনি বলেন, ‘বিতর্ক একটি নেশার নাম। বিতর্কের সঙ্গে না থাকতে পারলে মনে হয় জীবনটাই অসম্পূর্ণ থেকে যেত। বিতর্ক আমাকে কথা বলা শিখিয়েছে।’ বিতার্কিক জয়ন্ত ভৌমিক বলছিলেন, ‘আমি বিশ্বাস করি, বিতর্ক একজনকে যুক্তিবাদী ও আধুনিক মানুষ হিসেবে তৈরি হতে সহায়তা করে। নিজেকে জানার জন্য বিতর্কের চর্চা করা উচিত।’এ ক্লাবের সভাপতি তানজিম বিন মাসুদ বলছিলেন, ‘গত ছয় বছরে আমাদের ক্লাবের অর্জন অনেক। আমরা চেষ্টা করছি, আমাদের অর্জনগুলো ধরে রাখতে এবং নতুন বিতার্কিকদের সুন্দর বিতর্কের ক্ষেত্র তৈরি করতে।’ক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন: অর্ণব, জয়ন্ত, মুন্নি, জুয়েল, বাপ্পা, আনিস, মুন, চিশতি, মহুয়া, ইব্রাহীম, দেলোয়ার, রনি ও সানি।ডিআইইউডিসির মডারেটর নূর-ই-আলম সিদ্দিকী বলেন, দিনবদলের এমন স্বপ্ন বুনে চলেছে ডিআইইউডিসি। ডিআইইউডিসির বিতর্কচর্চার দ্যুতি আশা জাগাবে মুক্তির মিছিলে, উন্নয়ন বিতর্কে জাতীয় সংসদ একদিন খুঁজে পাবে তার যৌক্তিকতা।ডিআইইউডিসির বিতার্কিকেরা ইতিমধ্যে অংশ নিয়েছেন টেলিভিশন বিতর্কসহ বিভিন্ন মর্যাদাপূর্ণ বিতর্ক আসরে। ক্লাবের নিবেদিতপ্রাণ বিতর্ক সংগঠকেরাও পেয়েছেন অনেক সাফল্য। উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে, ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদ আয়োজিত আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতায় রানার-আপ, ২০০৬ সালে ইএফএ আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং ২০০৯ সালে ডিআইইউ আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন। এ ছাড়া এ ক্লাবের মেহেদি হাসান ২০০৮ সালে টিআইবি আয়োজিত দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় সম্মিলিতভাবে রানার-আপ হওয়ার খ্যাতি অর্জন করে। প্রতিবছর এ ক্লাবটি সদস্য সংগ্রহের জন্য বিশেষ প্রচারণা ও নিয়মিত আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতা, বিতর্ক কর্মশালা, জাতীয় বিতর্ক উৎসব ও আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এ ছাড়া নিয়মিত বিতর্কের চর্চা, বিতর্ক কর্মশালার আয়োজন, ভ্রমণ ও সাংগঠনিক সভা করে যাচ্ছে বিতর্কের এ সংগঠনটি। আকাশ ছোঁয়ার স্বপ্ন আর সমাজকে আলোকিত করার মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যতের আশায় সংগঠনটি এগিয়ে যাচ্ছে একদল উদ্যমী তরুণ-তরুণীর হাত ধরে।