প্রতিবছর কমছে চাষের জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলায় প্রতিবছর প্রায় দেড় শতাংশ হারে চাষের জমি কমছে। একই সঙ্গে কমছে উৎপাদন। এতে উদ্বেগ প্রকাশ করেছেন কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।জানা যায়, চট্টগ্রামে গত অর্থবছরে চাষ হয়েছিল এক লাখ ৮৯ হাজার ৫৩৭ হেক্টর জমিতে। চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা ধরা হয় এক লাখ ৭৮ হাজার ৬৭১ হেক্টর জমিতে চাষ করার। সেই হিসাবে গত এক বছরে চাষের জমি কমেছে ১০ হাজার ৯৩৯ হেক্টর। আর এই সময়ে হেক্টরপ্রতি উৎপাদনের লক্ষ্যমাত্রা কমেছে শূন্য দশমিক ২৪ মেট্রিক টন।কৃষি গবেষকেরা বলেছেন, অধিক জনসংখ্যার চাপ, ভূমি রক্ষায় যথাযথ উদ্যোগের অভাব, জমির ওপর বসতিসহ নানা স্থাপনা তৈরি ও সার ব্যবহার, মাটির উর্বরতা রক্ষায় কৃষকের সচেতনতার অভাব ইত্যাদি কারণে প্রতিবছর আবাদি জমির পরিমাণ কমছে। একই সঙ্গে কমছে উৎপাদনও। বিষয়টি উদ্বেগজনক বলে মন্তব্য করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শামসুল হুদা বলেন, সরকার এখনই কৃষিজমি রক্ষায় আইন প্রণয়ন ও কার্যকর পদক্ষেপ না নিলে খাদ্য উৎপাদন আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।সূত্র জানায়, গত অর্থবছরে রোপা আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল পাঁচ লাখ ১০ হাজার ২১১ মেট্রিক টন। উৎপাদিত হয়েছে পাঁচ লাখ পাঁচ হাজার ৪৯৬ মেট্রিক টন। অপরদিকে, চলতি অর্থবছরে এক লাখ ৭৮ হাজার ৬৭১ হেক্টর আবাদি জমিতে রোপা আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় চার লাখ ৪৮ হাজার ১০৭ মেট্রিক টন (চালের হিসাবে)। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রোপা আমনের উৎপাদনের লক্ষ্যমাত্রা কমেছে ৬২ হাজার ১০৪ মেট্রিক টন। সূত্রমতে, চলতি অর্থবছরে প্রতি হেক্টর জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২ দশমিক ৭২ মেট্রিক টন। গত অর্থবছরে তা ছিল ২ দশমিক ৯৬ মেট্রিক টন। এক বছরের ব্যবধানে হেক্টরপ্রতি উৎপাদনের লক্ষ্যমাত্রা কমেছে শূন্য দশমিক ২৪ মেট্রিক টন। এ ছাড়া চলতি অর্থবছরে রোপা আমনের চাষও হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে কম জমিতে। এ বছর আবাদি জমির পরিমাণ ধরা হয় এক লাখ ৮৩ হাজার ৬৬৫ হেক্টর। গত অর্থবছরে তা ছিল এক লাখ ৮৯ হাজার ৬১০ হেক্টর। অর্থাৎ এক বছরে চাষের জমি কমেছে পাঁচ হাজার ৯৪৫ হেক্টর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, গত অর্থবছরেও রোপা আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা থেকে প্রায় পাঁচ হাজার মেট্রিক টন কম হয়েছিল।জানা যায়, অগ্রহায়ণ মাসের শুরু থেকে বিভিন্ন উপজেলায় কৃষকেরা রোপা আমন তুলতে মাঠে ব্যস্ত হয়ে পড়েছেন।সরেজমিনে ১৭ নভেম্বর রাউজান ও হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, যেসব কৃষক জমিতে আগাম রোপা আমন লাগিয়েছেন, তাঁরা ফসল ঘরে তুলে নিচ্ছেন। রাউজান উপজেলার গহিরা এলাকার বর্গাচাষি নেয়ামত আলী বলেন, ‘১০ বছর আগে আমি পাঁচ কানি (২০০ শতক) জমিতে আমন ধান চাষ করতাম। এর মধ্যে বর্তমানে চাষের উপযোগী জমি আছে দুই কানি। গত পাঁচ বছরে তিন কানি জমির ওপর পাকা ঘর-বাড়ি তুলেছেন সংশ্লিষ্ট লোকজন। এখন সংসার চলে খুব কষ্টে।’হাটহাজারীর দক্ষিণ পাহাড়তলী এলাকার বাসিন্দা মো. উমর হায়দার বলেন, ‘৩০ বছর আগে দক্ষিণ পাহাড়তলীতে কয়েক শ একর জমি ছিল। এখানকার বিপুলসংখ্যক উর্বর কৃষিজমিতে গড়ে উঠেছে ইটভাটা। এখন অবশিষ্ট যা আছে, তার বড় অংশজুড়ে গড়ে উঠেছে একাধিক শিল্পকারখানা। বর্তমানে বাকি জমির ওপরও দৃষ্টি পড়েছে বিভিন্ন ভূমি ব্যবসায়ীর।’উপজেলা পর্যায়ে জমির পরিমাণ ও উৎপাদন-পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, ‘আমি দায়িত্ব নিয়েছি তিন দিন আগে। এই উপজেলায় রোপা আমনের লক্ষ্যমাত্রা কত, তা অর্জিত হবে কি না—এ মুহূর্তে বলতে তো পারছি না। তবে জেনেছি, রাঙ্গুনিয়ায় মোট আবাদি জমির পরিমাণ ১০ শতাংশ কমে গেছে। এটি উদ্বেগের কথা।’ কৃষিজমি রক্ষার জন্য সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জরুরি বলে তিনি মন্তব্য করেন। উৎপাদনের লক্ষ্যমাত্রা কমার কারণ জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শামসুল হুদা বলেন, ‘কৃষিজমিতে বাড়িঘর, ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠান স্থাপন, ভাঙনের কবল থেকে রক্ষার যথাযথ উদ্যোগ না থাকা এবং সার ব্যবহারে কৃষকদের সচেতনতার অভাবে বছরে প্রায় দেড় শতাংশ আবাদি জমি কমছে। ফলে এর প্রভাব পড়ছে কৃষিজমির ওপর। এ পরিস্থিতিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের ব্যাপারে সংশয় থেকে যাচ্ছে।’