প্রতিবন্ধী হয়েও দুস্থদের পাশে

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার স্কুলশিক্ষক এ এস এম রুহুল্লা নিজে প্রতিবন্ধী। সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতি মাসে সাড়ে তিন শ টাকা ভাতা পান। তবু দুস্থ লোকজনের পাশে দাঁড়িয়েছেন। প্রতিবন্ধী ভাতার টাকা জমিয়ে এলাকার শীতার্ত লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।
রুহুল্লার স্বপ্ন ছিল লেখাপড়া শিখে নিজ এলাকায় শিক্ষকতা করবেন। কিন্তু ১৯৯৯ সালে নবম শ্রেণিতে পড়ার সময় ধীরে ধীরে হাত-পা অবশ হয়ে যেতে থাকে তাঁর। চলাফেরা হয়ে পড়ে হুইল চেয়ারনির্ভর। তবে শারীরিক প্রতিবন্ধকতা তাঁর স্বপ্নপূরণে বাধা হতে পারেনি। নিজের চেষ্টায় লোহাগাড়ার চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা থেকে ২০০৭ সালে স্নাতকোত্তর পাস করেন। কলেজের শিক্ষক নিবন্ধন পরীক্ষায়ও উত্তীর্ণ হন। ২০০৪ সাল থেকে উপজেলার সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। ভাতার টাকা খরচ না করে জমানো শুরু করেন তিনি। ইচ্ছা দুস্থদের জন্য কিছু একটা করা। এমন ইচ্ছার কথা জেনে তাঁর কয়েকজন বন্ধুও আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে এলেন।
২১ ডিসেম্বর এলাকার প্রতিবন্ধী ও দরিদ্র লোকজনের মাঝে ৩৬টি কম্বল বিতরণ করেন তিনি।
জানতে চাইলে রুহুল্লাহ বলেন, প্রতিবন্ধী হওয়ার কারণে ভালো চাকরি পাননি। বর্তমানে উপজেলার চুনতি এলাকার একটি বেসরকারি বিদ্যালয়ে তিন হাজার টাকা বেতনে চাকরি করছেন। সংসারে নানা সমস্যা আছে, তাঁর মা গুরুতর অসুস্থ। তবু অসহায় মানুষের পাশে দাঁড়ানো জরুরি মনে করেছেন। তিনি জানান, এ কাজ করতে পেরে খুব ভালো লাগছে। তাঁর স্বপ্ন প্রতিবন্ধীদের জন্য একটি বিদ্যালয় স্থাপন করা। এ জন্য প্রশাসনের সহযোগিতাও চান তিনি। চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আবু নসর আতিক আহমদ জানান, এতিমখানায় থেকে টিউশন করে কৃতিত্বের সঙ্গে এমএ ডিগ্রি নেন রুহুল্লা। এলাকার দুস্থ ও প্রতিবন্ধীদের নিয়ে তাঁর উদ্যোগ প্রশংসার দাবিদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিজনুর রহমান বলেন, প্রতিবন্ধী রুহুল্লাহ এলাকায় বাল্যবিবাহ রোধসহ প্রতিবন্ধীদের বিভিন্ন সহযোগিতা করেন। বিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করা হবে।