দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ডানপিটে চঞ্চল শিশুটির হাত থেকে উড়ে যায় কিনে আনা গ্যাস বেলুনটি। বেলুনটির সুতা বিদ্যুতের তারে আটকা পড়ে। দুরন্ত শিশু বেলুনটি আনতে পাশের বাড়ির ছাদে ওঠে। হাত দিয়ে বেলুনটি আনতে গিয়ে স্পর্শ লাগে বিদ্যুতের তারে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোতলার কার্নিশে পড়ে যায় সে। পরে শিশুটিকে বাঁচিয়ে রাখার জন্য চিকিৎসকেরা তার দুই হাত কেটে ফেলেন। ঘটনাটি ২০০৪ সালের ১৯ মার্চের। সেই ছোট শিশুটির নাম শরীফুল ইসলাম। হাত নেই তো কী হয়েছে! মনের জোরে সে পা দিয়ে লিখতে শেখে। পা দিয়ে লিখে কিশোরগঞ্জ আজিম উদ্দিন উচ্চবিদ্যালয় থেকে এ বছর সে এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখায় জিপিএ-৪.১৯ পেয়েছে।কিশোরগঞ্জ শহরের বয়লা তারাপাশা এলাকার খাদ্যগুদাম সড়কে শরীফুল ইসলামের বাসা। বাবা সিরাজুল ইসলাম ব্যবসায়ী। মা কোহিনুর ইসলাম গৃহিণী। একমাত্র ছেলে শরীফুলের দুর্ঘটনার পর তাকে ঢাকায় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা করানো হয়। চেষ্টা করেও হাত দুটি রাখা যায়নি। দীর্ঘদিন চিকিৎসার পর ফিরে আসে শহরের বাসায়। মা কোহিনুর ইসলাম গৃহশিক্ষক জেসমিন বেগমের সহায়তায় ছেলেকে পা দিয়ে লিখতে শেখান। ২০০৫ সাল থেকে প্রতিদিন বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে পিঠে বইয়ের ব্যাগ নিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করত। অন্য ছাত্রদের লেখার গতির সঙ্গে পাল্লা দিতে কষ্ট হতো তার। কিন্তু তার পরও পায়ে লিখে প্রতিটি পরীক্ষায় সে ভালো ফল করেছে। শরীফুলের মতে, হাত না থাকলেও চলে, কিন্তু মনে সাহস থাকা চাই। অদম্য চেষ্টা ও সাহস তাকে জয়ী হতে সাহায্য করেছে। ভবিষ্যতে সে কম্পিউটার প্রকৌশলী হতে চায়।লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ফেরদৌস আলমের দুুটি হাতই জন্ম থেকে অবশ। তবে শারীরিক অক্ষমতা আর সংসারের অভাব-অনটন কোনো কিছুই দমাতে পারেনি তাকে। অন্যদের মতো হাতে কলম নিয়ে লেখার সাধ্য ছিল না তার। তাই মুখে কলম আঁকড়ে লেখা। মুখ দিয়ে লিখে এ বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৩.৫০ পেয়েছে।পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কাউয়ামারী গ্রামের সাহাবুদ্দিন-ফিরোজা দম্পতির চার সন্তানের মধ্যে সবার বড় ফেরদৌস আলম। স্থানীয় ইউনিয়ন পরিষদে অফিস সহকারীর চাকরি করেন বাবা। সেখান থেকে যা পান, তা দিয়ে কোনোমতে চলে পরিবারটি।বাবা সাহাবুদ্দিন বলেন, ‘ফেরদৌসের জন্মের তিন দিন পরই বুঝতে পারি, তার হাত দুটিতে কোনো শক্তি নেই। অভাবের সংসারে টানাটানি করে সংসার চালাতে হয়। এর পরও অনেক চিকিৎসা করিয়েছি। কিন্তু কোনো লাভ হয়নি।’ফেরদৌস জানায়, বই-খাতা নিয়ে স্কুলে যেতে সমস্যা হতো, সমস্যা হতো বইয়ের পাতা উল্টাতেও। প্রথম দিকে একটু কষ্ট হলেও স্কুলের সহপাঠীসহ শিক্ষকেরাও তাকে সাহায্য করতেন। ফেরদৌস দৃপ্তকণ্ঠে বলে, ‘আমি লেখাপড়া দিয়েই প্রতিবন্ধিতাকে জয় করতে চাই।’ফেরদৌসের মতো একইভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে গাইবান্ধার সাঘাটা উপজেলার যুগিপাড়ার আয়েশা আক্তার। জন্ম থেকেই তার দুটি হাত নেই। পা দিয়ে কলম ধরে লিখে গত বছর উপজেলার কচুয়াহাট শহীদ এইচ আর বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৩.৪ পেয়েছে। সে এখন উপজেলার উদয়ন মহিলা কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়ছে। শুধু তা-ই নয়, আয়েশা বর্তমানে পা দিয়ে কম্পিউটার শিখছে।আয়েশা আক্তার বলে, ‘আমার দুটো হাত নেই। তার পরও আমি সমাজের বোঝা হয়ে বাঁচতে চাই না। লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে চাই।’পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের উমেদপুর গ্রামের বেলাল হোসেনের দুই হাত নেই। পা দুুটোই যেন তার হাত। খেলাধুলা, লেখা—সব চলে এখন তার পা দিয়েই। পাঁচ বছর ধরে পা দিয়ে এসব কাজ করার কৌশল রপ্ত করে ফেলেছে সে। পা দিয়ে লিখে উমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গত বছর পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিয়ে জিপিএ-৩.৭৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে সে। এখন সে উমেদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণীতে পড়ালেখা করছে।উমেদপুর গ্রামের দিনমজুর খলিল আকনের চার ছেলেমেয়ের মধ্যে সবার ছোট বেলাল হোসেন। জন্মগতভাবেই তার দুটি হাত নেই। পা দুুুটোও স্বাভাবিক নয়। বেলালের মা হোসনেয়ারা বেগম বলেন, ‘অর জন্মের পর গ্রামের মাইনসে নানা ধরনের কথা কইত। তহন লজ্জায় অরে ঘরে গুজাইয়া রাখতাম। লেখাপড়া শিখাইয়া অরে বড় করার চিন্তা করতে লাগলাম। হেইয়ার পর ঘরেই পড়াইতে শুরু করলাম। অর পায়ের আঙুলের মধ্যে চক দিয়া সেলেটে লেখার অভ্যাস করাইতে থাকলাম। এই রহম করতে করতে অর পা দিয়া লেখার অভ্যাস অইয়া গেল। পরে গ্রামের একজনের কতামতো স্কুলে ভর্তি করাইয়া দেলাম। অ্যাহন দ্যাহেন না, পা দিয়া ও কত সুন্দর কইর্যা লেখতে পারে।’এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি, গাইবান্ধা প্রতিনিধি ও কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি