প্রতিবন্ধী রাসেলের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন বি-স্ক্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে প্রতিবন্ধী মোহাম্মদ রাসেলের পাশে দাঁড়িয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশি সিস্টেমস চেঞ্জ অ্যাডভোকেসি নেটওয়ার্ক (বি-স্ক্যান)। গত ৩১ অক্টোবর প্রথম আলোর ক্রোড়পত্র আলোকিত চট্টগ্রামে প্রকাশিত ‘প্রতিবন্ধী রাসেলের জীবন জয়’ শীর্ষক সংবাদ দেখে সংগঠনটি ১৬ জানুয়ারি রাসেলকে নিজস্ব ব্যবসা শুরুর জন্য ১০ হাজার টাকা অনুদান দেয়।

১৬ জানুয়ারি বি-স্ক্যানের চট্টগ্রাম কার্যালয়ে অনাড়ম্বর আয়োজনে সংগঠনটির সভাপতি সাবরিনা সুলতানা প্রতিবন্ধী রাসেলের হাতে এই টাকা তুলে দেন। সে সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মুহাম্মদ মুহিদুল ইসলাম।

সাবরিনা সুলতানা বলেন, ‘প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পর আমরা রাসেলের খোঁজ নিই। জানতে পারি তিনি একজন দক্ষ বেতের কারিগর। মাসিক ৩০০ টাকা প্রতিবন্ধী ভাতা দিয়ে সংসার চলে না বলে তাঁকে বেতের কারখানায় কাজ নিতে হয়েছে। প্রতিদিন প্রায় তিন কিলোমিটার পথ হামাগুড়ি দিয়ে কারখানায় যান তিনি। অথচ এই তরুণের স্বপ্ন নিজেই একটি কারখানা খুলবেন। আমরা এই স্বপ্ন পূরণের জন্য তাঁর পাশে দাঁড়িয়েছি।’

মোহাম্মদ রাসেল জানান, এ টাকা দিয়ে শিগগিরই ব্যবসা শুরু করবেন তিনি। পরিবারের আর্থিক দুর্দশা দূর করার পাশাপাশি ছোট ভাইবোনদের লেখাপড়াও চালিয়ে যাবেন।

উল্লেখ্য, দেশের অবহেলিত ও সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীদের শিক্ষা, কর্মসংস্থান, যাতায়াত ও সর্বক্ষেত্রে প্রবেশের সুবিধা নিশ্চিত লক্ষ্যে কাজ করে যাচ্ছে বি-স্ক্যান।