প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থীদের সহায় জসীম উদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জসিম স্যার। এ নামেই সবার কাছে পরিচিত তিনি। পুরো নাম জসিম উদ্দিন। সরকারি সিটি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক। দীর্ঘদিন থেকে তিনি দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের পড়াশোনাসহ যাবতীয় সহযোগিতা দিয়ে আসছেন সম্পূর্ণ নিঃস্বার্থভাবে। তাঁর ভাষায়, ‘আমার দুটি ছেলে আছে। কিন্তু আমি মনে করি, প্রতিবন্ধী শিক্ষার্থীরাও আমার সন্তান। এরা অনেক অবহেলা, অযত্নে বেড়ে উঠছে। এদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা আমার দায়িত্ব। ওরা ভালো থাকলে আমি ভালো থাকব।’দৃষ্টিপ্রতিবন্ধীদের পাশে: নাসিরাবাদ মহিলা কলেজে শিক্ষকতার সময় তাঁর সঙ্গে যোগাযোগ হয় নুরজাহান নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর। মেধাবী, কিন্তু পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় হতাশ হয়ে পড়েন নুরজাহান। পর পর দুবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে ব্যর্থ হন শ্রুতি লেখকের অনুপস্থিতির কারণে। তিনি তাঁকে সহযোগিতার আশ্বাস দেন। তৃতীয় বারে জসিম স্যার শ্রুতিলেখকের বাবা-মাকে বিশেষ অনুরোধ জানিয়ে নুরজাহানের পরীক্ষা নিশ্চিত করেন। এভাবে এগিয়ে যেতে থাকেন নুরজাহান জসিম উদ্দিনের সহযোগিতায়। এলএলএম পাস করেন। অ্যাডভোকেটশিপ পরীক্ষা দিয়ে আইনজীবীর সনদও পেয়েছেন। এখন কাজ করছেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কম্পিউটার ব্রেইল সেন্টারের ব্যবস্থাপক হিসেবে। মহিলা কলেজ থেকে জসিম উদ্দিন সরকারি সিটি কলেজে বদলি হয়ে এলে খোঁজ পেয়ে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা। এঁদের মধ্যে একজন ছিলেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী নাসিমা আখতার। সিটি কলেজের পাশে একটি বস্তিতে তিনি থাকতেন তাঁর বৃদ্ধ মাকে নিয়ে। দরিদ্র অসহায় এই মেয়ের দায়িত্ব নিয়েছেন, লেখাপড়ার খরচ জুগিয়েছেন। নাসিমা বস্তি ছেড়ে এখন তাঁর বাসায় আশ্রয় নিয়েছেন। নিজ সন্তানের মতো পরম মমতায় নাসিমাকে লেখাপড়া শেখাচ্ছেন তিনি। নাসিমা এখন ডিগ্রি পড়ছেন সিটি কলেজে। এ রকম বহু প্রতিবন্ধী শিক্ষার্থী সহায়তা পেয়েছেন তাঁর কাছ থেকে। এ কলেজে আরও পড়ছেন মো. রাসেল, মো. মামুন, সাইফুদ্দিন, খালেদুর রহমান, আদনান ফয়সাল, আইনুন নাহারসহ বেশ কয়েকজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী। আর এঁদের পাশে অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন জসিম উদ্দিন। নাজমার কথা: ২০০৬ সালে জসিম উদ্দিনের কাছে আসেন নাজমা নামে এক মেয়ে। নাজমা শারীরিকভাবে সুস্থ। উচ্চমাধ্যমিকে ভর্তি হতে স্যারের সহযোগিতা চান। জানালেন, তাঁর মা-বাবা দুজনই ভিক্ষা করেন।জসিম উদ্দিন খোঁজ নিয়ে জানলেন নাজমার কথা সত্য। তাই কলেজের শিক্ষকদের অনুরোধ করলেন বিনা পয়সায় তাঁকে পড়ানোর জন্য। নাজমা উচ্চমাধ্যমিক পাশ করলেন। জসিম উদ্দিন ও তাঁর স্ত্রী মেয়েটির দায়িত্ব নিলেন। বিবিএসে ভর্তি হলেন নাজমা। ফলাফল বের হওয়ার পর দেখা গেল, নাজমা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিবিএসে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন। শুনে খুশিতে কেঁদে ফেললেন জসিম উদ্দিন। নাজমার স্বপ্ন এবার এমবিএ পড়ার। কিন্তু এত টাকা জোগাড় করবেন কী করে! সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মাধ্যমে অবশেষে নাজমাকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা পয়সায় পড়ার ব্যবস্থা করে দেওয়া হয়। জসীম উদ্দিন তাঁর জন্য চাকরির ব্যবস্থা করে রেখেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের পরিচালনা কর্তৃপক্ষ তাঁকে কথা দিয়েছেন, পাশ করার সঙ্গে সঙ্গে তাঁকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে। ভিক্ষুক ও শ্রমজীবীদের পাশে: নাসিরাবাদ আবাসিক এলাকায় জসিম স্যারের বাসার কাছে মসজিদের সামনে দাঁড়িয়ে ভিক্ষা করতেন শামসুল হক। বয়স প্রায় ৭০-এর কাছাকাছি। তিনি একদিন তাঁকে ডেকে একটি ভ্যান জোগাড় করতে বলেন। এরপর তাঁকে বিবিরহাট থেকে দুই হাজার টাকার বিভিন্ন মৌসুমি ফল কিনে দেন। এরপর থেকে ফল বিক্রি করে চলছে তাঁর সংসার। জানা গেছে, এ পর্যন্ত ১৭ জন ভিক্ষুক জসীম উদ্দিনের সহায়তায় স্বাবলম্বী হয়েছেন। ১০ জন ছিন্নমূল শিশুকে জুতা পালিশ করার বাক্স কিনে দিয়েছেন। যেভাবে শুরু: ১৯৮৬ সালের কথা। তিনি তখন ফেনী পরশুরাম কলেজে শিক্ষকতায় যোগ দেন। এ সময় তিনি আশপাশে বেশ কিছু ছেলেমেয়ে কেবলমাত্র শারীরিক সমস্যার কারণেই পড়াশোনা করতে পারছে না। পরিবারও একটা সময়ে এদের বোঝা বলে মনে করছে। এসব দেখে তিনি মনস্থির করলেন এদের জন্য কিছু করবেন। এসব শারীরিক প্রতিবন্ধী ছেলেমেয়েদের বাবা-মাকে বোঝাতে লাগলেন। শিক্ষকদের সঙ্গে কথা বললেন—স্বাভাবিক শিক্ষার্থীদের সঙ্গে এদের পড়ানোর ব্যবস্থা নিতে। এভাবে তিনি অনেক ছেলেমেয়েকে বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেন। নিয়মিত তাদের খোঁজখবরও রাখছিলেন। এরপর ১৯৯৩ সালে তিনি বদলি হয়ে আসেন নাসিরাবাদ সরকারি মহিলা কলেজে। এখান থেকে তাঁর কাজের ভিন্ন মাত্রা যোগ হয়। কাজ শুরু করেন দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে। আর ধারাবাহিকতা বজায় রেখে চলেছেন পরবর্তীকালে সরকারি সিটি কলেজে বদলি হয়ে। ব্যক্তিগত জীবন: জসিম উদ্দিনের গ্রামের বাড়ি মিরসরাইয়ের কমলদহে। ছয় ভাই, তিন বোন। স্ত্রী রুবিনা বানু মহসিন কলেজের হিসাববিজ্ঞানের সহযোগী অধ্যাপক। দুই ছেলের মধ্যে বড়জন মো. জাহিদ শামস পড়ছে সেন্ট প্লাাসিডস স্কুলের পঞ্চম শ্রেণীতে। জামিল শামস অংকুর স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র। স্বামী-স্ত্রী দুজনের বেতনের টাকা দিয়ে সংসার খরচের পাশাপাশি তাঁরা এসব সামাজিক কাজের খরচ মেটান। ভবিষ্যত পরিকল্পনা: জসিম উদ্দিনের স্বপ্ন দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটি স্থায়ী হোস্টেল স্থাপন। যেখানে থেকে তাঁরা পড়াশোনা, কাজকর্মের সুবিধা পাবে। কারণ একসঙ্গে কোথাও থাকতে পারলে তাঁদের স্বচ্ছন্দ চলাচলের সুবিধা হয়। কিন্তু এত বড় একটি কাজ তাঁর একার পক্ষে করা সম্ভব নয়। তাই তিনি এ ব্যাপারে সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা আশা করছেন। কাজের স্বীকৃতি: ২০০৯ সালে বেসরকারি উন্নয়ন সংস্থা উৎস প্রতিবন্ধীদের শিক্ষা উন্নয়নে অবদানের জন্য তাঁকে বিশেষ সম্মাননা দেয়। একই অবদানের স্বীকৃতি হিসেবে ২০১০ সালে বিশেষ সম্মাননা দেয় সিএসডি। একই বছর বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি থেকে সেরা সংগঠক হিসেবে পুরস্কৃত হন। ২০১১ সালে রেডক্রিসেন্ট সোসাইটি তাঁকে সেরা রক্তদাতা পুরস্কারে ভূষিত করেন।