আমরা কিরণকে নিয়ে গর্বিত। এ বছর সে বিশ্বখ্যাত ফোর্বস সাময়িকীর এশিয়ার অনূর্ধ্ব ৩০ বছর বয়সী ৩০ জন সামাজিক উদ্যোক্তার তালিকায় একজন হিসেবে মনোনীত হয়েছে। তাকে আমি প্রায় ১০ বছর ধরে চিনি। পরিচয়ের শুরুটা যখন, তখন সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ছে। পড়াশোনার ফাঁকে তখন সাভারের পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) নিয়মিত স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করত। মিজানুর রহমান, যাকে আমরা কিরণ নামেও চিনি, সে একা আসত না, বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদেরও সঙ্গে আনত।
সেই ২০০৮ সালেই কিরণ তার ইতিহাস বিভাগের আরও দুই বন্ধু মিলে ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করে। এর মাধ্যমে তারা নানাভাবে বিশ্ববিদ্যালয়ের শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা করত। ধীরে ধীরে নিজেদের বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে কাজ করতে শুরু করে। পিডিএফের সঙ্গে এখন প্রায় পাঁচ হাজার নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক যুক্ত।
এভাবেই ২০১১ সালে স্নাতক হলো মিজানুর রহমান। ওই বছরের নভেম্বরে তার সিআরপিতে কর্মজীবন শুরু। ‘অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং’ বিভাগে দেড় বছর চাকরি করেছিল। এরপর সিনিয়র অ্যাডভোকেসি অফিসার হিসেবে যোগ দেয় ব্র্যাকে। কিন্তু প্রতিবন্ধীদের নিয়ে তাঁর কাজ থেমে থাকেনি।
২০১৫ সালে সে যুক্তরাষ্ট্র সরকারের ফেলোশিপের আওতায় সে দেশে এক বছরের প্রশিক্ষণ নেয়। সে সময় যুক্তরাষ্ট্রের প্রতিবন্ধী মানুষদের সুযোগ-সুবিধা সম্পর্কে জানার অভিজ্ঞতা কিরণের চোখ খুলে দিয়েছে। বাংলাদেশের প্রতিবন্ধী মানুষের সার্বিক অবস্থা উন্নয়নের সম্ভাবনা সম্পর্কে তাকে ব্যাপক ধারণা দেয় এই সফর।
ওই সময়টায় আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হতো। সে কারণেই তার প্রতিটি কাজ সম্পর্কে জানতে পারতাম। মিজানুর রহমান এক ব্যতিক্রমী তরুণ। সে তার নিজের কাজের মাধ্যমে অনুপ্রাণিত। স্বেচ্ছাসেবা বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ও অত্যন্ত সক্রিয় একজন কর্মী। আমার মনে হয়, সে-ই সমাজে পরিবর্তন আনতে পারবে।
কিরণ কিন্তু একজন সুবক্তাও। বক্তৃতার মাধ্যমে শ্রোতাদের নিমগ্ন রাখার দারুণ ক্ষমতা ওর। তার কাজের শুরু থেকে সে দুটি গুরুত্বপূর্ণ দলের মধ্যে সমন্বয় করেছে। এক, প্রতিবন্ধী মানুষদের; দুই, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের—যারা স্বেচ্ছায় প্রতিবন্ধী মানুষদের শ্রুতলিখন, হল থেকে ক্যাম্পাসে যাতায়াত, হলে রুমের ব্যবস্থা করে দেওয়াসহ নানা কাজ করত। আমি তাদের দক্ষতা ও সৃজনশীলতা দেখে আশ্চর্য হয়েছি।
পিডিএফ প্রতিবছর গ্রীষ্মকালীন প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্বাচিত ২৫টি দল অংশ নেয়। যারা কমিউনিটি সার্ভিসে যুক্ত হয়। প্রথমে তাদের এক দিন বা দুই দিনের প্রশিক্ষণ দেওয়া হয়—কীভাবে প্রকল্প পরিকল্পনা করবে, কোথা থেকে টাকা সংগ্রহ করবে ইত্যাদি। তারপর দেড় মাস চলে এই কাজ। এভাবে শিক্ষার্থীদের কার্যকরভাবে সংগঠিত করার জন্য কিরণের মতো নেতার বিকল্প নেই। পিডিএফের চলতি গ্রীষ্মকালীন প্রতিযোগিতার (সামার চ্যালেঞ্জ) সমাপনী আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ী দলগুলোর সদস্যদের হাতে পুরস্কার তুলে দিতে হবে। প্রথমবারের মতো বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবী শিক্ষার্থী দলগুলোর সাহসী কর্মকাণ্ড দেখেছি।
জেনেছি, সম্প্রতি সে যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ে ‘ডিজঅ্যাবিলিটি স্টাডিজ’ বিষয়ে পিএইচডি করার সুযোগ পেয়েছে। কোর্সটি ভালোভাবে শেষ করতে পারলে সেটা হবে তার জন্য আরেকটি দুর্দান্ত অর্জন।
ইংরেজি থেকে অনূদিত
লেখক: প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক, সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)