অসাধারণ এক কাজ করে ফেলল রাজশাহী বন্ধুসভা। বইমেলা। তাদের উদ্যোগে অনুষ্ঠিত হলো সফল বইমেলা। রাজশাহী বন্ধুদের সাধুবাদ জানাই। বিশেষ করে বন্ধু ফারুক হোসেনকে। তাঁরই উদ্যোগ-প্রচেষ্টায় এই বইমেলা অনুষ্ঠিত হলো। তীব্র দাবদাহেও জমে উঠেছিল বইমেলা (২১ থেকে ২৫ মে পর্যন্ত)। আমরা আশা করব, প্রতিবছর ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে তাঁরা এ ধরনের আয়োজন করবেন।
২৬ মে প্রথম আলোর পঞ্চম তলায় বসেছিল চার বন্ধুসভার কমিটি ঘোষণা। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, লেদার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট (ঢাবি) ও সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ বন্ধুসভা। সম্মিলিতভাবে সাংগঠনিক কথাবার্তা ও সাংবাদিক কমিটি ঘোষণা। কমিটি ঘোষণা করেন প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন ও উপ-ফিচার সম্পাদক জাহীদ রেজা নূর। আয়োজনটি ছিল বেশ বড়। দীর্ঘদিন পরে এ রকম একটি আয়োজন সফল হলো। এর মাধ্যমে বন্ধুরা নতুন উদ্যোগে কাজ করার অনুপ্রেরণা পেয়েছেন। আশা করি, এই চার বন্ধুসভা আগামী এক বছর ভালোভাবে তাদের কর্মসূচি পরিচালনা করবে।
ঢাকার বাইরে সব জেলায় আই-জেন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হলো। সে জন্য জেলার সমন্বয়কারী ও সারা দেশের ১ হাজার ৬০০ স্বেচ্ছাসেবক বন্ধুকে অভিনন্দন জানাই। তাঁদের সহযোগিতা না পেলে এ ধরনের বড় আয়োজন সম্ভব হতো না। একই সঙ্গে অভিনন্দন জানাই তাঁদের, যাঁরা ভাষা প্রতিযোগ ভালোভাবে সম্পন্ন করেছেন। বেশ কিছু জেলায় প্রতিবছরই ভাষা প্রতিযোগ অনুষ্ঠিত হয়। যার মধ্যে দু-একটি নতুন জেলাও যুক্ত হয়। বড় বড় আয়োজন সার্থক করার জন্য সবাইকে অভিনন্দন।
নির্বাহী সভাপতি
প্রথম আলো বন্ধুসভা
জাতীয় পরিচালনা পর্ষদ