প্রতিবছর আগুনে পুড়ছে কোটি টাকার সম্পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে ফায়ার স্টেশন স্থাপনের দাবি দীর্ঘদিনের। এর পরিপ্রেক্ষিতে উদ্যোগও নেওয়া হয়। কিন্তু ভূমি অধিগ্রহণ-সংক্রান্ত জটিলতায় আলোর মুখ দেখছে না প্রকল্প। প্রতিবছর আগুনে পুড়ে ছাই হচ্ছে কোটি টাকার সমপদ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে আগুনে পুড়ে গেছে ২১ ব্যবসা প্রতিষ্ঠান ও ১৯ বসত-ঘর। অগ্নিকাণ্ডে মারা গেছে দুজন। ক্ষয়ক্ষতি প্রায় ৮০ লাখ টাকা। এ ছাড়া গত শুষ্ক মৌসুমে (সেপ্টেম্বর থেকে ডিসেম্বর) উপজেলার পৌরসভা, টেকনাফ সদর, বাহারছড়া, সাবরাং, নিলা ও হোয়াইক্যং ইউনিয়নের বিভিন্ন এলাকার ৫৩টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৩৫টি বসতঘর পুড়ে গেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন তিনজন। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি। ক্ষতিগ্রস্ত লোকজন জানান, আগুন লাগলে কক্সবাজার জেলার ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। কিন্তু কক্সবাজার থেকে ৮৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা টেকনাফ উপজেলার ঘটনাস্থলে আসার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। টেকনাফে ফায়ার সার্ভিস স্টেশন থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হতো। টেকনাফ স্থলবন্দরের কয়েকজন ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতি মাসে সরকার শুধু স্থলবন্দর থেকে ছয় থেকে আট কোটি টাকার রাজস্ব আদায় করে আসছে। এলাকাটি গুরুত্বপূর্ণ হলেও এখানে ফায়ার সার্ভিস স্টেশন নেই। জানা গেছে, কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনের বর্তমান সাংসদ আবদুর রহমান ওরফে বদি ২০০৮ সালে সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর টেকনাফে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের প্রক্রিয়া শুরু করেন। এরপর ২০১০ সালের জানুয়ারিতে পৌর এলাকার নাইট্যংপাড়ায় একটি স্থান নির্ধারণ করা হয়। কিন্তু ভূমি মালিকের আপত্তির কারণে সেটি আর অধিগ্রহণ করা সম্ভব হয়নি। অবশ্য বর্তমানে আরেকটি স্থান নির্ধারণ করা হয়েছে। এ প্রসঙ্গে টেকনাফ ভূমি কার্যালয়ের তহশিলদার হেলাল উদ্দিন বলেন, পুনরায় গোদারপাড় এলাকার একটি জায়গা চিহ্নিত করে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। টেকনাফ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবদুল্লাহ মনির বলেন, ‘জায়গা নির্ধারণপ্রক্রিয়া শেষ হলে স্টেশন স্থাপনের কাজ শুরু করা হবে। চলতি বছরের মধ্যে কাজ শুরু করা যাবে বলে আশা করছি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া গেছে। জায়গা অধিগ্রহণের কাজ সম্পন্ন করার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে ফাইল পাঠানো হচ্ছে।