রাঙামাটির বাঘাইছড়িতে প্রায় প্রতিবছর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হয়নি। রাঙামাটি সদর থেকে থেকে ১১২ কিলোমিটার দূরের এই উপজেলার ভরসা খাগড়াছড়ি ফায়ার স্টেশন। ৫২ কিলোমিটার দূরে অবস্থিত খাগড়াছড়ি থেকে বাঘাইছড়িতে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতেই সময় লাগে চার ঘণ্টা।
সংবাদপত্রে প্রকাশিত তথ্য যাচাই করে ও খাগড়াছড়ি ফায়ার স্টেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাঘাইছড়ি বাজারেই গত ১৪ বছরে আটটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া পাড়া-মহল্লা ও বসতবাড়িতে আরও চার-পাঁচটি অগ্নিকাণ্ড ঘটেছে। সর্বশেষ ২৩ জানুয়ারি অগ্নিকাণ্ডে পুড়ে যায় বাঘাইছড়ি বাজারের চারটি বিপণিকেন্দ্রের ১৫০টি দোকান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২৩ জানুয়ারি দিবাগত রাত সাড়ে তিনটায় বাজারের মসজিদ মার্কেটের পাশে মো. রফিকের কাপড়ের দোকানে আগুন লাগে। প্রায় সঙ্গে সঙ্গে খাগড়াছড়ি ফায়ার স্টেশনে খবর দেওয়া হলেও সেখান থেকে গাড়ি এসে পেঁৗছায় ভোর সাড়ে ছয়টায়। তবে ততক্ষণে বলক শাহ মার্কেট, মসজিদ মার্কেট, কালাম মার্কেট ও কুতুব মার্কেটের ১৫০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে কমপক্ষে ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এর আগে ২০১৩ সালে দোসর বাজার, ২০১২ সালে ভূয়াছড়ি বাজার, ২০১১ সালে আমছড়ি বাজার, ২০০৩ সালে দূরছড়ি বাজার, ২০০২ সালে কাচালং বাজার, ২০০১ সালে করেঙ্গাতলি বাজার ও ২০০১ সালে বাঘাইহাট বাজার আগুনে পুড়ে যায়।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, উপজেলায় ১০ থেকে ১৫টি বাজার রয়েছে। এসব বাজারে কোনো অগ্নিনির্বাপণের ব্যবস্থা নেই। দীর্ঘদিন ধরে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানালেও এ পর্যন্ত কোনো কাজ হয়নি। অগ্নিনির্বাপণের ব্যবস্থা না থাকায় প্রতিবছর কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে।
২৩ জানুয়ারি রাতে আগুনে দোকান পুড়ে গেছে ব্যবসায়ী মো. নজরুল ইসলামের। তিনি বলেন, ‘এক বছর আগে সহায়-সম্বল বিক্রি করে মুরগির দোকান করেছিলাম। লাভের মুখও দেখা শুরু করেছি। তবে এখন লাভ, পুঁজি সবই পুড়ে ছাই হয়েছে।’
চৌমুহনী মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে একটি ফায়ার স্টেশন স্থাপনের দাবি করে আসছি। কিন্তু সংশ্লিষ্টরা আমলে নেয়নি। ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় প্রতিবছর কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে। আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। ফায়ার স্টেশনে থাকলে অগ্নিকাণ্ডজনিত ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হতো।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী প্রথম আলোকে বলেন, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের অনুমতি পাওয়া গেছে। জমি অধিগ্রহণের জন্যও টাকা পাওয়া গেছে। দ্রুত জমি অধিগ্রহণ করে ফায়ার সার্ভিস স্থাপন করা হবে। খাগড়াছড়ি ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে আসতে ক্ষয়-ক্ষতির পরিমাণ বেড়ে যায়।