নিজের মতো করে মানুষের পাশে দাঁড়ানোর জন্যই ছেড়েছিলেন সরকারি চাকরি। তারপর খুঁজে পেয়েছেন উন্নয়নকাজের অসাধারণ এক দিক। সমাজ যাদের ‘অন্ধ’, ‘পঙ্গু’ কিংবা ‘অচল’ বলে হিসাবের খাতা থেকে বাদ দিয়েছে, তাদের ‘সচল’ করার কাজে তিনি ঢেলেছেন মন-প্রাণ। সেন্টার ফর ডিজ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান দশম বাংলাদেশি হিসেবে সম্প্রতি পেয়েছেন র্যামন ম্যাগসাইসাই পুরস্কার। তাঁকে নিয়ে এবারের মূল রচনা।কঠিন এক গোঁ ধরে বসে আছেন দেওগাঁওয়ের দিনমজুর মফিজ উদ্দিন। দিন দুয়েক আগে কুকুরে কামড়েছে তাঁকে। জলাতঙ্ক রোগের সব লক্ষণ প্রকট হয়ে উঠছে শরীরে। হুঁশ-জ্ঞান খুব থাকার কথা নয় মফিজের। ঘোরের মধ্যে একটা মানুষকেই শুধু বারবার খুঁজছেন তিনি। নোমান খান নামের সেই মানুষটার কাছে খবর গেল, মফিজ উদ্দিন মৃত্যুপথযাত্রী। তাঁকে শেষবারের মতো দেখতে চেয়েছেন। কুকুরে কামড়ানো রোগীর ধারে-কাছে যাওয়াটা এমনিতেই বিপজ্জনক। নোমান খান নিজে চিকিৎসক হলে হয়তো একটা ব্যাপার ছিল। কিন্তু তিনি তখন পুরোদস্তুর সরকারের সমবায় বিভাগের লোক। সাভার, সিংগাইর— এমন বহু এলাকায় ঋণবিতরণের কাজ করতে গিয়েই মফিজ উদ্দিনের মতো মানুষদের সঙ্গে আলাপ-পরিচয়। গ্রামের অভাবী মানুষের সঙ্গে এই নিত্যদিনকার চেনা-পরিচিতিটা তিনি উপভোগ করেন সত্যি। মফিজ উদ্দিন নামের মানুষটাকেও তিনি ‘মুখ চেনা’ চেনেন বটে। কিন্তু সংক্রমণের ঝুঁকি নিয়ে এত দূর পথ হেঁটে তাঁকে দেখতে যাওয়ার মতো হূদ্যতা তো তাঁর সঙ্গে নয়। আবার মুত্যুপথযাত্রী একটা মানুষের ‘শেষ ইচ্ছে’ বলেও কথা।শেষ বিকেলের দিকে নোমান খান রওনা হলেন দেওগাঁওয়ের পথে। যখন মফিজ উদ্দিনের বাড়ি পৌঁছলেন, তখন ভর সন্ধ্যা। এই সন্ধ্যাবেলাতেই ঘর ভর্তি মানুষ। মফিজ উদ্দিনকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে খাটের পায়ার সঙ্গে। নোমান খান ঘরে ঢুকে মুমূর্ষু মানুষটার হাত-পায়ের বাঁধন খুলে দিলেন। মফিজ উদ্দিন একবার চোখ মেলে চাইলেন। জড়িয়ে ধরলেন নোমান খানকে, ‘স্যার, আমি একবার আপনাকে দেখতে চাইছিলাম...।’ মফিজ হয়তো আরও কিছু বলতে চেয়েছিলেন। শেষ কথাটা আর শেষ করা হলো না তাঁর। মাথাটা ঢলে পড়ল একদিকে।মুত্যুপথযাত্রী মফিজ কী বলতে চেয়েছিলেন নোমান খানকে? কী কথা তিনি জমা করে রেখেছিলেন অন্তরে? তা আর জানা হয়নি। কিন্তু মফিজ উদ্দিনের মতো এমন দিনহীন আর ভাগ্যাহত লাখো মানুষের ভালোবাসার মূল্য নোমান খান দিতে শিখেছিলেন প্রায় ৪০ বছর আগের সেই দিনটি থেকেই।২.নরসিংদীর ছেলে তিনি। একদম অল্প বয়সেই হারিয়েছেন মাকে। এর পর থেকে বলতে গেলে খালাদের কাছেই মানুষ তিনি। লেখাপড়া নানার বাড়ি কুমিল্লায়। সেখানকার নবীনগর উচ্চবিদ্যালয় থেকে মেট্রিক পাস করেন ১৯৬৬ সালে। নরসিংদী কলেজ থেকে স্নাতক। সত্তুরের দশকের শুরুতে যোগ দিয়েছিলেন সরকারি চাকরিতে। সরকারি চাকরির ইজ্জতই তখন আলাদা। গ্রামে গ্রামে ঘুরে কৃষক, তাঁতি, দিন-মজুর—এসব বিবিধ পেশার মানুষের সঙ্গে মেশাটাও ছিল তাঁর দারুণ পছন্দের। কিন্তু একটা জিনিসেরই শুধু অভাব। সেটি হলো নিজের মতো করে মানুষের পাশে দাঁড়ানোর সুখ। হাজারটা নিয়ম-কানুন আর বিধি-নিষেধের বেড়াজালে বন্দী না থেকে নোমান খান চাইছিলেন গ্রামের মানুষজনের জন্য সত্যিকার কিছু করতে। সরকারি চাকরির মতো আস্ত ‘সোনার হরিণ’ হাতে পেয়েও পায়ে ঠেলতে চান শুনে কাছের মানুষজনের চোখ কপালে উঠল। বাবা রেগেমেগে অস্থির। সহকর্মীরা তাঁর পদত্যাগপত্রটা লুকিয়ে ফেললেন কোথায়। কিন্তু নোমান খান পিছপা হলেন না কিছুতেই। ১৯৭৮ সালে থানা কো-অপারেটিভ অফিসারের চাকরিতে পাকাপাকিভাবে ইস্তফা দিলেন তিনি। এরপরের কর্মস্থল ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার(ভার্ক)। তারও পরে দুই বন্ধু-সহকর্মী রতিরঞ্জন রায় ও আবদুল আউয়াল মৃধাকে নিয়ে গড়লেন টেকনিক্যাল অ্যাসিসট্যানস ফর রুরাল ডেভেলপমেন্ট নামের একটি সংগঠন। মোটা দাগে বলতে গেলে গ্রামের মানুষজনকে উন্নয়ন-কার্যক্রমের সুফলের ভাগীদার করতে সহায়তাই ছিল এই সংগঠনের কাজ। গ্রামের মানুষগুলো বড় অভাবী। কিন্তু কেন তারা অভাবী? কেন স্বাস্থ্যসচেনতনা-বিষয়ক তথ্যগুলো জেনেও কাজে লাগাতে পারে না তারা? এসব বিবিধ বিষয়-আশয় বোঝার চেষ্টা ছিল। সাভার আর সিংগাইর সহ বহু জায়গা ছিল তাঁর কাজের ক্ষেত্র। গ্রামের প্রতিটি বাড়িতে যেতেন। মানুষের সঙ্গে মিশে গিয়ে ওদের মতো করে বোঝার চেষ্টা করতেন সমস্যাগুলো। এভাবেই আশপাশের দশ গ্রামে নোমান খান পরিচিত হয়ে উঠলেন কুলি-মজুর, ভূমিহীন কৃষক, দরিদ্র তাঁতি প্রায় সবার কাছেই।গ্রামের মানুষের ভালোবাসা আর মানুষের পাশে দাঁড়ানোর সুখ—এই নিয়ে কাটছিল দিন। নোমান খান তখনো জানেন না জীবনের আরও বহু বিচিত্র আয়োজন তাঁর দেখা বাকি।১৯৯৩-৯৪ সালের ঘটনা। ডগলাস আর লরা এসেছেন বাংলাদেশে। কানাডিয়ান এই দম্পতি কাজ করে প্রতিবন্ধীদের নিয়ে। বাংলাদেশের প্রতিবন্ধীদের নিয়েও একটা কিছু করতে চান তাঁরা। নোমান খানের সঙ্গে আলাপ-পরিচয় হলো। প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে, এমন কারও সঙ্গে সেবারই বলতে গেলে প্রথম সাক্ষাৎ নোমান খানের। এর আগে এমন একজনকেই দেখেছিলেন নোমান। তিনি ভ্যালেরি টেলর। সোনারগাঁয়ে সেবার সপরিবারে বেড়াতে গিয়েছিলেন নোমান খান। ভ্যালেরিও ছিলেন সেখানে। ভ্যালেরি সঙ্গে নিয়ে গিয়েছিলেন ১২ জন প্রতিবন্ধী শিশুকে। মমতাময়ী ভ্যালেরি তাঁদের নিজের হাতে খাইয়ে দিচ্ছিলেন। নব্বইয়ের ওই সময়টায় শিশুগুলোকে শুধু ‘শারীরিকভাবে অসুস্থ’ ছাড়া আর কিছুই ভাবেননি তিনি। ডগলাস আর লরার কথাবার্তা শুনে খানিকটা কৌতূহল হলো। সেই সামান্য কৌতূহল থেকেই রাজি হলেন ওদের আমন্ত্রণে একটি কর্মশালায় যেতে।‘মোট ১৫ দিনের কর্মশালা ইন্দোনেশিয়ায়। প্রথম দিন সেখানে গিয়েই আমার মোটামুটি মাথা ঘুরে যাওয়ার জোগাড়। সারা বিশ্ব থেকে উন্নয়নকর্মীরা এসেছেন। তাঁরা সবাই প্রতিবন্ধীদের নিয়ে কাজ করেন। বিশ্বের এতগুলো মানুষ প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছে। তাদের জন্য ওরা সবাই কিছু না-কিছু করছে। শুধু আমার কাজের জায়গা ভিন্ন। মহা লজ্জায় পড়ে গেলাম।’ নোমান খান বলছিলেন সেদিনের অভিজ্ঞতা।১৫ দিনের কর্মশালা শেষ করে নোমান দেশে ফিরলেন ‘নতুন মানুষ’ হয়ে। এরমধ্যে বড় ধরনের ওলটপালট ঘটে গেছে তাঁর এত দিনের ভাবনার জগতে। এর পরও নিজের চোখে দেখার জন্য তিনি গেলেন তাঁর কাজের এলাকা সিংগাইরের এক গ্রামে। গ্রামে কতজন প্রতিবন্ধী মানুষ আছে, সেটা তিনি দেখতে চান। সহকর্মীদের বললেন, ওরা যেন সব বাড়িতে বাড়িতে খবর দেয় আর তাঁর অফিসে প্রতিবন্ধী মানুষদের আসতে বলে।তাঁর ধারণা ছিল, হয়তো দিন শেষে ওঁরা দু-চারজন মানুষকে দেখতে পাবেন। কিন্তু বিকেলে অফিসে পা রেখে তাঁর বিস্ময়ের অন্ত রইল না। গোটা অফিস ভরে গেছে মানুষে। তাদের কেউ চোখে দেখতে পায় না, কেউ কানে শোনে না, কেউ জন্ম থেকে পক্ষাঘাতগ্রস্ত।‘ওই ফোটনগর গ্রামে আমি কত ঘুরেছি। প্রতিটা বাড়িঘর আমার চেনা। সেই গ্রামেই এতগুলো মানুষ প্রতিবন্ধী! কোনোদিন আমার মনেই হয়নি ওদের কথা। সারা দেশে এ রকম আরও কত লাখো-কোটি মানুষ আছে। এতগুলো মানুষ আমাদের উন্নয়ন-কার্যক্রম থেকে বাদ পড়ে যাবে—এই ভাবনা অস্থির করে তুলছিল আমাকে।’ নোমান খান শোনাচ্ছিলেন তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া সেদিনের অভিজ্ঞতা।অন্য কেউ হলে কী করতেন কে জানে। কিন্তু নোমান খান হাত গুটিয়ে বসে থাকার লোক ছিলেন না। সেদিন থেকেই তিনি মনস্থির করে ফেললেন, এই সব ভাগ্যবিড়ম্বিত মানুষগুলোর সহায়তা করাটাই হবে তাঁর কাজ। সমাজ যাদের ‘অচল’ ‘অন্ধ’ আর ‘বোবা’ বলে হিসাবের খাতার বাইরে রেখেছে, তাদের ‘সচল’ করে তোলাটাই হবে তাঁর সংগ্রাম।প্রথমে ভার্কের একটা প্রকল্প দিয়ে শুরু করলেন প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর কাজ। শুরুতে আটজনের একটি দলকে ইন্দোনেশিয়ায় পাঠানো হয় প্রশিক্ষণের জন্য। তাঁরাই দেশে এসে উন্নয়নকর্মীদের প্রশিক্ষণ দিতে শুরু করেন। কিন্তু নোমান অচিরেই বুঝতে পারলেন মাত্র বছর দুয়েকের একটি প্রকল্প হবে মহাসমুদ্রের বুকে ক্ষুদ্র জলকণার মতো। সমাজের এই ক্ষত সারানোর জন্য তেমন কোনো কাজেই আসবে না সেটা।‘ভাবছিলাম, আমাদের কার্যক্রম হয়তো ছোট একটি এলাকার প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়াতে পারে। কিন্তু সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাকি মানুষজনের কী হবে? এই কার্যক্রমের সুফল ছড়িয়ে দেওয়ার জন্যই মাঠপর্যায়ে কাজ করছে এমন বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করি আমরা। তারা আমাদের প্রশিক্ষণ ও সেবা-কার্যক্রমে যোগ দেয়।’ বলছিলেন নোমান খান।প্রতিবন্ধী মানুষের পাশে পাকাপাকিভাবে থাকার জন্যই ১৯৯৬ সালে আত্মপ্রকাশ করে সিডিডি (সেন্টার ফর ডিজ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট)—নোমান খান আর তাঁর সমমনা মানুষের ঘাম আর ভালোবাসার ফসল।‘আমি বুঝতে পারি না, কেন একজন দৃষ্টিপ্রতিবন্ধী ছেলে অন্যদের মতো একই স্কুলে পড়তে পারবে না। শিক্ষকদের প্রশিক্ষিত ও সচেতন করলেই সব স্কুলে এটা সম্ভব। কেউ যখন হাঁটতে পারে না, আমরা তাঁকে বলি পঙ্গু। অথচ সামান্য একটা হুইলচেয়ারই পারে তাঁকে সচল করতে। একজন কানে শোনে না, একটা শ্রবণযন্ত্র তাঁর জীবন পাল্টে দিতে পারে। একজন শ্রবণ প্রতিবন্ধী সহজেই মনের ভাব প্রকাশ করতে পারে ‘ইশারা’ ভাষায়। একজন দৃষ্টি প্রতিবন্ধী পড়তে পারে ব্রেইল পদ্ধতিতে। এসব বিষয়ে মাঠকর্মীদের প্রশিক্ষণ দেওয়া, সেবাগুলো সব প্রতিবন্ধী মানুষের কাছে কার্যকরভাবে পৌঁছে দেওয়া—এটাই আমাদের কাজ। এ পর্যন্ত ১৪ হাজার উন্নয়নকর্মীকে শুধু এ ধরনের প্রশিক্ষণই দিয়েছি আমরা। এমনও হয়েছে, চিকিৎসকেরা কোনো একজন শিশুকে অন্ধ বলে ঘোষণা দিয়েছেন, অথচ সামান্য একটা ম্যাগনিফায়িং গ্লাস দিয়েই সে সহজে পড়তে পারে।’ বললেন এ এইচ এম নোমান খান।সিডিডির প্রশিক্ষিত মাঠকর্মীরা দেশের আনাচ-কানাচে যান। ঘরে ঘরে গিয়ে প্রতিবন্ধীদের চিহ্নিত করেন এবং তাদের সেবা ও প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেন। যাদের প্রতিবন্ধিতা বড় ধরনের, তাদের জন্য আছে সিডিডির সেবা ও তথ্যকেন্দ্র। সিলেট ও গাইবান্ধায় স্থাপিত হয়েছে দুটি সেবাকেন্দ্র। আর আছে প্রতিবন্ধীদের বন্ধু-জাহাজ অরুণিমা, যেখানে সড়কপথ নেই সেখানেও অনায়াসে পৌঁছে যায় এই ভাসমান হাসপাতাল। এভাবেই সিডিডি বদলে দিয়েছে দেশের লাখো প্রতিবন্ধী মানুষের জীবন।৩.পুরস্কার কিংবা স্বীকৃতি কোনোকালেই আশা করেননি নোমান খান। কিন্তু সুকীর্তি সবসময় চাপা পড়ে থাকে না। থাকেনা বলেই গেল জুলাই মাসের মাঝামাঝি কোনো একদিন জরুরি সভার মধ্যে তাঁর মুঠোফোনটা বেজে ওঠে; সুদূর ফিলিপাইন থেকে ফোন। ফোনের ও-পাশের মানুষটি জানান, তিনি ফিলিপাইনের র্যামন ম্যাগসাইসাই ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট কারমানেকটিকা টি আবেলা। সুখবরটা জানিয়ে দেওয়া হয় নোমান খানকে—২০১০ সালের র্যামন ম্যাগসাইসাই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি। নাহ্, কথাটা শুরুতে মোটেও বিশ্বাস করতে পারেননি! ভেবেছিলেন, কেউ নিশ্চয়ই রসিকতা করছেন তাঁর সঙ্গে। রসিকতা ধরে নিয়েই সাভার টু ম্যানিলা আলাপটা চালিয়ে যাচ্ছিলেন তিনি। ব্যাপারটা যে সত্যি, সেটা টের পেয়েছেন বেশ খানিক পর।৪.প্রতিবন্ধীদের জন্য সর্বক্ষেত্রে সমান অধিকার নিশ্চিত করার স্বপ্ন নিয়ে তাঁর প্রতিনিয়ত দিনযাপন। স্ত্রী জোবেদা খানম গৃহবধূ। ছেলে দিয়াত খান ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বিবিএ পড়ছেন—ভালোবাসার বিষয় গানবাজনা। মেয়ে সংগীতা খান এনটিভির জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক; তাঁর ঘরে দুই সন্তান—মেঘ আর রোদ্দুর। দুজনই নানার অতি প্রিয়, প্রতিদিনের খেলার সঙ্গী। অবসর কাটে বাইরের দুনিয়ার উন্নয়নবিষয়ক নানা জার্নাল আর বইপত্র ঘেঁটে।‘এশিয়ার নোবেল’ আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে গত ৩১ আগস্ট। দেশে ফিরে কোথায় একটু বিশ্রাম-টিশ্রাম নেবেন, সেসব ভাবনাতেও নেই তাঁর। ফেরার পথে এক ফাঁকে সিডিডির নতুন ভবনে দেখিয়ে নিতেও ভুললেন না। অত্যাধুনিক এই ভবনে তাঁরা তৈরি করছেন কৃত্রিম পা, হুইলচেয়ার থেকে শুরু করে প্রতিবন্ধী মানুষের জন্য সহায়ক অনেক কিছু।সুদীর্ঘ আলাপচারিতা শেষ করে সাভার তালবাগ থেকে ঢাকার বাসায় ফেরার গাড়িতে উঠবেন, তখনো তাঁর ব্যস্ততা ফুরোয়নি। মুঠোফোন কানে নিয়ে আলাপ চালিয়েই যাচ্ছেন, ‘হ্যাঁ। হ্যাঁ। হুইলচেয়ারটা যেন মাপমতো হয়। ...বুঝতে পারছেন...?’